ধারাহাস্যকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল মাঠে কত কারণেই তো খেলা থামানো হয়। কিন্তু কোস্টারিকার দ্বিতীয় বিভাগ লিগে যেটা হলো, তেমনটা কখনো হয়েছে বা হবে কি না সংশয় আছে। কোর্তো ব্রুস ও বারিও মেক্সিকো খেলছিল মাঠে। ধারাভাষ্যকার মাঠের পাশে বসেই ধারাভাষ্য দিচ্ছিলেন। আসলে বলা ভালো, রেফারির পিণ্ডি চটকাচ্ছিলেন। অশ্রাব্য ভাষায় ম্যাচের প্রথমার্ধজুড়েই চলল তাঁর তির্যক খোঁচা। মজাটা হলো দ্বিতীয়ার্ধে। সহকারী রেফারির কানে কানে কেউ একজন ব্যাপারটা জানালেন। তিনি আবার সেটি জানিয়ে দিলেন রেফারিকে। পুরো ব্যাপারটা শুনে রেফারি ভীষণ চটে গেলেন, খেলা বন্ধ রেখেই মাঠের পাশে এসে ‘লাল কার্ড’ দেখালেন এসটিভির ওই ধারাভাষ্যকারকে। দুজনের মধ্যে তুমুল বচসার পর শেষ পর্যন্ত ওই ধারাভাষ্যকার বাধ্য হলেন মাঠ ছাড়তে। এর পর আবার শুরু হলো খেলা। ইএসপিএন।