নখদন্তহীন বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসির ছবিটিই বলে দিচ্ছে সব ছবি: রয়টার্স
মেসির ছবিটিই বলে দিচ্ছে সব ছবি: রয়টার্স

গেটাফের বিপক্ষে হতাশার ড্র অনেকটাই পিছিয়ে দিল বার্সেলোনাকে। এই মুহূর্তে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে কাতালানরা পিছিয়ে চার পয়েন্টে। কোচ লুইস এনরিকের ট্যাকটিক্যাল খেলা সম্প্রতি চ্যাম্পিয়নস লিগ ম্যাচে পিএসজির বিপক্ষে কার্যকর হলেও গেটাফের বিপক্ষে তা অকার্যকর ও দিক-দর্শনহীন প্রমাণিত হয়েছে। সবচেয়ে বড় কথা এই ম্যাচে দলটির ফাঁকফোকর খুব বাজেভাবে সামনে চলে এসেছে, যা সামনের দিনগুলোতে সমস্যা হয়ে দেখা দিতে পারে। খুব দ্রুতই এই সমস্যাগুলো সমাধান না হলে টানা দ্বিতীয়বারের মতো শিরোপাহীন থাকতে হবে জনপ্রিয় এ দলটিকে।
যেমনটা প্রতি ম্যাচে হয় আর কি, গেটাফের বিপক্ষেও তার কোনো ব্যত্যয় ঘটেনি। পুরো ম্যাচেই বলের দখল ছিল বার্সেলোনা খেলোয়াড়দেরই পায়ে। কিন্তু বলের দখল পায়ে রাখলেও গোল করার ব্যর্থতা পুরো ম্যাচেই ছিল দৃষ্টিকটু। কলিসেয়াম আলফোনসো পেরেজের কিছুটা নিম্নমানের মাঠে মেসিকে প্রথম থেকেই নিচের দিকে নামিয়ে খেলানো হয়েছে। বার্সেলোনার গোলের সুযোগ তৈরি করতে না পারার অন্যতম কারণ হতে পারে এটি। পুরো ম্যাচেই বল হাতড়ে বেরিয়েছেন আর্জেন্টাইন তারকা। ম্যাচে মেসিকেন্দ্রিক ঘটনা বলতে দুটো। দুটোই ফ্রি-কিক থেকে। কাল একটি ফ্রি-কিক থেকে আবারও ‘বারপোস্ট-দুর্ভাগ্যে’র শিকার তিনি। তাঁর অপর শটটি ঠেকিয়ে দেন গেটাফে গোলরক্ষক ভিসেন্তে গুয়াইতো।
মেসিকে নামিয়ে নিয়ে আসার পরীক্ষা-নিরীক্ষা করে এনরিকে কী পেলেন? ইভান রাকিতিচ ঘোরাফেরা করেছেন নিজের সীমানাতেই। মেসিকে নিচে নামিয়ে নিয়ে এসে দুই উইং দিয়ে আক্রমণ চালানোর পরিকল্পনাটা ব্যর্থ হয় ব্যাক জরদি আলবা আর দানি আলভেজের নিষ্ক্রিয়তায়। বার্সেলোনা সমর্থকদের দুঃখটা বোধগম্যই। মৌসুমের তিন ভাগের এক ভাগ পেরিয়ে যাওয়ার পরও কোচ এনরিকে দলের জন্য কার্যকর ও পরিচয় সৃষ্টিকারী কোনো ফরমেশনই চূড়ান্ত করতে পারলেন না!
পুরো ম্যাচে ২৩টি প্রচেষ্টার একটিও গোলে পরিণত করতে না পারাটা বার্সেলোনার মতো দলের জন্য বিরাট ব্যর্থতাই। লিওনেল মেসি তাঁর সর্বশেষ ১৩টি অ্যাওয়ে ম্যাচে গোল পেয়েছেন মাত্র দুটি। এ ব্যাপারগুলো যত না খেলোয়াড়ি ব্যর্থতা, তার চেয়ে অনেক বেশি ট্যাকটিক্যাল ব্যর্থতা হিসেবে আলোচিত হচ্ছে সমর্থকদের মধ্যেই।
বার্সেলোনা অবশ্য খেলার শুরুতেই একটা পেনাল্টি পেতে পারত। নিজেদের বক্সের মধ্যে গেটাফের হুয়ান ভ্যালেরার হ্যান্ডবল দৃষ্টি এড়িয়ে যায় রেফারির। তবে পর মুহূর্তে দানি আলভেজ ভ্যালেরার মতোই বক্সের মধ্যে হ্যান্ডবলের ‘অপরাধ’ করলেও সেটা এড়িয়ে গিয়ে পরিস্থিতি ‘ব্যালান্স’ করেন রেফারি। তবে খেলার একেবারে অন্তিম লগ্নে গেটাফে ফুটবলাররা নিজেদের ‘বঞ্চিত’ ভাবেন আলভেরো ভাসকুয়েজের গোলের মুহূর্তে রেফারি শেষ বাঁশি বাজিয়ে দিলে। গেটাফে এ ঘটনায় রেফারির কাছ থেকে ‘অ্যাডভানটেজ’ প্রত্যাশা করেছিল।
ম্যাচ শেষে কলিসিয়াম আলফানসো পেরেজের নিম্নমানের মাঠের সমালোচনা করেছেন বার্সেলোনার ক্রীড়া পরিচালক অ্যান্দোনি জুবিজারেতা। তিনি বলেছেন, ‘খেলা শুরুর সময় আর মাঠের বাজে অবস্থা আমাদের ভালো খেলতে অসুবিধার সৃষ্টি করেছে।’
জুবিজারেতার কণ্ঠে ‘যত দোষ নন্দ ঘোষে’র ব্যাপার থাকলেও আত্মসমালোচনা ছিল কোচ লুইস এনরিকের কণ্ঠে, ‘আমরা একটা সময় রিয়ালের চেয়ে পয়েন্টে এগিয়ে ছিলাম। এখন পিছিয়ে পড়েছি। সত্যি বলতে কি, মুদ্রার অন্য পিঠটি দেখব ভাবিনি। আজকের ম্যাচে প্রতিপক্ষের চেয়ে আমরা অনেক এগিয়ে ছিলাম। কিন্তু এসব বলার আগে ভেবে দেখা দরকার আজকের ম্যাচে আমরা কয়টি গোলের সুযোগ হাতছাড়া করেছি।’ সূত্র: মার্কা।