বড় বাজেটের দল গড়েও ধুঁকছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ৭০ মিনিট পর্যন্ত কাল ২-১-এ এগিয়ে থেকেও শিরোপাপ্রত্যাশীরা ড্র করেছে ফরাশগঞ্জের সঙ্গে (২-২)।
প্রিমিয়ার লিগে বড় দলগুলোর খেলায় কোনো ধারাবাহিকতা নেই। প্রায় প্রতিদিনই পয়েন্ট হারিয়ে বাড়ি ফিরছে বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে। চ্যাম্পিয়ন শেখ জামাল পরশু টানা দ্বিতীয় ম্যাচে আটকে গেছে মোহামেডানের কাছে। আবাহনী তো দুটি ম্যাচ হেরেছে, ড্র একটি।
শেখ রাসেলের অবস্থাও তথৈবচ। ৭ ম্যাচে ৪ জয়, ১ ড্র ও ২ হার। ১৩ পয়েন্ট নিয়ে দলটি পয়েন্ট তালিকার পাঁচে। শেখ জামালের সঙ্গে ৭ পয়েন্টে পিছিয়ে পড়া তাদের জন্য অশনিসংকেতই। তবু শিরোপার আশা কোচ দ্রাগান দুকানোভিচের, ‘লিগের এখনো অনেক সময় বাকি। আশা করি আমরা শিরোপাদৌড়ে ফিরতে পারব। আমাদের এখন একজন ভালো মানের প্লে-মেকার দরকার।’
এমিলি, জাহিদ, মিঠুন, হেমন্তরা আছেন এই দলে। তবে এঁরা দলের ভার বইতে পারছে না। অধিনায়ক মিঠুন তো কাল ম্যাচের পর সব দায় চাপালেন বিদেশিদের ওপর! রাসেলে এদিন খেলেছেন দুজন বিদেশি। পল এমিলি দ্বিতীয় গোলটা করলেন। দলের এ পর্যন্ত অর্ধেক গোল তাঁরই। জ্যামাইকার আকিম ধারহীন। তবে ঘটনা হলো, এত তারকার দল ঘুরেফিরে সেই বিদেশিদের ওপর নির্ভর করবে কেন, সেটিও বড় প্রশ্ন।
শক্তিশালী রিজার্ভ বেঞ্চের অভাবকেও দায়ী করছেন কোচ দুকানোভিচ। কার্ড, চোট ইত্যাদি সমস্যায় ভুগছে দলটি। অনেকটা কাগুজে বাঘই হয়ে পড়েছে এখন। অন্যদিকে টানা দ্বিতীয় ড্রয়ে ফরাশগঞ্জ উজ্জীবিত।
এই ফরাশগঞ্জের একজন খেলোয়াড়ের সর্বোচ্চ পারিশ্রমিক পাঁচ লাখ টাকা। এর প্রায় আট গুণ বেশি পারিশ্রমিক নিয়ে শেখ রাসেলে নাম লিখিয়েছেন এমিলি, জাহিদরা। বসুন্ধরা আবাসিক এলাকায় দলের ক্যাম্পে আছে সব সুযোগ-সুবিধা। কিন্তু মাঠের খেলায় সেই প্রতিফলন কই?
যদিও কাল ১২ মিনিটে আকিমের ফ্রি-কিক থেকে এমিলি করেন ১-০। ২৭ মিনিটে পল এমিলির প্লেসিংয়ে ২-০। ৩৪ মিনিটে শাহিনুরের শটে ২-১। শঙ্কর দাস ২-২ করলেন ৭১ মিনিটে। দুটি গোলেই রাসেল ডিফেন্ডার তপু বর্মণের দায় ছিল কিছুটা। জয়সূচক গোলটাও তারা পেতে পেতে আর পায়নি।
তবে ড্র করেই ৫০ হাজার টাকা বোনাস পেয়েছেন ফরাশগঞ্জের খেলোয়াড়েরা। কোচ রেজাউল হক খুবই উচ্ছ্বসিত, ‘১ পয়েন্ট পেয়েই আমি খুশি (ফরাশগঞ্জের পয়েন্ট ৫)। তবে এই ম্যাচে আমাদের জেতাই উচিত ছিল।’
ফরাশগঞ্জ ৩ পয়েন্ট পেলেও সত্যিই অবাক হওয়ার ছিল না।
সকারের জয়
প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয় পেল ফেনী সকার। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে খেলায় ফিরে ২-১ গোলে তারা হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ৪৫ মিনিটে দলকে এগিয়ে নেন চট্টগ্রাম আবাহনীর হানিফ। ৫৯ মিনিটে ম্যাচে সমতায় ফেরান ফেনী সকারের সোহেল। ৮০ মিনিটে জয়সূচক গোলটি জহিরুলের। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আটে ফেনী সকার। ৪ পয়েন্ট পাওয়া চট্টগ্রাম আবাহনী নয়ে।