নক্ষত্র হারানোর বছর বাংলাদেশের ফুটবলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২০–এ ক্যানসার আক্রান্ত হয়ে চলেই গেলেন বাদল রায়
সংগৃহীত

ফেসবুকেই সেদিন কে যেন লিখেছিলেন কথাটা, ‘২০২০ সালে যে পরিমাণ মৃত্যু নিয়ে ফেসবুকে লিখেছি, আর কখনোই এমনটা হয়নি।’

২০২০ আসলেই অন্য রকম এক অভিজ্ঞতার মুখোমুখি এনে দাঁড় করিয়েছে সারা পৃথিবীর মানুষকে। বছরজুড়ে মৃত্যুর মিছিল। করোনা অতিমারিতে তো আছেই, সাধারণ মৃত্যুও এ বছরটা যেন সীমা ছাড়িয়ে গিয়েছিল। খেলার দুনিয়ার জন্য এটি ছিল ভুলে যাওয়ারই বছর। ডিয়েগো ম্যারাডোনাই তো চলে গেলেন। পাওলো রসিও অনুসরণ করলেন ফুটবলসম্রাটকে। ইরাকের ফুটবল কিংবদন্তি আহমেদ রাধিও মারা গেলেন করোনায়। ক্রিকেট বলুন কিংবা অন্য যেকোনো খেলা, চিত্রটা একই। তবে বাংলাদেশের ফুটবলের ক্ষেত্রে ফেসবুকের সেই লেখাটাই আরও বেশি সত্যি। ২০২০ সালে বাংলাদেশের ফুটবলের এমন সব নাম বিদায় নিলেন, এমনটা সাম্প্রতিক অতীতে কখনো হয়েছে কি না, এ নিয়ে সন্দেহের অবকাশ আছে।

মোহামেডানের সালাউদ্দিনও চলে গেলেন (দাঁড়ানো বাম দিক দিয়ে দ্বিতীয়)
সংগৃহীত ছবি

নওশেরুজ্জামান, বাদল রায়, গোলাম রব্বানি হেলাল, নূরুল হক মানিক, মোহাম্মদ সালাউদ্দিন—একটা দারুণ ফুটবল দলের অর্ধেক সদস্য তো এতেই হয়ে যায়। নামগুলোর দিকে চেয়ে দেখুন। সবাই বাংলাদেশের ফুটবলের মণিমুক্তা। সত্তরের দশকে মোহামেডান ও জাতীয় ফুটবল দলের বড় নাম নওশেরুজ্জামান চলে গেলেন করোনায়। এ রোগের উপসর্গ নিয়েই হঠাৎই মারা গেলেন নূরুল হক মানিক ও মোহাম্মদ সালাউদ্দিন। দীর্ঘদিন কিডনি রোগে ভুগে সব যন্ত্রণার অবসান ঘটালেন গোলাম রব্বানি হেলাল। আর বাদল রায়ের মৃত্যুটা ছিল এ দেশের ফুটবলপ্রেমীদের জন্য বড় ধাক্কাই। ২০১৭ সালে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর দ্বারে পৌঁছে গিয়েছিলেন। সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা শেষে পেয়েছিলেন নতুন জীবন। এত বড় ধাক্কা সামলিয়ে ঘুরে দাঁড়ানো দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা যে লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে কারও কিছু বুঝে ওঠার আগেই পৃথিবী ছেড়ে চলে যাবেন, সেটা কে ভেবেছিলেন!

হঠাৎ করেই চলে গেলেন নূরুল হক মানিক।
সংগৃহীত ছবি

করোনার সাধারণ ছুটি চলছিল তখন। নিষ্প্রাণ এক ঈদ উদ্‌যাপন করেছে দেশের মানুষ। প্রতিদিনই করোনা রোগী বাড়ছে। বাড়ছে মৃত্যু। এমন একটা সময়ই ফুটবল অঙ্গন কাঁদিয়ে খবরটা এল—৬৭ বছর বয়সেই চলে গেছেন গোলাম রব্বানি হেলাল। সেই হেলাল। আশির দশকের সুদর্শন, কেতাদুরস্ত এক তারকা। আবাহনীর হেলাল হিসেবেই পরিচিত ছিলেন। জাতীয় দলে ছিলেন নিয়মিত মুখ। আবাহনীর স্বর্ণযুগে যে কয়জন তারকা ফুটবলারের নাম ফুটবলপ্রেমীরা এক নিশ্বাসে নিয়ে ফেলতেন, তাঁদের মধ্যে আসত এই হেলাল নামটি। ১৯৮২ সালে আবাহনী-মোহামেডান ম্যাচে গোলযোগের সূত্র ধরে কাজী সালাউদ্দিনসহ আবাহনীর যে চার তারকা ফুটবলারকে সামরিক আদালতে জেল দেওয়া হয়েছিল, তাঁদের মধ্যে হেলাল ছিলেন অন্যতম। খেলা ছাড়ার পর সফল ব্যবসায়ী হেলাল জড়িয়ে ছিলেন প্রিয় আবাহনী ক্লাব ও দেশের ফুটবলের সঙ্গে। বছর কয়েক আগে হঠাৎই জানা গেল কিডনি রোগে আক্রান্ত তিনি। এরপর থেকেই নিজেকে বেশ গুটিয়ে নেন। নিয়মিত ডায়ালাইসিস করতে হতো তাঁর। দেশের বাইরেও চিকিৎসার জন্য গিয়েছিলেন অনেকবার। গত ৩১ মে সব চিকিৎসা, ভালোবাসা আর শঙ্কা-উৎকণ্ঠার ঊর্ধ্বে চলে যান তিনি।

