দ্বৈরথটা কিংসলে-রফিকেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলিটা কিংসলে, মোহাম্মদ রফিক
এলিটা কিংসলে, মোহাম্মদ রফিক

একদিকে এলিটা কিংসলে, অন্যদিকে মোহাম্মদ রফিক। আজ ফাইনালে দর্শকদের দৃষ্টি আলাদা করেই খুঁজে নেবে এঁদের দুজনকে।
সেমিফাইনালে দুটি গোল করে ম্যাচসেরা এলিটা কিংসলের দিকে আজও গোলের জন্য তাকিয়ে থাকবে চট্টগ্রাম আবাহনী। টুর্নামেন্টে চারটি গোল করে জাহিদ আলোচনায় থাকলেও তিন গোল পাওয়া নাইজেরিয়ান স্ট্রাইকার কিংসলেও দলের জন্য বড় অস্ত্র।
ইস্টবেঙ্গলের মাঝমাঠের প্রাণ রফিকও তা-ই। নাইজেরিয়ান স্ট্রাইকার র্যান্টি মার্টিনসের সঙ্গে তাঁরও তিন গোল। গত বছর ইন্ডিয়ান সুপার লিগে রফিকের গোলেই ফাইনালে জয় তুলে চ্যাম্পিয়ন হয়েছিল অ্যাটলেটিকো ডি কলকাতা। শেখ কামাল কাপে তাঁর খেলায় মুগ্ধ ইস্টবেঙ্গল কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য, ‘সেমিফাইনালে মোহামেডানের সঙ্গে যেভাবে ও ডিফেন্ডারের পা থেকে বল কেড়ে নিয়ে গোল করল, এক কথায় অসাধারণ। রফিক গোল করে, গোল করায়।’
কিংসলে গত লিগের প্রথম পর্বে দল পাননি, দ্বিতীয় পর্বে বিজেএমসিতে যোগ দিয়ে দলটাকে টেনে তোলেন। এর আগে এক মৌসুম মুক্তিযোদ্ধায় তাঁকে পেয়েছিলেন মানিক। পুরোনো শিষ্যের কাছে আজ তিনি বিশেষ কিছু চান, ‘ওর গোল করার সামর্থ্য আছে। আশা করি ফাইনালেও গোল পাবে।’ কিংসলে নিজেও চট্টগ্রামের এই ফুটবল উৎসবে আরও জ্বলে উঠতে চান, ‘গোল করার চেষ্টা আমার থাকবেই।’ রফিকও চাইছেন জয় দিয়ে চট্টগ্রাম মিশনের ইতি টানতে।
তবে রফিককে থামাতে বিশেষ পরিকল্পনা আছে মানিকের, ‘ওর ওপর নজর ভালোভাবেই রাখব। প্লেমেকার, খেলাটা খুব ভালোভাবে তৈরি করে।’ ইস্টবেঙ্গল কোচ অবশ্য চট্টগ্রাম আবাহনীর কোনো খেলোয়াড়কে নিয়ে আলাদা কিছু বললেন না, ‘আমরা তো একটা দলের বিপক্ষে খেলছি এবং গোটা দলটাকেই আমাদের আটকাতে হবে।’
মুখে না বললেও জাহিদের ওপর বিশ্বজিতের যে আলাদা চোখ থাকবে সেটা বোঝা যায়। জাহিদ নিজেই দিলেন একটা তথ্য, ‘ইস্টবেঙ্গল কোচ আমার সঙ্গে কথা বলেছেন, এটা-ওটা জিজ্ঞেস করেছেন।’ তবে সেমিফাইনালে দুই গোল করা কিংসলেকে আজ আলাদাভাবে বোতলবন্দী করে রাখতে চাইবেন বিশ্বজিৎ। কে জিতবেন? কিংসলে না রফিক, বিশ্বজিৎ না মানিক? দেখাই যাক।