ধরা খেল সিটি-জুভেন্টাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুসা সিসোকোর গোলে নিউক্যাসলের উদযাপন, হতাশ সিটি। ছবি: রয়টার্স
মুসা সিসোকোর গোলে নিউক্যাসলের উদযাপন, হতাশ সিটি। ছবি: রয়টার্স

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার সিটির অবস্থান তিনে, নিউক্যাসল ইউনাইটেডের অবস্থান ১৪ নম্বরে। ক্যাপিটাল ওয়ান কাপের গতকালের ম্যাচটায় লিগের এ পয়েন্ট টেবিল ভুল প্রমাণ হবে! অনেকটা একই অবস্থা সিরি আ’র জুভেন্টাস-জেনোয়ার ম্যাচেও। পয়েন্ট টেবিলে জুভেন্টাসের অবস্থান শীর্ষে, সেখানে জেনোয়ার নয়ে। ক্যাপিটাল ওয়ান কাপে সিটিকে ২-০ গোলে হারাল নিউক্যাসল আর সিরি আ’তে জুভকে ১-০ গোলে জেনোয়া।
সিটি-নিউক্যাসল ম্যাচের শুরুতেই অর্থাৎ ছয় মিনিটে প্রতি-আক্রমণে ম্যানুয়াল পেলিগ্রিনির দলকে হতাশায় ডোবান নিউক্যাসল রোলান্ডো আরনস। ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিউক্যাসলের ‘সুপারসাব’ মুসা সিসোকো। দুটি গোলের একটিও শোধ করতে পারেনি সিটি। ম্যাচ শেষে পেলিগ্রিনি উদ্বেগ প্রকাশ করে বললেন, ‘আমরা ভালো খেলিনি। আত্মবিশ্বাসের অভাব ছিল। গোল করতে পারিনি, উল্টো দুটি খেয়েছি। আমরা ভীষণ উদ্বিগ্ন। এ সপ্তাহের তিন ম্যাচের একটিও জিততে পারিনি। আমি উদ্বিগ্ন এই কারণেই, আমরা কেন আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারছি না?’
অন্যদিকে সিরি আ’র শীর্ষ দল জুভেন্টাসকে খেলার অন্তিম মুহূর্তে হারিয়েছে জেনোয়া। ম্যাচের হিসাব তখন চলে এসেছিল সেকেন্ডে। এ মুহূর্তে জেনোয়ার ‘সুপারসাব’ লুকা অ্যান্তোনিনির দুর্দান্ত এক গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকেরা।
ম্যাচে হেরে অবশ্য মাঠকে দায়ী করলেন জুভ কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি! বললেন, ‘শীর্ষ প্রতিযোগিতার একটি ম্যাচ এ ধরনের মাঠে কীভাবে অনুষ্ঠিত হয়, সেটা তদন্ত হওয়া প্রয়োজন। মাঠ ছিল খেলার অনুপযুক্ত।’ শেষ সময়ে গোল হজমও মানতে পারছেন না জুভ কোচ। বললেন, ‘শেষ ৩০ সেকেন্ডে এভাবে গোল খাওয়া যায় না। আমরা অন্তত ড্র নিয়ে মাঠ ছাড়তে পারতাম।’ অবশ্য এ হারে ‘মন্দের ভালো’ দেখছেন অ্যালেগ্রি, ‘এ ধরনের ফলের অভিজ্ঞতা আমাদের ভান্ডারে থাকতে হবে। এ থেকে আমরা শিক্ষা নেব।’ অবশ্য হেরেও পয়েন্ট টেবিলে অবস্থানে খুব একটা হেরফের হয়নি। ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে অ্যালেগ্রির দল। এএফপি, রয়টার্স ও গোলডটকম।