ধ্রুপদি ফাইনালের অপেক্ষায় জিদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ষোলোতে জুভেন্টাসকে চাননি জিনেদিন জিদান! ভয় নয়, নিজের সাবেক ক্লাবকে সম্মান করেন বলেই তাদের এড়াতে চেয়েছিলেন। কিন্তু ফাইনালে সেই জুভেন্টাসই রিয়ালের সামনে। জিদানের কি একটু কেমন কেমন লাগছে? মোটেই না। জিদান ভালো করেই জানেন, একজন পেশাদারকে আবেগে ভেসে যেতে নেই। ভেসে তিনি যাচ্ছেনও না। তবে রিয়াল মাদ্রিদ কোচের কাছে আগামী ৩ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনাল তাঁর জন্য বিশেষ এক ম্যাচ, এ সত্য তিনি এড়াবেন কী করে!
১৯৯৬ থেকে ২০০১—ক্যারিয়ারের উজ্জ্বল পাঁচটি বছর কাটিয়েছেন জুভেন্টাসে। ইতালিয়ান এই দলের হয়েই জিতেছেন ক্যারিয়ারের একমাত্র ব্যালন ডি’অর। এখানে থাকতেই একবার জিতেছেন ফিফা বর্ষসেরা পুরস্কার। ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ২০০১ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখান জিদান। ২০০৫-০৬ মৌসুম শেষে রিয়াল থেকেই খেলোয়াড়ি জীবনের ইতি টানেন। আর এখন সেই রিয়ালেরই কোচ তিনি।
সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেও মোট ৪-২ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে রিয়াল। ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ জুভেন্টাস। এটা একটু স্মৃতিকাতরই করে তুলেছে জিদানকে, ‘এটা নিশ্চিত যে ম্যাচটি বিশেষ। কারণ খেলোয়াড়ি জীবনে জুভেন্টাস আমার জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাব ছিল। এই ক্লাব আমাকে সবকিছু দিয়েছে। তবে এখন আমি রিয়ালের।’ জিদানের হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকা দুটি ক্লাবের ফাইনালের আগাম রোমাঞ্চ অনুভব করতে পারেন বিশ্বজোড়া ফুটবল অনুরাগীরা। জিদান ধ্রপদি এক ম্যাচের নিশ্চয়তাই দিয়ে রেখেছেন, ‘দারুণ এক ফাইনাল হবে এটা।’
আরেকটি কারণেও কার্ডিফের ফাইনালটি জিদানের জন্য বিশেষ হয়ে উঠছে। রিয়ালের দীর্ঘ এক অপেক্ষার অবসান ঘোচানোর সুযোগ এসেছে তাঁর সামনে। গত ৬০ বছরে লিগ আর চ্যাম্পিয়নস লিগের ‘ডাবল’ জেতেনি রিয়াল মাদ্রিদ। জিদান কি পারবেন এই আক্ষেপ ঘুচিয়ে সান্তিয়াগো বার্নাব্যুকে আনন্দে ভাসাতে? এমনিতেই কোচ জিদানের কৌশলের প্রশংসায় ফুটবল-বিশ্ব পঞ্চমুখ। অনেকেই তাঁকে সময়ের সেরা কোচের তকমা দেওয়ার অপেক্ষায় আছেন। ছয় দশক পর রিয়ালকে ডাবল জেতাতে পারলে জিদানকে সেরা নাকি বলাই যাবে—অনেকেরই এই অভিমত।
জিদান অবশ্য জানেন চ্যাম্পিয়নস লিগ জেতা সহজ হবে না, ‘তারা (জুভেন্টাস) যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে। আমরাও অবশ্য তা-ই।’ এএফপি, রয়টার্স, ফোরফোরটু।