দ্বৈরথে নতুন মাত্রা

ব্যক্তিগত দ্বৈরথটাকে এ বছর আরও নতুন মাত্রা দিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। বছরটা শুরু হয়েছিল ব্যালন ডি’অরে মেসির টানা চার বছরের রাজত্ব শেষ করে দিয়ে রোনালদোর সিংহাসনে আরোহণ দিয়ে। শেষও হচ্ছে এমনভাবে, যাতে ওই সিংহাসনে আগামী বছরও পর্তুগিজ যুবরাজকেই দেখতে পাচ্ছেন অনেকে। তবে মেসিও কি বিনা যুদ্ধে হার মেনে নেওয়ার পাত্র! বছরজুড়েই চলেছে পাল্লা দিয়ে দুজনের গোল করা, রেকর্ড গড়া আর মাইলফলক ছোঁয়ার খেলা। কখনো মেসি বার্সেলোনার হয়ে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তো কখনো রোনালদো গড়েন লা লিগায় দ্রুততম সময়ে ২০০ গোলের রেকর্ড। রোনালদো লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ড করলে মেসি ভেঙে দেন চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। শেষ পর্যন্ত গোলের পরিসংখ্যানে খুব বেশি ব্যবধান নেই দুজনের। তবে রিয়ালের হয়ে এ বছর চারটি শিরোপা জিতেছেন রোনালদো। মাঝের কয়েক মাস পর্তুগিজ উইঙ্গার এমন অবিশ্বাস্য ফর্মে ছিলেন, স্মরণকালে আর কোনো ফুটবলারকে যে ফর্মে দেখা যায়নি। অন্যদিকে আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া মেসি নিজে গোল্ডেন বল জিতলেও দলগত কোনো শিরোপা জিততে পারেননি এ বছর।
দুই মহারথীর ছায়ায় ঢাকা পড়ে থাকলেও বায়ার্ন ও জার্মানির হয়ে দারুণ একটা বছর কাটিয়েছেন ম্যানুয়েল নয়্যারও। কেউ কেউ তো তাই মেসি-রোনালদোর বৃত্ত থেকে বেরিয়ে ব্যালন ডি’অর দিয়ে দিচ্ছেন জার্মান এই গোলরক্ষককে।
