নকআউটে কেমন করে আর্জেন্টিনা

>আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে সেই ছিয়াশিতে। এরপর আরও দুবার ফাইনাল খেললেও জিততে পারেনি আলবিসেলেস্তারা। ২০০২ বিশ্বকাপে বাদ পড়ে গিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। রাশিয়া বিশ্বকাপে নকআউট পর্বে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ১৯৮৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনার নকআউট পর্বের রেকর্ড কেমন, জেনে নেওয়া যাক
ফ্রান্সের বিপক্ষে আজ আর্জেন্টিনার মহারণ। জিতলে পরের ধাপ, হারলে বাদ। এই হচ্ছে হিসাব। হিসাবটা কি মেলাতে পারবে আর্জেন্টিনা? ভবিষ্যৎ আগে থেকেই বলা যায় না। তবে অতীত ইতিহাস দেখে কখনো কখনো ভবিষ্যতের ধারণা পাওয়া যায়। এ পথ ধরেই দেখা যেতে পারে, বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোলে আর্জেন্টিনা কত দূর যেতে পারে—
১৯৯০ বিশ্বকাপ
নিজেদের বিশ্বসেরার মুকুট ধরে রাখতে ইতালিতে আসে ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা। নিজেদের গ্রুপ থেকে তৃতীয় হয়ে নকআউট পর্বে ওঠে তারা। তখন নিয়ম ছিল, গ্রুপের প্রথম-দ্বিতীয় দলের বাইরেও সেরা চার তৃতীয় দলও পরের পর্বে যেতে পারত। নকআউটের প্রথমেই ব্রাজিলের মুখোমুখি আর্জেন্টিনা। তুরিনে ক্লদিও ক্যানিজিয়ার একমাত্র গোলে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যায় তারা। কোয়ার্টার ফাইনালের আগে আর্জেন্টিনার গোলকিপার নেরি পম্পেদু চোটে পড়লে তাঁর জায়গায় আসেন সার্জিও গয়কোচিয়া। এই গয়কোচিয়ার বীরত্বেই কোয়ার্টার ফাইনালে যুগোস্লাভিয়াকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায় আর্জেন্টিনা। সেমিফাইনালেও গয়কোচিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে স্বাগতিক ইতালিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে চলে যায় আর্জেন্টিনা। পশ্চিম জার্মানির কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়ে শেষ হয় আর্জেন্টিনার স্বপ্নযাত্রা।
১৯৯৪ বিশ্বকাপ
১৯৯০ বিশ্বকাপের মতোই নিজেদের গ্রুপে ৩য় হয়ে নকআউট পর্বে ওঠে আর্জেন্টিনা। তবে এবার নকআউটের গণ্ডি পার হতে পারেনি তারা। রোমানিয়ার কাছে ৩-২ গোলে হেরে দ্বিতীয় পর্ব থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। এ বিশ্বকাপেই ভীষণ আলোচিত সেই ঘটনা, টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয় ম্যারাডোনাকে।
১৯৯৮ বিশ্বকাপ
নিজেদের গ্রুপে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট রাউন্ডে উঠে যায় আর্জেন্টিনা। শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। পূর্ণ ও অতিরিক্ত সময়ের খেলা ২-২ গোলে সমতা থাকায় টাইব্রেকারে যায় ম্যাচ। টাইব্রেকারে ইংল্যান্ডকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যায় আর্জেন্টিনা। এই ম্যাচে লাল কার্ড দেখেন ইংলিশ তারকা ডেভিড বেকহাম। কোয়ার্টার ফাইনালে হল্যান্ডের বিপক্ষে ৮৮ মিনিটে ডেনিস বার্গক্যাম্পের গোলে আর্জেন্টিনা ২-১ গোলে হেরে বিদায় নেয়।
২০০৬ বিশ্বকাপ
২০০২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও ২০০৬ বিশ্বকাপে দুর্দান্ত একটি দল নিয়েই এসেছিল আর্জেন্টিনা। টুর্নামেন্টের সম্ভাব্য চ্যাম্পিয়নদের মধ্যে ছিল আর্জেন্টিনার নাম। নিজেদের গ্রুপে হল্যান্ডকে পেছনে ফেলে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে ওঠে তারা। সেখানে মেক্সিকোকে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানির বিপক্ষে ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও টাইব্রেকারে ৪-২ গোলে হেরে যায় আলবিসেলেস্তেরা। কিছু ভুল সিদ্ধান্তে আর্জেন্টিনা–সমর্থকেরা কাঠগড়ায় তোলেন কোচ হোসে প্যাকারম্যানকে। তরুণ লিওনেল মেসিকে তিনি মাঠেই নামাননি। আবার ৭২ মিনিটে তুলে নেন মাঝ মাঠের প্রাণভোমরা হুয়ান রিকুয়েলমে।
২০১০ বিশ্বকাপ
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আর্জেন্টিনা গিয়েছিল ফেবারিট হিসেবেই। ম্যানেজার ছিলেন ছিয়াশির নায়ক ডিয়েগো ম্যারাডোনা, দলে ছিলেন ফর্মের তুঙ্গে থাকা লিওনেল মেসি। এই দুজনের যুগলবন্দীতে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা। গ্রুপের তিন ম্যাচই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠে যায় আর্জেন্টিনা। মেক্সিকোকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালেও চলে যায় তারা। আর্জেন্টিনা ফুটবলের চিরকালীন দুঃখগাথা হয়ে আছে জার্মানির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার সেই ম্যাচটা।
২০১৪ বিশ্বকাপ
মাঝারি মানের দল নিয়ে ২০১৪ বিশ্বকাপে আসা আর্জেন্টিনা ছিল না ফেবারিটদের তালিকায়। লিওনেল মেসিই ছিলেন সব আশা-ভরসার কেন্দ্রে। মেসির অসাধারণ পারফরম্যান্সের ওপর ভর করে গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পৌঁছে যায় আর্জেন্টিনা। সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে চলে যায় আকাশি-সাদারা। সেমিফাইনালে পূর্ণ ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য সমতা থাকলে টাইব্রেকারে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। সার্জিও রোমেরোর দুই পেনাল্টি উদ্ধার করে আর্জেন্টিনাকে। বিশ্বকাপের আরেকটি ফাইনালে আবারও সেই জার্মানির কাছে স্বপ্নভঙের যাতনা আর্জেন্টাইনদের। মারকানার ফাইনালে ১১৩ মিনিটে গোল খেয়ে হেরে যায় আর্জেন্টিনা। আরও একবার ট্রফির কাছে গিয়েও খালি হাতে ফেরে আর্জেন্টিনা।