নকআউটেই চেনা জার্মানি!

শুরুতেই একটা ছোট্ট তথ্য। সর্বশেষ ১৯৯৬ ইউরোর গ্রুপ পর্বে কোনো গোল খায়নি জার্মানি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সর্বশেষ মহাদেশ জয়ও সেবারই। ২০১৬ ইউরোতেও কি তাহলে তেমন কিছু হবে?
জার্মানি আশায় বুক বাঁধতেই পারে। এবারও তো গ্রুপের তিন ম্যাচে নিজেদের জাল অক্ষত রেখেছে জোয়াকিম লোর দল। কিন্তু শেষ ষোলোয় আজ স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের আগে জার্মানদের ঘিরে তবু শঙ্কার মেঘ একটু আছে। কারণও আছে। তিন ম্যাচে নিজেদের রক্ষণে কোনো আঁচ লাগতে দেয়নি সত্যি, কিন্তু জার্মানির আক্রমণের দৈন্য বেশি করে চোখে পড়েছে। কিন্তু তিন ম্যাচে জার্মানি গোল পেয়েছে মাত্র ৩টি!
এই ম্যাচের আগে তাই গত কয়েকটি বিশ্বকাপ-ইউরোর পুরোনো ‘খুনে জার্মানি’কে ফিরে পেতে ব্যাকুল জার্মানি। গোলকিপার ম্যানুয়েল নয়্যারও প্রতিশ্রুতি দিচ্ছেন, নকআউট পর্বে জার্মানির সেরাটাই বেরিয়ে আসবে, ‘নকআউট ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। তবে আমরা জানি প্রয়োজনের সময় কীভাবে মনোযোগ ধরে রাখতে হয়। অতীত টুর্নামেন্টগুলো তা-ই বলে। আমরা জানি মানুষ আমাদের কাছ থেকে সেরাটা দেখতে চায়, সে জন্য শতভাগ প্রস্তুতও আছি।’
ইউরোর শুরু থেকে কেন সেরা জার্মানিকে দেখা যায়নি, সেটির ব্যাখ্যাও দিলেন নয়্যার, ‘এমন তিনটি দলের বিপক্ষে খেলেছি, যারা বলের পেছনে দলের সবাইকে জড়ো করে রাখে। আমরা খুব বেশি জায়গা পাইনি। এসব ম্যাচে তাই বড় ব্যবধানে জেতা খুব সহজ নয়।’ নয়্যারের এই ব্যাখ্যা অবশ্য উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপের শেষ ম্যাচের সঙ্গে ঠিক মেলে না। ৫-৬ গোল করার সুযোগ পেয়েও সেদিন ন্যূনতম ব্যবধানে জিতেছে জার্মানি।
আজ স্লোভাকিয়ার বিপক্ষে তেমন কিছু হলে তিনবারের ইউরোজয়ীদের ভুগতে হতে পারে। সেরা চার তৃতীয় দলের একটি হয়ে শেষ ষোলোতে আসা স্লোভাকরা ইউরোর আগে প্রস্তুতি ম্যাচে এই জার্মানিকেই হারিয়েছে ৩-১ গোলে। ওই ম্যাচটিই স্লোভাকিয়া মিডফিল্ডার ভ্লাদিমির ভাইসের প্রেরণা, ‘দুর্দান্ত একটি দল ওরা। ম্যাচে আমাদের বাড়তি কিছু ঢেলে দিতে হবে। তবে কয়েক সপ্তাহ আগেই ওদের সঙ্গে খেলেছি আমরা, ওদেরই মাঠে জিতেছিলামও।’
ইউরোতে ভাইস দুর্দান্ত খেলছেন। বিশেষ করে হামসিকের সঙ্গে তাঁর বোঝাপড়াটা দুর্দান্ত। তবে হামসিককেই বেশি ভয় নয়্যারের, ‘হামিসক কী করতে পারে, সেটি সবাই জানে। বেশি নয়, ওর গোলের ইউটিউব ভিডিওগুলো দেখলেই বুঝবেন। আমাদের ডিফেন্সিভ মিডফিল্ডারদের ওকে শট নেওয়ার কোনো সুযোগই দেওয়া চলবে না।’
জেরোম বোয়াটেংয়ের খেলা নিয়ে আজ সংশয় আছে, তবে তাঁকে ছাড়াও স্লোভাকদের আটকে রাখা খুব একটা কঠিন হয়তো হবে না জার্মানির। তাঁদের চ্যালেঞ্জ বরং নিজেদের সুযোগ ঠিকমতো কাজে লাগানো। বৃষ্টি ও টানা ম্যাচের ধকলে ধ্বস্ত লিলের পিচের ঘাস বদলে ফেলা হয়েছে, বদলে যাওয়া মাঠে বদলে যাওয়া জার্মানির দেখা মিলবে? এএফপি, রয়টার্স।