
অ্যাটলেটিকো মাদ্রিদে এ মুহূর্তে কোনো ফ্রেঞ্চ ফরোয়ার্ডের বীরত্বগাথা বললে আঁতোয়ান গ্রিজমানের কথাই সবার আগে মনে পড়বে। তবে পরশু গ্রিজমান নন, অ্যাটলেটিকোর ত্রাতা ছিলেন আরেক ফ্রেঞ্চ—কেভিন গামেইরো। বদলি হিসেবে নেমেছিলেন ৬২ মিনিটে, স্পোর্টিং গিজন ও অ্যাটলেটিকোর ম্যাচ তখন ১-১ গোলে সমতায়। ৮০ থেকে ৮৫—এই ৫ মিনিটে যেন টর্নেডো বইয়ে দিলেন গামেইরো। ৪ মিনিট ৪৫ সেকেন্ডে করলেন ৩ গোল, স্প্যানিশ লিগের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। দ্রুততম হ্যাটট্রিকটি ব্রাজিল ফরোয়ার্ড বেবেতোর, ১৯৯৫ সালে আলবাসেতের বিপক্ষে ম্যাচে তিন মিনিটে হ্যাটট্রিক করেছিলেন দেপোর্তিভো লা করুনিয়ার স্ট্রাইকার। যদিও ওই হ্যাটট্রিকটির নিখুঁত সময় নিবন্ধন করা নেই। তবে ফুটবল ইতিহাসের দ্রুততম হ্যাটট্রিকের ধারেকাছেও নেই এই দুটি। সেটি টমি রসের দখলে, ১৯৬৪ সালের নভেম্বরে নেয়ার্ন কাউন্টির বিপক্ষে মাত্র ৯০ সেকেন্ডে হ্যাটট্রিক করেন রস কাউন্টির ফরোয়ার্ড। মিরর।