ধারা বদলে দিয়েছে লেস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খোলা ছাদের বাসে লেস্টার সিটির ফুটবলাররা। রাস্তার দুই পাশে হাজার হাজার সমর্থক। কাল লেস্টারে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের বিজয় র‍্যালি l এএফপি
খোলা ছাদের বাসে লেস্টার সিটির ফুটবলাররা। রাস্তার দুই পাশে হাজার হাজার সমর্থক। কাল লেস্টারে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের বিজয় র‍্যালি l এএফপি

ফুটবলে অর্থেই সব হয়! জেমি রেডন্যাপ এত দিন সেটাই বিশ্বাস করতেন। কিন্তু লিভারপুলের সাবেক মিডফিল্ডারের সেই বিশ্বাসের ভিত্তিমূল নাড়িয়ে দিল লেস্টার সিটি। কীভাবে? প্রিমিয়ার লিগের এই মৌসুমটাকেই উদাহরণ হিসেবে নিতে পারেন।
এই মৌসুমে ম্যানচেস্টার শহরের দুই ক্লাব ইউনাইটেড ও সিটির দল দুটির মিলিত মূল্য ছিল ১০০ কোটি ইউরোর মতো। লেস্টারের পুরো দলটির দাম টেনেটুনে ৫ কোটি ইউরো হবে। শেষ পর্যন্ত লেস্টার সিটিই জিতল প্রিমিয়ার লিগ। তাহলে টাকাই সবকিছু নয়! ফুটবলার থেকে ধারাভাষ্যকার ও কলামলেখক বনে যাওয়া জেমি রেডন্যাপও তাই বলছেন, ‘আমি আসলে বড় হয়ে উঠেছি এই বিশ্বাস নিয়ে যে, ফুটবলে টাকাই সাফল্য নিয়ে আসে। এমনকি যে মৌসুমে ব্ল্যাকবার্ন প্রিমিয়ার লিগ জিতল, ওরাও কিন্তু অনেক টাকা ঢেলেছিল, কিনেছিল সেরা খেলোয়াড়দের। কিন্তু এবার লেস্টার সবকিছু বদলে দিল।’
শুধু রেডন্যাপ নন, আসলে লেস্টারের সাফল্য এমন আরও অনেকেরই চোখ খুলে দিয়েছে। ইউরোপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে ৫০০০-১ বাজির দরে থেকে চ্যাম্পিয়ন হয়ে তারা প্রমাণ করেছে—কোন দল কত টাকা খরচ করল সেটা বড় নয়, টাকাটা কীভাবে খরচ করা হলো, সেটাই আসল।
লেস্টারের সাফল্য ছাড়াও প্রিমিয়ার লিগে এ মৌসুমে একটা নতুন ব্যাপার ঘটেছে। এর আগে প্রিমিয়ার লিগের সর্বশেষ ১০ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, চেলসি, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির বাইরে সেরা চারে থাকার সৌভাগ্য হয়েছে শুধু টটেনহামের। সেটিও মাত্র দুবার (২০০৯-১০ ও ২০১১-১২ মৌসুমে; দুবারই চতুর্থ)। কিন্তু এই মৌসুমে ছবিটা একেবারেই অন্য রকম। গতবারের চ্যাম্পিয়ন চেলসি এবার ১০ নম্বরে, লিভারপুল আটে। ম্যানচেস্টার সিটি কোনোরকমে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে যাচ্ছে। ইউনাইটেডের একটা ম্যাচ যদিও বাকি, কিন্তু পয়েন্ট তালিকায় পাঁচের ওপরে ওঠা ওদের পক্ষে সম্ভব নয়। ওদিকে আর্সেনাল ২০০৪-০৫ মৌসুমের পর এই প্রথম রানার্সআপ হয়েছে। ‘বিগ ফোর’ বা ‘বিগ ফাইভ’-এর রাজত্ব বলে এত দিন যে ধারাটা ছিল, এই মৌসুমে সেটি একেবারেই ওলট-পালট হয়ে গেছে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান গ্রেগ ডাইকও তাই মেনে নিচ্ছেন, ‘পুরোনো ধারা ভেঙে গেছে এই মৌসুমে।’
শুধু ওপরের দিকেই নয়, ওলট-পালট হয়েছে নিচের দিকেও। অবনমিত হয়ে গেছে ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ে সাতবারের চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা ও চারবারের চ্যাম্পিয়ন নিউক্যাসল ইউনাইটেড। প্রিমিয়ার লিগের এ মৌসুমটা অন্য রকম নয় তো কী! এএফপি।