এ সময়ের ফুটবলে তাঁরা দুজন অবিসংবাদিত সেরা। গোলসংখ্যায় হোক, মাঠে মুগ্ধতা জাগানোর মতো অপরিমাপযোগ্য বিষয়ে হোক অথবা বেতন—মেসি ও রোনালদোকে ছাপিয়ে যাবেন সাধ্য কার! জার্সি বিক্রির জনপ্রিয়তা বিচারেও তাই এ দুজনই যে সবার আগে থাকবেন, এ আর আশ্চর্য কী! বরং এসব ক্ষেত্রে যেটি কৌতূহল জাগায় তা হলো তৃতীয় কে হয়েছেন? তাতে অবশ্য একটু চমকই আছে এবার। অনলাইনে জার্সিবিক্রেতা প্রতিষ্ঠান কিটব্যাগের তথ্য অনুযায়ী, মেসি-রোনালদোর পর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার মেম্ফিস ডিপাইয়ের জার্সি। তালিকায় ইউনাইটেডের খেলোয়াড় আছেন আরও দুজন—শোয়েইনস্টেইগার (৪) ও রুনি (৬)। শীর্ষ দশে শুধু নেইমার (৭) ছাড়া বাকি সবাই প্রিমিয়ার লিগের খেলোয়াড়—হ্যাজার্ড (৫), আগুয়েরো (৮), সানচেজ (৯) ও কুতিনহো (১০)। ও হ্যাঁ, মেসি-রোনালদোর ‘প্রতিযোগিতা’র দৌড়ে এখানে এগিয়ে গেছেন মেসিই। ইনডিপেনডেন্ট।