দ্যুতিহীন নক্ষত্ররাজি
ওপরে কাচঘেরা বক্সে বসে একটু পর পর উসখুস করছেন। মনে হচ্ছে, পারলে এক ছুটে সেখান থেকে বেরিয়ে আসেন। ডাগ-আউটের পাশে দাঁড়িয়ে নির্দেশনা দিতে যেন তর সই ছিল না তাঁর। কিন্তু সেটা যে হওয়ার নয়। নিষেধাজ্ঞার বেড়াজালে ডিয়েগো সিমিওনেকে আলাদা থাকতেই হতো! তা খেলা দেখলেন সেখান থেকেই এবং ফিরলেন তৃপ্তি নিয়ে। এমন তৃপ্তি অ্যাটলেটিকো মাদ্রিদের আর কোনো কোচের ছিল না। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে টানা দুবার হারানোর কীর্তি!
সিমিওনে যখন অন্তঃপুর থেকেই উল্লাসে ফেটে পড়ছেন, উৎকণ্ঠায় ডাগ-আউটে অস্থির পায়চারি করছেন কার্লো আনচেলত্তি। লা ডেসিমার সৌরভ গায়ে মেখে যেখানে নতুন উদ্যমে মৌসুম শুরু করার কথা, চলতে শুরু করতেই ট্রেন লাইনচ্যুত হওয়ার উপক্রম। প্রথম তিন ম্যাচে দুই হারের পর আনচেলত্তিকে এখন অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হচ্ছে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ কোচ তো বলেই ফেললেন, ‘আমাদের পরের কয়েক সপ্তাহে অনেক কিছু ব্যবচ্ছেদ করতে হবে।’ তিন ম্যাচ শেষে রিয়াল এখন ৩ পয়েন্ট নিয়ে ১২-তে, অ্যাটলেটিকো ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে। রিয়ালের যন্ত্রণা আরও বাড়ছে, কারণ তিন ম্যাচে পুরো ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা এগিয়ে গেল অনেকটাই।
নিজেদের মাঠে প্রতিবেশীদের কাছে ২-১ গোলে হারের আসলে কোনো অজুহাত থাকতে পারে না। তবে প্রশ্ন উঠছে, আনচেলত্তি কি সিমিওনের কাছে ট্যাকটিক্যালিই মার খেয়ে গেলেন? কর্নার থেকে টিয়াগোর হেডে ১০ মিনিটেই এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো। গোল শোধে মরিয়া রিয়াল এরপর তেড়েফুঁড়েই খেলতে থাকে। রোনালদো ২৯ মিনিটে পেনাল্টি থেকে সমতাও ফেরান। গোলরক্ষক কার্লোস ময়া দুর্দান্ত কিছু সেভ না করলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করতে পারত রিয়াল।
কিন্তু এরপরই যেন খানিকটা ছন্নছাড়া হয়ে পড়ে স্বাগতিক দল। ঠিক ওই সময় সিমিওনের নির্দেশে ভারপ্রাপ্ত কোচ নামিয়ে দেন আরদা তুরান ও আঁতোয়ান গ্রিজমানকে। খেলার মোড়ই ঘুরে যায় খানিকটা। ৭৬ মিনিটে তুরানই নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে দেন অ্যাটলেটিকোকে। আনচেলত্তি পরে স্বীকার করেছেন, ‘আমার মনে হয় প্রথম গোল শোধ করতে আমরা এত বেশি শক্তি খরচ করে ফেলেছিলাম যে, দ্বিতীয়ার্ধে সেটিরই মূল্য দিয়েছি। প্রথমার্ধে আমরা যথেষ্ট আগ্রাসীভাবে খেলেছি, কিন্তু দ্বিতীয়ার্ধে সেটি ধরে রাখতে পারিনি।’
কিন্তু দলটা ঠিক একটা দল হয়ে খেলতে পারছে না কেন? ৪-৩-৩ ফর্মেশনটা তাহলে ঠিকঠাক কাজ করছে না? আনচেলত্তি সেটা মনে করেন না, ‘পদ্ধতি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের অভিজ্ঞতা অনেক। আমি আগেও অনেকবার বলেছি, খেলোয়াড়দের মধ্যে ভারসাম্যটা আমাদের ঠিকঠাক রাখতে হবে।’ ডি মারিয়া, আলোনসোরা চলে গেছেন, এসেছেন রদ্রিগেজ, ক্রুসরা। আনচেলত্তির কথাটা যৌক্তিক। কিন্তু সে জন্য আর কত মূল্য দেবে রিয়াল? পরশু তো বার্নাব্যুতে ম্যাচ শেষে দুয়োই শুনতে হলো রোনালদোদের। তবে সমর্থকদের পাশে চান পেপে।
সিমিওনের অবশ্য এসব নিয়ে ভাবার সময় নেই। কোর্তোয়া-কস্তারা চলে যাওয়ার পর অ্যাটলেটিকো যেন দুর্বার। গতবারের শিরোপাজয়ীরা যে শিরোপা ধরে রাখতে চায়, সে তো বোঝাই যাচ্ছে! এএফপি।