আশির দশকে ফুটবলের বড় নাম গোলাম রব্বানি হেলাল।
সংগৃহীত ছবি

হেলারের মৃত্যুর শোক ফুটবল অঙ্গন কাটিয়ে উঠতে না উঠতেই ধাক্কা। হেলালের মৃত্যুর দিনই করোনার উপসর্গ নিয়ে মারা যান মোহাম্মদ সালাউদ্দিন। দেশের ফুটবলে খুব বড় তারকা যে তিনি ছিলেন, সেটা বলা যাবে না। তবে আশির দশকের শেষ কিংবা নব্বইয়ের দশকের শুরুর দিকে মোহামেডানের পাঁড় সমর্থকেরা তাঁকে খুব ভালো করেই চিনবেন। কায়সার হামিদ, আবুল হোসেন কিংবা ইমতিয়াজ সুলতান জনিদের সঙ্গে এই সালাউদ্দিনও রক্ষণভাগের অতন্দ্রপ্রহরী ছিলেন সাদা-কালো শিবিরের। ইরানি কোচ নাসের হেজাজির প্রিয় হিসেবে সে সময় তারকায় ঠাসা মোহামেডানের অনেককেই পেছনে ফেলে নিয়মিত ছিলেন একাদশে। জাতীয় দলেও খেলেছেন—১৯৯০ বেইজিং এশিয়াডে। খেলেছেন সাদা–কালো জার্সিতে মহাদেশীয় টুর্নামেন্ট এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ কিংবা কাপ উইনার্স কাপে (এখন নাম এশিয়ান চ্যাম্পিয়নস লিগ ও এএফসি কাপ)। ১৯৯১ সালে ঢাকায় অনুষ্ঠিত দশম এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে ইরানের ইশতেগলাল, থাইল্যান্ডের ব্যাংকক ব্যাংক ও উত্তর কোরিয়ার এপ্রিল ২৫ ক্লাবের বিপক্ষে মোহামেডানের রক্ষণ সামলিয়েছিলেন নিজের সামর্থ্যের প্রকাশ ঘটিয়েই। ক্যারিয়ারটা বড় করেননি। ব্যবসায় মনোযোগী হয়ে নারায়ণগঞ্জে গড়ে তুলেছিলেন তৈরি পোশাকের শিল্প। সেই সালাউদ্দিনের করোনার উপসর্গ ছিল, পরীক্ষা করিয়েছিলেন, কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। নিশ্চিন্ত হয়েই হয়তো প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করেননি। আসলে করোনা মহামারির ওই সময়টায় এর চিকিৎসাপদ্ধতিও পুরোপুরি নখদর্পণে ছিল না চিকিৎসকদের। বন্ধুস্থানীয়দের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এর মধ্যেই হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

করোনা কেড়ে নিয়েছেন দেশের ফুটবল–নস্টালজিয়ার অন্যতম মুখ নওশেরুজ্জামানকে।
সংগৃহীত ছবি

নূরুল হক মানিককে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা মনে রাখবেন একজন পরিশ্রমী ও কুশলী মিডফিল্ডার হিসেবে। ১৯৮৯ ইসলামাবাদ সাফ গেমসে ভারতের বিপক্ষে প্রায় ২৫ গজ দূর থেকে এক দৃষ্টিনন্দন গোল করেছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনে ব্রাদার্স ইউনিয়ন ও মোহামেডানের অধিনায়কত্ব করেছেন। দুই ক্লাবকেই জিতিয়েছেন ফেডারেশন কাপ। ১৯৮৯ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত টানা খেলেছেন জাতীয় দলে। খুব বেশি ম্যাচ খেলার হয়তো সুযোগ পাননি। কিন্তু বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বড় নামই ছিলেন তিনি। খেলা ছাড়ার পর বয়সভিত্তিক কোচ হিসেবে কাজ করছিলেন বাফুফেতে। তাঁর মৃত্যুও করোনার উপসর্গে। যেদিন মারা যান, সেদিন করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তাঁর। উচ্ছল, চিরতরুণ মানিকের মৃত্যুর ধাক্কা আজ ছয় মাস পরেও তাড়িয়ে বেড়ায় বাংলাদেশের ফুটবল-সংশ্লিষ্টদের।

