দ্রগবাকে অস্কারের 'উপহার'

অস্কার চাইলে জার্সিটা রেখেও দিতে পারতেন। এক মৌসুম তো এটি উঠেছিল তাঁর গায়েই। কিন্তু চেলসি মিডফিল্ডার ১১ নম্বর জার্সিটা ছেড়ে দিলেন। এই জার্সিটাকে যিনি বিখ্যাত বানিয়েছেন, সেই দিদিয়ের দ্রগবা ফিরেছেন ক্লাবে। অস্কার এটি পূর্বসূরির হাতে তুলে না দিয়ে পারলেন না।
দ্রগবা চেলসিতে এসেছিলেন ২০০৪ সালে। দুই বছর পর ডেমিয়েন ডাফ চলে গেলে ১১ নম্বর জার্সিটা ওঠে এই স্ট্রাইকারের গায়ে। এরপর থেকে ‘দ্রগবা ১১’ ক্লাবের একরকম প্রতীকই হয়ে গিয়েছিল। চেলসির দ্বিতীয় অধ্যায়ে প্রিয় জার্সিটা ফিরে পেয়ে অস্কারকে তাই ধন্যবাদ জানালেন আইভরিয়ান তারকা, ‘১১ নম্বর জার্সিটা ফিরে পেয়ে আমি দারুণ খুশি। এ জন্য আমি অস্কারের কাছে দারুণ কৃতজ্ঞ।’ সর্বশেষ ২০১২ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এই জার্সিটা পরেছিলেন দ্রগবা।
জবাবে অস্কারও ভীষণ বিনয়ী, ‘দিদিয়ের একজন চেলসি কিংবদন্তি। একজন বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়। আমি তাকে ১১ নম্বর জার্সি দিয়ে নিজে আট নম্বর জার্সি পেয়ে খুবই খুশি।’ আট নম্বর জার্সিটাও কম প্রার্থিত নয়, এটি যে পরতেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড! এই মৌসুমেই ক্লাব ছেড়ে গেছেন চেলসির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তাঁর রেখে যাওয়া জার্সি পরেও আপ্লুত অস্কার, ‘ল্যাম্পস (ল্যাম্পার্ড) আরেকজন কিংবদন্তি। আশা করি, এই জার্সিতে উনি যেমন ছিলেন, আমিও তেমন সফল হব।’ রয়টার্স।