ধাক্কা সামলে ওঠার চেষ্টা কৃষ্ণাদের
মহিলা ফুটবল দলের সঙ্গে ঢাকা থেকে আসা মিডিয়া অফিসার হাসান মাহমুদ ভীষণ ব্যস্ত। কখন, কোথায়, কীভাবে অনুশীলন করবে মেয়েরা, এএফসির কর্মকর্তাদের সঙ্গে সবকিছুর সমন্বয় করতে হচ্ছে তাঁকেই। গণমাধ্যমকর্মীদের সঙ্গেও যোগাযোগ রেখে সব রকম সাহায্য করে চলেছেন। গতকাল দুপুরে টিম হোটেলে হঠাৎ ব্যস্ত হয়ে উঠতে দেখা গেল এই কর্মকর্তাকে। বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক্যাল ডিরেক্টর পল স্মলিকে টেলিফোনে পাচ্ছিলেন না কাজী সালাউদ্দিন। ঢাকা থেকে বারবার ফোন করছিলেন বাফুফের সভাপতি। শেষ পর্যন্ত এই কর্মকর্তা গিয়ে পল স্মলিকে জানালেন, ‘সভাপতি হন্যে হয়ে খুঁজছে আপনাকে।’
বাফুফের সভাপতির সঙ্গে পল স্মলির কী কথাবার্তা হয়েছে, তা জানা যায়নি। তবে অনুমান করে নেওয়াই যায়, উত্তর কোরিয়ার সঙ্গে বিধ্বস্ত হওয়া ম্যাচ নিয়েই হয়তো কথা বলেছেন সালাউদ্দিন। পল স্মলিও মেয়েদের খেলা দেখে হতাশ। কৃষ্ণা, মৌসুমি, নার্গিসরা যে মুদ্রার অন্য পিঠও এবার দেখতে পেয়েছে।
ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইপর্বে যেখানে শুধু সাফল্যেই ভেসেছিল বাংলাদেশ। ইরানকে ৩-০ গোলে, আরব আমিরাতকে হারিয়েছিল ৪-০ গোলে। এরপর কিরগিজস্তানকে দিয়েছিল ১০ গোল। অথচ সেই দলের জালে গুনে গুনে ৯ গোল দিয়েছে উত্তর কোরিয়া। এশীয় ফুটবলের গভীরতা ভালোমতোই উপলব্ধি করেছে বাংলাদেশের মেয়েরা। এত বড় হার মানতে পারেনি মেয়েরা। রাতে হোটেলে ফিরে কান্নাকাটিও করেছে কেউ কেউ। বলেছে, ‘আমরা কি এতই বাজে দল?’
বাংলাদেশ যে এত বাজে দল নয়, তা মানলেন বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণও। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ জন্য মেয়েদের সঙ্গে এক হোটেলে থাকতে পারছেন না। এমন হারের পর কাল দুপুরে কৃষ্ণা-সানজিদাদের সঙ্গে দেখা করতে আসেন বাং সাইন হোটেলে। এই ফলটাকে অপ্রত্যাশিতই বললেন তিনি, ‘মেয়েরা ভয়ের মধ্যে ছিল। তারা সামর্থ্য অনুযায়ী খেললে এমন বড় পার্থক্য হতো না। উত্তর কোরিয়ার সঙ্গে জেতার কথা নয় বাংলাদেশের। কিন্তু গোল হয়তো তিন-চারটা হতো।’
সহকারী কোচ সাবিনা খাতুন মেয়েদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন যথাসাধ্য। উত্তর কোরিয়ার সঙ্গে হারের ম্যাচটি ভুলে এখন সাবিনার নজর সামনে, ‘সবাই জানেন কাদের সঙ্গে খেলতে হয়েছে। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে বিশাল একটা ব্যাপার। মেয়েরা তাদের শতভাগ দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছে। এটা সত্যি, খেলার ফল নিয়ে সবাই একটু আপসেট। কিন্তু যা হয়ে গেছে, সেটা নিয়ে এখন কথা বলে লাভ নেই। ওরা পরের ম্যাচে ভালো করার চেষ্টা করবে।’
এত বড় হারে বেশি কষ্ট পেয়েছে তহুরা। ঢাকায় হওয়া বাছাইপর্বে ইরানের বিপক্ষে গোল করেছিল ময়মনসিংহের কলসিন্দুরের এই মিডফিল্ডার। গোল করেছিল আরব আমিরাতের সঙ্গেও। কিন্তু কাল তাকে মাঠেই নামাননি কোচ গোলাম রব্বানী ছোটন। পরশু টিম হোটেলে রাতের খাবার খেয়ে ফেরার পথে তহুরা বলছিল, ‘খাটো বলে স্যার আমাকে খেলাননি। বেঞ্চে বসেই দলের হার দেখতে হলো।’ ঢাকায় বাছাইপর্বে উজ্জ্বল ছিল কৃষ্ণা রাণী সরকার। টাঙ্গাইলের কিশোরী ৫ ম্যাচে করেছিল সর্বোচ্চ ৮ গোল। সেই কৃষ্ণাও হতাশ করেছে কাল। তার দাবি, মেয়েরা একটু বেশিই ভড়কে গিয়েছিল, ‘প্রথমার্ধে চার গোল খাওয়ার পর একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম। তবু কোচ বলেছিলেন ব্যাপার না। তোমরা স্বাভাবিক খেলাটা খেলার চেষ্টা করো। আমরা সেই চেষ্টাই করেছি।’
মানসিকভাবে বিধ্বস্ত দলটির ‘স্বাভাবিক’ হতে অবশ্যই ভালো খেলতে হবে জাপানের বিপক্ষে। আগামীকালের ওই ম্যাচেই আপাতত চোখ কৃষ্ণাদের।