নইমুদ্দিনকে হারালেন সাইফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ–যাত্রায় মোহামেডান ডিফেন্ডার অ্যাডামস জানকাসা আটকে দিলেন কৌশিক বড়ুয়াকে। তবে চট্টগ্রাম আবাহনীর দ্বিতীয় গোলটি করে ঠিকই সাদা–কালোদের রক্ষণ ভেঙেছেন এই মিডফিল্ডার। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l ছবি: প্রথম আলো
এ–যাত্রায় মোহামেডান ডিফেন্ডার অ্যাডামস জানকাসা আটকে দিলেন কৌশিক বড়ুয়াকে। তবে চট্টগ্রাম আবাহনীর দ্বিতীয় গোলটি করে ঠিকই সাদা–কালোদের রক্ষণ ভেঙেছেন এই মিডফিল্ডার। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l ছবি: প্রথম আলো

শক্তির বিচারে মোহামেডান-চট্টগ্রাম আবাহনী ম্যাচে লড়াই হওয়ার কথা। লড়াই হয়েছেও। সে হিসেবে স্কোরলাইনে সমতা থাকলেই মানাত ভালো। কিন্তু মোহামেডানের রক্ষণদুর্বলতা কাজে লাগিয়ে চট্টগ্রাম আবাহনী জিতে গেল ২-১ গোলে।

অথচ ১৩ মাস আগে স্বাধীনতা কাপ দিয়ে গত ফুটবল মৌসুম শুরু করা তারায় ভরা চট্টগ্রাম আবাহনীকে ক্ষয়িষ্ণু মোহামেডান বিস্ময়করভাবে হারিয়েছিল ৫-১ গোলে। বছর ঘুরে সেই চট্টগ্রাম আবাহনীই কাল মধুর প্রতিশোধ নিল।

সেটিও মোহামেডানের ডাগআউটে ভারতীয় কোচ সৈয়দ নইমুদ্দিনের উপস্থিতিতে। গত কয়েক মৌসুম ব্রাদার্সে কাটানো নইমুদ্দিনকে এবার কোচ করে এনেছে মোহামেডান। কিন্তু নইমুদ্দিন দলটাকে গোছানোর সময় পাননি। পেয়েছেন মাত্র তিন-চার দিন। সেটাই কাল রাতে ম্যাচের পর বৃষ্টিভেজা বঙ্গবন্ধু স্টেডিয়ামে দাঁড়িয়ে বলছিলেন দ্রোণাচার্য কোচ, ‘একটা দল গোছাতে সময় লাগে। আমি তো এখনো সব খেলোয়াড়কে ঠিকমতো দেখতেও পাইনি। একটি প্রস্তুতি ম্যাচও খেলতে পারিনি। তার ওপর বাজে গোল খেয়েছি।’

অন্যদিকে চট্টগ্রাম আবাহনীকে গুছিয়ে নিতে এক মাসেরও বেশি সময় পেয়েছেন কোচ সাইফুল বারী। মাঠের খেলায় দুই দলের মধ্যে এখানেই বড় পার্থক্য দেখা গেল। যদিও জ্বরের কারণে মাঝমাঠে ছিলেন না চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক মামুনুল। তবে ভারপ্রাপ্ত অধিনায়ক জাহিদ, কৌশিকরা বুঝতে দেননি মামুনুলের অভাব। ২-০ গোলে এগিয়ে যাওয়া পর্যন্ত মাঝমাঠ জমাট রাখলেন তাঁরা। তবে একটা সময় অভিজ্ঞতার অভাবে বল হারাচ্ছিল চট্টগ্রাম আবাহনী। মোহামেডান তখন চাপ তৈরি করে ব্যবধানও কমিয়ে আনে।

চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নিয়েছিলেন সম্প্রতি শেখ কামাল টুর্নামেন্টে নেপালের মানাং মার্সিয়াংদির হয়ে ৫ গোল করা আফিজ। যার দুই গোলই ছিল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। কাল ৩৬ মিনিটে পাল্টা আক্রমণে মোহামেডানের দুই ডিফেন্ডারকে ছিটকে বেরিয়ে গড়ানো শটে গোল করেছেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার।

৫৬ মিনিটে কৌশিক নিজেই বল কেড়ে নিয়ে ২-০ করলে ম্যাচটা হেলে পড়ে চট্টগ্রাম আবাহনীর দিকে। দুই গোলে পিছিয়ে মোহামেডান সর্বাত্মক আক্রমণে উঠে ৭৪ মিনিটে ২-১ করেছে। ঢাকার ফুটবল থেকে প্রায় হারিয়ে যেতে বসা তকলিচ আহমেদ বক্সের বাইরে থেকে জোরালো শটে অন্তত ড্রয়ের আশা জাগান মোহামেডানের টেন্টে। কিন্তু বাকি সময়টা রক্ষণাত্মক কৌশল নিয়ে চট্টগ্রাম আবাহনী ঘুরে তুলল ৩ পয়েন্ট। এমিলিরা তেমন বড় সুযোগে আর পাননি।

জয়ে ফেরা আপুসির

এক মৌসুম পর শীর্ষ ফুটবলে ফিরে আসা ফরাশগঞ্জকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে শেখ জামাল। সহজ এই জয় দিয়েই শেখ জামালে নিজের প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন কোচ জোসেফ আপুসি। ফরাশগঞ্জ কোচ আবু ইউসুফের শীর্ষ স্তরে ফেরা হলো হার দিয়ে।

১০ মিনিটে নাইজেরিয়ান মোমুদু বাহ পেনাল্টি থেকে করেন প্রথম গোল। গত ফেডারেশন কাপের আগের দুটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলটি ২-০ করে ৫৭ মিনিটে। তাদের গোছানো আক্রমণ পোস্টে লেগে ফিরলে ফিরতি বল আলতো টোকায় জালে পাঠান দলে নবাগত নুরুল আবসার। শেষ বাঁশির ঠিক আগে আনিসুর রহমান করেন ৩-০। বক্সের ওপর থেকে তাঁর রেইনবো শট জড়িয়ে যায় জালে। ফরাশগঞ্জের গোলরক্ষক বোরহান উদ্দিন কোনো সুযোগই পাননি।