বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমবার খেলার আনন্দ চিকচিক করছিল একদল তরুণের চোখেমুখে। কাল সন্ধ্যায় এই দৃশ্য ঘুরেফিরে এল দেশের ফুটবলের প্রধান কেন্দ্রে। অনূর্ধ্ব-১৮ ক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনটা মাঠে উপস্থিত সবার মধ্যেই ছড়িয়ে দিল এমন সুখানুভূতি। আগামী দিনের ফুটবলার তৈরিতে এটি যে বড় এক মঞ্চ হয়ে আশার পালে লাগাল নতুন হাওয়া।
মাত্রই শেষ হয়েছে শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী উদ্বোধনী ম্যাচ। ২-১ গোলে এগিয়ে ছিল চট্টগ্রামের দলটি। কিন্তু শেষ মিনিটের গোল স্কোরলাইন রাখল ২-২। এভাবে গোল হজম করায় চট্টগ্রাম আবাহনী হতাশ। তবে দলটির তরুণ ফুটবলারদের আনন্দও কম নয়। চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে এসব তরুণকে খুঁজে আনা হয়েছে। এঁদের মধ্যে দু-একজন বাদে অন্যরা বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঘাসে পা ছোঁয়ানোর প্রথম সুযোগ পেয়ে অভিভূত।
এই ভিড়ের মধ্যে চট্টগ্রাম আবাহনীর ১০ নম্বর জার্সিধারী মোহাম্মদ সুমন গেলেন ম্যাচসেরার পুরস্কার নিতে। বেশ আলো কাড়ল চট্টগ্রাম শহরেরই এই উদীয়মান ফুটবলার। ‘ফুটবলের নেশায়’ এই তরুণের ‘পড়ালেখা ভালো লাগে না’। শেখ রাসেলের দুটি গোলই করা মাসুদ রানাও অনেকের নজর কাড়ল।
তরুণ ফুটবলারদের স্বপ্ন উসকে দিয়ে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় নয় দলের এই টুর্নামেন্ট উদ্বোধন করলেন। তাঁর ছেলে জিদানও খেলছে অনূর্ধ্ব-১৮ ফুটবলে। বিজেএমসির হয়ে কাল সন্ধ্যার ম্যাচে অবশ্য তাঁর খেলা হয়নি, তবে দলে নাম ছিল। তরুণদের এই ফুটবলাগ্রহ ধরে রাখতে সবাই আয়োজনের ধারাবাহিকতা চান।
এ নিয়ে বেশ উচ্চকণ্ঠ গতবার ক্লাবগুলোর অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মোহামেডানের এবারের অনূর্ধ্ব-১৮ দলের কোচ জসিমউদ্দিন জোসি। খেলা দেখতে এসে বলছিলেন, ‘১৫ দিন বা এক মাস এই টুর্নামেন্ট করে আসলে কোনো লাভ নেই। এই ছেলেদের নিয়ে অন্তত দু-তিনটি টুর্নামেন্ট হওয়া উচিত। নইলে একটা টুর্নামেন্ট খেলে বিদায়, এতে টুর্নামেন্টের মূল উদ্দেশ্যই মাঠে মারা যাবে।’
মোহামেডান গতবার অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের জন্য টানা কয়েক মাস ক্যাম্প করেছিল। সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ওই দলের বেশির ভাগ খেলোয়াড়ই এখন আর মোহামেডানের হাতে নেই। অনূর্ধ্ব-১৬ দলের কয়েকজনের সঙ্গে এবার ট্রায়াল নিয়ে দল গড়েছে মোহামেডান। জোসি বলছিলেন, মাঠ-সমস্যায় তাঁরা ঠিকমতো অনুশীলন করতে পারেননি।
সমস্যা অনেক। তবু অনেকেই বলছিলেন, মূল দলকে যেভাবে আট-দশ মাস ‘লালন-পালন’ করে বড় দলগুলো, ঠিক সেভাবে এই যুবদলকেও ক্যাম্পে রাখা উচিত। কলম্বোগামী শেখ রাসেলের মূল দলের অন্তর্বর্তীকালীন কোচ জাকারিয়া বাবু মাঠে এসে বললেন, ‘এখানে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। কিন্তু টুর্নামেন্টের ধারাবাহিকতা জরুরি। এই তরুণদের সব রকম চাওয়া পূরণ কতে হবে।’ কী করা প্রয়োজন, কী করলে এগিয়ে যাওয়া সম্ভব সবই বাফুফের জানা। ক্লাবগুলোকেও তা মনে করিয়ে দেওয়ার কিছু নেই। তার পরও দেরিতে হলেও দেশের ছড়িয়ে-ছিটিয়ে থাকা তরুণ ফুটবলারদের একটা ছাতার নিচে নিয়ে এল ক্লাবগুলো। অনেকে বলছেন, ‘এটা নতুন দিনের শুরু।’
সেই শুরুর প্রথম দিনেই ফ্লাডলাইটের আলোয় বাবলু ও ফাহাদের গোলে ২-০ ব্যবধানে মুক্তিযোদ্ধাকে হারিয়ে শুভসূচনা করল বিজেএমসি। অথচ মুক্তিযোদ্ধার প্রস্তুতি বেশ ভালো, কিন্তু প্রথম ম্যাচে হার। আসলে এই টুর্নামেন্ট খুবই উন্মুক্ত। দিনের দুটি ম্যাচই ভালো নজর কেড়েছে।
আজকের খেলা
আবাহনী-উত্তর বারিধারা, মোহামেডান-ব্রাদার্স
(বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা; বঙ্গবন্ধু স্টেডিয়াম)