
‘গোলরক্ষক ম্যাচের সেরা খেলোয়াড়, এটাই তো বলে খেলাটি কেমন হয়েছে।’ দিদিয়ের দেশমকে একটু হতাশই লাগল। সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধেই জয় নিশ্চিত করে ফেলতে পারত ফ্রান্স। কিন্তু সুইস গোলরক্ষক ইয়ান সমার দুর্দান্ত কয়েকটি সেভ করায় ম্যাচ শেষ হয়েছে গোলশূন্যভাবে।
সুইস কোচ ভ্লাদিমির পেতকোভিচের দাবি, এটাই তাঁদের পরিকল্পনা ছিল, ‘অনেক দলই ভালো রক্ষণের ওপর নির্ভর করে খেলে। আজ (পরশু) সেটিই হয়েছে। তারা কিছু সুযোগ পেয়েছিল, পোস্টে বেশ কয়েকবার বল লেগেছে। কিন্তু সমার দারুণ খেলেছে। প্রথমার্ধে আমরাও ভালো খেলেছি। দ্বিতীয়ার্ধে মাঠের কারণে একটু ম্লান ছিলাম। কিন্তু আমরা মাথা উঁচুই রেখেছি।’
সুইসরা খেলেছে রক্ষণাত্মক মানসিকতা নিয়ে, তবে তাতে ক্ষতি হয়নি দেশমের দলের, ‘আমরা গ্রুপসেরা হতে চেয়েছি এবং হয়েছি। আমরাই বেশি সুযোগ পেয়েছি। আরেকটু নিখুঁত হলে কিংবা ভাগ্য সহায়তা করলে ম্যাচটি জিততাম।’
পরশু ভাগ্য একেবারেই সহায় হয়নি ফ্রান্সের। পল পগবা ও দিমিত্রি পায়েতের দুটি শট লেগেছে পোস্টে। তবে এসব ছাপিয়ে পগবাকে ফর্মে ফিরতে দেখেই সন্তুষ্ট ফ্রেঞ্চ কোচ, ‘প্রথমার্ধে পলই ছিল দলের প্রাণভোমরা। দুটি ভালো শট নিয়েছে সে। দ্বিতীয়ার্ধে সে একটু নিচে নেমে খেলেছে। পগবার সেরাটাই দরকার আমাদের।’
দেশমের দৃষ্টি এখন নকআউট পর্বে। শেষ ষোলোতে ‘সি’, ‘ডি’ কিংবা ‘ই’ গ্রুপের তৃতীয় দলের সঙ্গে খেলতে হবে তাঁদের, ‘রোববার নতুন আরেকটি প্রতিযোগিতা শুরু হবে। আমরা এক সপ্তাহ সময় পাচ্ছি তৈরি হতে।’
গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে উঠেছে সুইজারল্যান্ডও। এই প্রথম ইউরোর নকআউট পর্বে ওঠা—ইতিহাসই গড়া হলো। কোচ পেতকোভিচ অবশ্য এই সাফল্যেই বুঁদ হয়ে থাকছেন না, ‘ইতিহাস পেছনে ফেলে আসছি আমরা। অতীতের অর্জন নিয়ে কেউ বসে থাকে না। আমরা আরও অর্থপূর্ণ কিছু অর্জন করতে চাই।’
শেষ ষোলোতে সুইসদের সম্ভাব্য প্রতিপক্ষ জার্মানি, পোল্যান্ড কিংবা উত্তর আয়ারল্যান্ড। প্রতিপক্ষকে প্রচ্ছন্ন ‘হুমকি’ দিয়ে রাখলেন পেতকোভিচ, ‘আমরা জেতার জন্যই খেলব, শুধু খ্যাতির জন্য নয়। আমরা যেটা জানি তাহলো ম্যাচটি শনিবার সেঁত এতিয়েনে এবং দুপুর ৩টায়। এখন অন্য দলটির দায়িত্ব এটা নিশ্চিত করা, তারা আমাদের বিপক্ষে খেলার মতো ভালো!’ রয়টার্স।