দ্রোণাচার্য আর অর্জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ফুটবলযুদ্ধের কৌশল-গুরু, অন্যজন তাঁরই কাছে সেই কৌশলের দীক্ষা নেওয়া শিষ্য। যেন দ্রোণাচার্য আর অর্জুন। তবে সম্পর্কটা ঠিক গুরু-শিষ্যের মতো ছিল না। কার্লো আনচেলত্তি আর জিনেদিন জিদান বরং বন্ধু ছিলেন বেশি।
‘ছিলেন’ বলায় আবার ভাববেন না সেই বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। সম্পর্কটা আছে আগের মতোই, আছে পারস্পরিক শ্রদ্ধাও। তবে পেশার কারণেই ‘দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে...।’ এক যুগ অপেক্ষার পর রিয়াল মাদ্রিদের স্বপ্নের লা ডেসিমা এসেছিল যাঁর হাত ধরে, সেই আনচেলত্তি এখন বায়ার্ন মিউনিখের ডাগআউটে। সেদিন আনচেলত্তির পাশে সহকারীর ভূমিকায় ছিলেন যিনি, সেই জিদানের কাঁধে এখন রিয়ালের দায়িত্ব। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ বায়ার্নের মুখোমুখি রিয়াল মানে তো দ্রোণাচার্যের মুখোমুখি অর্জুনও!
গত মাসে কোয়ার্টার ফাইনালের ড্রটা হওয়ার পরই ম্যাচটা নিয়ে ভীষণ আবেগাপ্লুত মনে হয়েছে জিদানকে। তখনই বলেছিলেন, ‘এটা মাস্টারের সঙ্গে ছাত্রের লড়াইয়ের মতো। কার্লোর বিপক্ষে দাঁড়ানো বিশেষ কিছুই হবে। তাঁর পাশে দাঁড়িয়ে অনেক কিছু শিখেছি। কোচ হিসেবে দুর্দান্ত সব অর্জন তাঁর, মানুষ হিসেবেও অসাধারণ। দারুণ আনন্দিত যে এখন একে অন্যের মুখোমুখি হচ্ছি, ম্যাচটা অসাধারণ হবে।’ সেই আবেগের সঙ্গে যোগ হয়েছে রোমাঞ্চও, ‘এমন মুহূর্তগুলোর জন্যই তো আমরা বাঁচি। খেলোয়াড় থাকার সময়ও এমন ম্যাচগুলো খেলতে ভালোবাসতাম। বায়ার্নের মতো বড় ক্লাবের বিপক্ষে খেলা দারুণ রোমাঞ্চকর ব্যাপার।’
আবেগ ছুঁয়ে যাচ্ছে আনচেলত্তিকেও। তবে প্রায় দুই যুগের কোচিং অভিজ্ঞতার কারণে সেই আবেগকে নিয়ন্ত্রণ করার কাজটাও ভালোই পারেন বায়ার্ন কোচ। শুধু বললেন, ‘আমার জন্য এই ম্যাচটা বিশেষ। রিয়াল দুর্দান্ত দল, ওদের কোচও দারুণ। তবে আমাদের লক্ষ্য এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জেতা।’
একটা জায়গায় দুজনের দারুণ মিল। রিয়ালের কোচ হিসেবে প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নস লিগ জিতেছেন দুজন। তবে এবার কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে যাবে একজনের পথচলা। সেটা কে হবেন? দ্রোণাচার্য, না অর্জুন? এএফপি।