নকআউটের উত্তাপ আজ থেকে
নকআউট পর্ব মানেই বাড়তি উত্তেজনা। আজ থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেই উত্তেজনা সত্যি সত্যিই পাওয়া গেলে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল পর্বটা জমে ওঠারই কথা।
গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী নেই। ঐতিহ্যবাহী মোহামেডানের বিদায়ও বড় আলোচনার বিষয় নয়। হ্যাটট্রিক শিরোপার সামনে দাঁড়ানো শেখ জামাল তো আছে। দীর্ঘ শিরোপা-খরা কাটাতে উদ্গ্রীব আবাহনী ভালো কিছু করতে মরিয়া। বড় বাজেটের দল শেখ রাসেল নিজেদের প্রমাণ করতে তৈরি। গত দুবারের রানার্সআপ মুক্তিযোদ্ধাও চাইবে শিরোপা জিততে।
এই দলগুলোর পথে কাঁটা বিছাতে ছক কষছে আরামবাগ, ব্রাদার্সের মতো দলগুলো। আরামবাগ শীর্ষ ফুটবলে ফিরে এখন পর্যন্ত এ মৌসুমে ৭ ম্যাচের মধ্যে হেরেছে মাত্র একটি। পাঁচটি ড্র, এক জয়। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচেই আজ বিকেল পৌনে চারটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামালের পরীক্ষা নিতে নামবে আরামবাগ। গতবার শেষ আটের লড়াইয়ে ব্রাদার্স প্রায় বিদায়ই করে দিয়েছিল শেখ জামালকে। ২-২ ম্যাচটা টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে সেমিফাইনালে ওঠে চ্যাম্পিয়নরা।
সেই শেখ জামাল চলতি মৌসুমে ৮ ম্যাচের ৫টি জিতলেও সেরাটা এখনো দিতে পারেনি। ২০১৩ সালে দলটি সনি নর্দের হাত ধরে চ্যাম্পিয়ন হয়েছিল, গতবারের নায়ক ওয়েডসন। এবার ফেডারেশন কাপের গ্রুপ পর্বে উত্তর বারিধারাকে ৬-২ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে ল্যান্ডিং হ্যাটট্রিক করলেও পরের ম্যাচে খেলেননি এই গাম্বিয়ান ফরোয়ার্ড। দ্বিতীয় ম্যাচে ব্রাদার্সের কাছে পরশু শেখ জামাল হেরে যায় ২-১ গোলে। গ্রুপ পর্বে ব্রাদার্সই একমাত্র দল, যারা জিতেছে দুটি ম্যাচই। নেপালি কোচ বাল গোপাল মহারাজনের অধীনে ‘গোপীবাগের সিংহরা’ স্বপ্ন দেখছেন বড় কিছু করার।
তবে আবাহনী আর শেখ রাসেলের সম্ভাবনাই বেশি দেখছেন মোহামেডান কোচ জোসিম উদ্দিন জোসি। তাঁর চোখে শেখ রাসেল ভারসাম্যপূর্ণ দল, আবাহনীর সামর্থ্য আছে ভালো কিছু করার। জোসি বলছিলেন, ‘আবাহনী বা শেখ রাসেলের যে কেউ ট্রফিটা নিতে পারে। সম্ভাবনার দিক থেকে শেখ জামালকে রাখব তিনে।’