নইমুদ্দিনের এক শিষ্যই ব্রাদার্সের নতুন কোচ
ব্রাদার্স ইউনিয়নের ফুটবল ম্যানেজার আমের খানের মুখে হাসি। ফেডারেশন কাপ শুরুর দিন তিনেক আগেই কোচ জোগাড় করতে পেরেছেন! গত কয়েক মৌসুমের মতো সৈয়দ নইমুদ্দিনকে এবারও চেয়েছিল ব্রাদার্স। কিন্তু একেবারে শেষ মুহূর্তে মোহামেডানের দায়িত্ব নেন এই ভারতীয় কোচ। তবে নইমুদ্দিনকে না পেলেও ব্রাদার্স একজন ভারতীয় কোচকে এনেছে কাল, যিনি আবার নইমুদ্দিনেরই ছাত্র ছিলেন। পশ্চিমবঙ্গের এএফসি ‘এ’ লাইসেন্সধারী কোচ সুব্রত ভট্টাচার্য ঢাকায় এসেই জানালেন নতুন চ্যালেঞ্জ নেওয়ার কথা।
কাল বিকেলে যখন গোপীবাগের ক্লাব চত্বরে অনুশীলনে যাওয়ার অপেক্ষায় ছিলেন ফুটবলাররা, ভেতরের কক্ষে তখন নতুন কোচকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দিচ্ছিলেন কর্মকর্তারা। চট্টগ্রামে প্রথম শেখ কামাল গোল্ডকাপ টুর্নামেন্টে কলকাতা মোহামেডানের কোচ হয়ে এসেছিলেন তিনি। টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশের তিন ক্লাবের খেলা দেখার সুযোগ হয়েছিল তাঁর।
৫২ বছর বয়সী সুব্রতর কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। নাগাল্যান্ড রাজ্য দলের কোচ ছিলেন। আসাম ও পশ্চিমবঙ্গের বিভিন্ন বয়সভিত্তিক দলেও কোচিং করিয়েছেন। বড় ক্লাবগুলোর সঙ্গেও কাজ করেছেন। কোচ ছিলেন গোয়ার ভাস্কো ক্লাব, আসামের অয়েল ইন্ডিয়া এফসি ও দুলিয়াজান ক্লাবের। এ ছাড়া আই-লিগের দল মুম্বাই এফসি ও কলকাতা মোহামেডানেরও কোচ ছিলেন। ফুটবল ক্যারিয়ারে কখনো ভারতের জাতীয় দলে খেলেননি, তবে গোলরক্ষক হিসেবে যুব দলে খেলেছেন সৈয়দ নইমুদ্দিনের অধীনে।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে চতুর্থ হয়েছিল ব্রাদার্স। এবার কমলা দলটিকে কোথায় দেখতে চান? বাস্তবতা মেনে নিয়েই সুব্রত বললেন, ‘আমি মাত্রই এলাম। আগে দলটা দেখি। কিছুদিন সময় প্রয়োজন আমার। এরপর দল নিয়ে মন্তব্য করব। আমি ভারতবর্ষের অনেক দলকে কোচিং করিয়েছি। সেই অভিজ্ঞতা এখানে কাজে লাগাতে চাই।’
সব সময় নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন সুব্রত। এ জন্যই বাংলাদেশের ফুটবলে কাজ করতে এসেছেন, ‘আমি ওখানে কোনো কাজ পাইনি এ জন্যই এখানে এসেছি, তা কিন্তু নয়। আমি এসেছি ভারতবর্ষের বাইরে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য। তা ছাড়া বাংলাদেশের ফুটবল আমার ভালো লাগে। আশা করি, প্রিমিয়ার লিগে ব্রাদার্সকে একটা ভালো জায়গায় তুলে নিয়ে যেতে পারব। অন্তত গতবারের চেয়ে এক ধাপ ওপরে তুলতে চাই।’
১৩ মে ফেডারেশন কাপে বিজেএমসির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সুব্রতর ক্যারিয়ারের বাংলাদেশ-পর্ব।