নইমুদ্দিনের জয়, হার মানিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিগে ব্রাদার্সের প্রথম জয়। জয়ের নায়ক তাঁরা দুজন। এই আনন্দেই একটু নেচে নিলেন ওয়ালসন (বাঁয়ে) ও কিংসলে! কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l শামসুল হক।
লিগে ব্রাদার্সের প্রথম জয়। জয়ের নায়ক তাঁরা দুজন। এই আনন্দেই একটু নেচে নিলেন ওয়ালসন (বাঁয়ে) ও কিংসলে! কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l শামসুল হক।

মারুফুল হক যেখানে রেখে গিয়েছিলেন শেখ রাসেলকে, সেখানেই পড়ে রইল দলটি। প্রথম চার ম্যাচে হারের পর পঞ্চম ম্যাচে ড্র। ষষ্ঠ ম্যাচে হার পদত্যাগের দিকে ঠেলে দেয় মারুফকে। তাঁর রেখে যাওয়া জুতায় পা গলিয়ে মানিকের সামনে কী অপেক্ষা করছে কে জানে। তবে লক্ষণ ভালো ঠেকছে না কারও কাছেই।

কালকের হার অবশ্য শেখ রাসেলের প্রাপ্য ছিল না। নিজেরা অনেক সুযোগ হারিয়েছে আর ব্রাদার্স একে একে ঘরে তুলেছে গোল। অথচ ব্রাদার্স গোল করার আগেই অন্তত তিনটি গোল পাওয়া উচিত ছিল শেখ রাসেলের। খলনায়ক হয়ে সব ভেস্তে দিলেন ক্যামেরুনের স্ট্রাইকার পল এমিল ও ইকাঙ্গা। গোলরক্ষককে একা পেয়েও দুবার ব্যর্থ হয়েছেন পল। এরপর ১১ মিনিটে পেনাল্টি পেয়েও সেটি উড়িয়ে মেরেছেন ইকাঙ্গা।

পল–ইকাঙ্গা যেখানে শোচনীয় ব্যর্থ, বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোয় নিজেকে নতুন করে যেন চেনালেন সনি নর্দের দেশের স্ট্রাইকার অগাস্টিন ওয়ালসন। দুটি গোল করে শেখ রাসেলের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন তিনি। অবশ্য শুরুটা করেন এনকোচা কিংসলে। শেখ রাসেলের গোল নষ্টের মহড়ার মধ্যেই সবাইকে যেন বললেন ‘আমাকে দেখো’। ১৬ মিনিটে প্রতিপক্ষের ভঙ্গুর রক্ষণের সুযোগে ঢুকে পড়েন বক্সে। তারপর কোনাকুনি শটে পরাস্ত করলেন অভিজ্ঞ গোলরক্ষক বিপ্লবকে।

বহু লড়াইয়ের যোদ্ধা বিপ্লবকে মৌসুমে প্রথম পোস্টের নিচে দাঁড়ানোর সুযোগ দিয়েছিলেন মানিক। কিন্তু এই লিগে তাঁর ‘অভিষেক’ও সুখকর হলো না। ৩২ মিনিটে ওয়ালসনের ফ্রি কিকটা আটকাতে পারেননি। বল পোস্ট ঘেঁষে গোল লাইনের সামনে ড্রপ খেয়ে জালে। ম্যাচে ফেরার লড়াইয়ে শেখ রাসেলকে কিছুটা আশা দেখান স্ট্রাইকার শাখাওয়াত রনি। ৫৫ মিনিটে পলের দেওয়া বল আলতো টোকায় জালে পাঠিয়ে দিয়ে মানিক একটু নড়েচড়ে বসেন ডাগআউটে। দ্বিতীয় গোলের আশায় নামিয়ে দেন জাহিদ হাসান এমিলিকে। চোট কাটিয়ে লিগে প্রত্যাবর্তনের ম্যাচে একটা সুযোগ পেলেও গোল করতে পারেননি এই স্ট্রাইকার। উল্টো যোগ করা সময়ে ওয়ালসন রাসেল ডিফেন্ডারদের কাটিয়ে করলেন নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল।

মানিক এসব দেখে খুবই হতাশ, ‘সহজ সুযোগের কথা বাদই দিন, পেনাল্টিতে তো গোল করা উচিত ছিল। আসলে স্রেফ গোল করার ব্যর্থতায় হেরে গেলাম।’

দশ কোটি টাকার দল নিয়ে মারুফুলও একই কথা বলতেন প্রতি ম্যাচ শেষে!