নওশেরুজ্জামান সত্তরের দশকের ঢাকার ফুটবলের ডাকসাইটে নাম। বয়স ৭২ হয়ে গিয়েছিল। এই বয়সে কোভিডে আক্রান্ত হওয়াটা যেকোনো বিচারেই বড় ঝুঁকির। আক্রান্ত হওয়ার পরপরই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা চলছিল। কিন্তু তাঁর শরীর যেন করোনার কালে আত্মসমর্পণই করে ফেলেছিল। অক্সিজেন সাপোর্ট, লাইফ সাপোর্ট—কিছুতেই কিছু হয়নি। শেষ পর্যন্ত ২১ সেপ্টেম্বর দুঃসংবাদটা চলেই আসে। স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম ফুটবল-সৈনিক, যিনি রাঙিয়েছিলেন মোহামেডানকে, জাতীয় দলের জার্সিতে দেখিয়েছিলেন দাপট, তিনি চলে যান পরপারে।

১০০ টাকায় নিজের প্রিয় ঘড়িটি বিক্রি করে ১৯৭১ সালে তিনি ভারতে ছুটে যান স্বাধীন বাংলা ফুটবল দলে যোগ দিতে। স্বাধীন বাংলা দলে যাওয়ার অনেক আগেই ১৯৬৭ সালে ঢাকার ফুটবলে তাঁর শুরু বাংলাদেশ রেলওয়ের জার্সিতে। ১৯৬৮ সালে ওয়ারী, ৬৯-এ ফায়ার সার্ভিস, ৭০-এ ভিক্টোরিয়ায় খেলেন। ৭২-৭৪-এ ওয়াপদা, ৭৫-৭৭-এ মোহামেডান। ৭৮-৮০ সালে ঢাকা ওয়ান্ডারার্সে খেলে ফুটবল জীবনের ইতি। জাতীয় দলে খেলেন ১৯৭৩-৭৬ সাল অবধি। ফুটবল অধিনায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, সম্মিলিত বিশ্ববিদ্যালয় দলের। ক্রিকেটে তিন বছর ভিক্টোরিয়া ও পাঁচ বছর কলাবাগানের অধিনায়ক ছিলেন তিনি। এ দেশের ফুটবল নস্টালজিয়ায় ঘুরেফিরেই আসে নওশেরের কথা।

ফুটবল নস্টালজিয়ার প্রসঙ্গ উঠলে বাদল রায়ের নাম তো আসেই। দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ড। মোহামেডানের ‘১০ নম্বর’ জার্সিধারী বাদল রায়। ২০১৭ সাল থেকে ভুগছিলেন। ভয়াবহ স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। বাঁচার আশাই ছিল না। সিঙ্গাপুরে গিয়ে দীর্ঘ চিকিৎসার পর প্রায় নতুন জীবনই পেয়েছিলেন। কিন্তু স্ট্রোক তাঁর শারীরিক সামর্থ্যের অনেকটাই কেড়ে নিয়েছিল। আগের সেই সুদর্শন, কর্মতৎপর বাদল রায়কে আর পাওয়া যায়নি। তারপরও ফুটবলের সঙ্গেই জড়িয়ে ছিলেন। বাফুফের সহসভাপতি হিসেবে অনেক বিষয়েই ছিলেন সোচ্চার। মুখোমুখি দাঁড়িয়েছিলেন কাজী সালাউদ্দিনের। বাফুফে নির্বাচন করেছিলেন অনেক নাটকের পর। ৪০ ভোট পেয়ে নির্বাচিত হতে পারেননি। কিন্তু সেই বাদল রায়ই লিভার ক্যানসারে আক্রান্ত হওয়ায় অল্প কয়েক দিনের মধ্যেই যে সবাইকে ছেড়ে চলে যাবেন, এটা ছিল অচিন্তনীয়। ১৯৮২ দিল্লি এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয়ে নায়ক ছিলেন তিনি। মালয়েশিয়ার বিপক্ষে তাঁর পা থেকেই এসেছিল জয়সূচক গোলটি। মোহামেডানের ঘরের ছেলে হিসেবে ১৯৮৬ সালে টানা তিন মৌসুম ব্যর্থতার পর জিতিয়েছিলেন লিগ শিরোপা। সুন্দর প্লে মেকিংয়ে প্রতিপক্ষকে ছত্রখান করে দেওয়া বাদল রায় জীবনের শেষ লড়াইটা জিতলে দেশের ফুটবল বড় উপকৃতই হতো।

২০২০ সাল হয়ে রইল বাংলাদেশের ফুটবলে শোক আর কান্নার বছর!