ধন্য মেসির জার্সি পেয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হংকংয়ের বিপক্ষে খেলা থামিয়ে ভক্তকে অটোগ্রাফ দিচ্ছেন মেসি। ছবি: রয়টার্স
হংকংয়ের বিপক্ষে খেলা থামিয়ে ভক্তকে অটোগ্রাফ দিচ্ছেন মেসি। ছবি: রয়টার্স

হংকংয়ের বিপক্ষে গতকালের ম্যাচে লিওনেল মেসি কেবল দর্শকই নন, জয় করেছেন প্রতিপক্ষের খেলোয়াড়ের মনও! হংকংয়ের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান আনান তো মেসির জার্সি পেয়ে নিজের জীবন রীতিমতো ধন্যই মনে করছেন।
খেলা শুরু হওয়ার আগে থেকেই তক্কে তক্কে ছিলেন আনান। যে করেই হোক মেসির জার্সিটা পেতে হবে। খেলা চলার সময়ই একবার মেসির কাছে গিয়ে জানিয়ে দিয়েছেন তাঁর আরজিটা। এমন গুণমুগ্ধ প্রতিপক্ষ পেয়ে মেসি নিজেও হয়তো একটু অবাক। মাঠেই বলেছিলেন, ‘খেলা শেষ হোক, তারপর নিয়ো জার্সিটা।’রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনান আবার ছুটে গেলেন মেসির কাছে। মেসি অবশ্য তখনো জার্সিটা দেননি। ভক্তকে একটু অপেক্ষাতেই রাখলেন। ডাগআউটে ফিরে তবেই আনানের হাতে তুলে দিলেন নিজের জার্সিখানা।
প্রিয় খেলোয়াড়ের জার্সি হাতে নিয়ে আনান যে কতটা আপ্লুত সেটা অকপটেই জানিয়েছেন তিনি, ‘আমার দলে আমিই সেরা। এজন্য আমার সঙ্গে তার (মেসি) জার্সি বদলের কথা বলেছিলাম। দারুণ লাগছে এখন। তার প্রতি আমার অশেষ শ্রদ্ধা। মাঠে আজ (গতকাল) তাকে ঠেকানোর চেষ্টা করছি কিন্তু ওর কাছ থেকে বল নিতে পারিনি। সে দুরন্ত। টিভিতে দেখে হয়তো মনে হতে পারে মেসির কাছ থেকে বল কেড়ে নেওয়া সহজ। কিন্তু বাস্তবে প্রায় অসম্ভব। অসম্ভব দ্রুতগতিতে ছোটে সে।’ জার্সিটা কী করবেন আনান? জবাবে সহাস্যে জানালেন, ‘সারা জীবন এটি সংগ্রহে রাখব। এটা নিয়ে আর যা-ই করি, বাণিজ্য করব না। জার্সিটা ফ্রেমে বাঁধিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখব।’
কেবল হংকংয়ের ফরোয়ার্ডেরই আবদার পূরণ করেননি মেসি; পূরণ করেছেন সাধারণ মানুষের আবদারও। পূরণ করেছেন ম্যাচের শেষ মুহূর্তে নিরাপত্তার চাদর ভেদ করে মাঠে ঢুকে পড়া এক কিশোর সমর্থকের চাওয়াও। খেলা থামিয়েই ভক্তকে অটোগ্রাফ দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক! সূত্র: রয়টার্স, সাউথ চায়না মর্নিং পোস্ট।