>

জাতীয় দলকে আরও শক্তিশালী করা প্রয়োজন। এই ভাবনা থেকেই তিন আফ্রিকান ফুটবলারকে নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অনেকে এই উদ্যোগকে ভালো বলতে রাজি নন। ফুটবল ফেডারেশনের পক্ষে এর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন সাবেক ফুটবলার ও বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী।

গত কিছুদিনে আমাদের জাতীয় দল বেশ কিছু ম্যাচ হেরেছে বা ড্র করেছে শেষ মুহূর্তের গোলে। ১-০ গোলে এগিয়েও দ্বিতীয় গোলটা না পাওয়ায় অনেক জেতা ম্যাচ হাতছাড়া হয়েছে। এই দুর্বলতা কাটিয়ে উঠতে তিন আফ্রিকানকে জাতীয় দলে নেওয়ার উদ্যোগে দোষের কিছু দেখছি না।
আমি বরং আশাবাদী, এদের নিলে কিছু ম্যাচ আমরা জিতব। এদের মধ্যে দুই স্ট্রাইকার বাঙ্গুরা আর শিগোজির গোল করার ক্ষমতা স্থানীয়দের চেয়ে বেশি। ওরা অর্ধেক সুযোগ কাজে লাগিয়েও গোল করে। সুযোগটা তাই আমরা নেব না কেন?
সত্যি বলতে, এটা এখন সময়ের দাবি। পাকিস্তান ও আফগানিস্তানের খেলোয়াড় নিয়ে যদি সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপ ক্রিকেটে খেলতে পারে, সমস্যা কোথায়? আমি তো সমস্যা দেখি না।
আমি শুধু বলব, বাংলাদেশ দলে তিন-চারজন ভালো খেলোয়াড় খুব দরকার। সেই ভালো খেলোয়াড় আমরা কোথায় পাব, সেটিই বড় প্রশ্ন। হাতের কাছে আছে এই আফ্রিকানরাই, এদের দক্ষতা আছে। ঘরোয়া ফুটবলে তা আমরা দেখেছি। এ কারণেই আমার বিশ্বাস, ওদের দলে নিলে শুধু সাফ জেতা নয়, আমরা আরও ভালো জায়গায় যেতে পারব।
অনেকের অনেক মতই শুনছি, এই আফ্রিকানদের বয়স ত্রিশ হয়ে গেছে, এরা আর কতটা কী দিতে পারবে! আন্তরিকভাবে খেলবে কিনা! কিংবা এতে আমাদের ফরোয়ার্ড লাইনে খেলোয়াড় আরও কমে যাওয়ার শঙ্কা অনেকের। এও শুনছি, আমাদের খেলোয়াড়েরা নিরুৎসাহী হবে। বন্ধ হয়ে যাবে খেলোয়াড় উঠে আসা।
এসব বিষয় নিয়ে বিতর্ক হতেই পারে। তবে ১৯৮০ সালে আমি যদি এনায়েত ভাইয়ের জায়গায় মোহামেডানে খেলতে পারি, এখনকার খেলোয়াড়েরা পারবে না কেন? সব দিক বিবেচনা নিয়েই বলতে হচ্ছে, এই খেলোয়াড়দের জাতীয় দলে নিলে দেশের ফুটবলের মান আন্তর্জাতিকভাবে বাড়বে। মানুষ উৎসাহিত হবে, মাঠে আসবে। ৫০-৫০ ম্যাচগুলো তখন আমরা জিতব।
জেতাটা ভীষণ দরকার। কেউ কেউ এই বাস্তবতা ভুলে থাকতে চান। না জিতলে আপনি একটা স্পনসরের কাছে যাবেন কোন মুখে? ফুটবল চালাতে এখন কাঁড়ি কাঁড়ি টাকা প্রয়োজন। জাতীয় দল সাফল্য না পেলে টাকা কেউ দেবে না। তাই জাতীয় দলের সাফল্য পাওয়া অতি জরুরি।
হ্যাঁ, বলতে পারেন এভাবে কত দিন চলবে? বিষয়টা নিয়ে ফেডারেশনে এখনো আলোচনা হয়নি। সেটি হোক না-হোক বাস্তবতা বলছে, আসলামের মতো একজন গোলস্কোরার প্রয়োজন আমাদের। তেমন কেউ থাকলে গত ১০ ম্যাচের সাত-আটটাই হয়তো আমরা জিততে পারতাম। মাঠে সুযোগ ঠিকই তৈরি হচ্ছে আমাদের। কিন্তু স্ট্রাইকিং জোনে গিয়ে আমরা আটকে যাচ্ছি।
ওই গেরোটা খোলাই এই মুহূর্তে বড় কাজ আমাদের। তবে এটি দীর্ঘস্থায়ী নয়, সাময়িক। ব্যক্তিগতভাবে মনে করি, সর্বোচ্চ বছর তিনেক চলতে পারে। এই সময়ের মধ্যে আফ্রিকানদের ফর্মও হয়তো আর সেভাবে থাকবে না। তত দিনে আমাদের কিছু খেলোয়াড় বেরিয়ে আসবে। আমরা একাডেমি করেছি, সেটির সুফল পেলে ভাড়াটে খেলোয়াড় নেওয়ার প্রয়োজনই থাকবে না।