নড়েচড়ে বসছে বাফুফে
আবার আলোচনায় পাতানো খেলা। মাঝখানে বছর দুয়েক খুব একটা আলোচনায় ছিল না। তবে এবার প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষেই সন্দেহজনক ম্যাচ হচ্ছে বলে অনেকে অভিযোগ করছেন। রহমতগঞ্জের দিকে আছে সন্দেহের তির। অবনমন বাঁচানোর লড়াইয়ে থাকা দলগুলো অনৈতিকভাবে পয়েন্ট পাওয়ার চেষ্টা করছে বলে অনেকে বলছেন।
তবে সব ছাপিয়ে ১৫ ডিসেম্বর ২-১ গোলে এগিয়ে থাকা ম্যাচটা যেভাবে আবাহনীর কাছে অতিরিক্ত সময়ে দুই গোল খেয়ে হেরে গেল শেখ জামাল, তাতে ম্যাচটা নিয়ে সন্দেহ জেগেছে। শেখ জামালের দুই বিদেশি খেলোয়াড় ল্যান্ডিং ও এমেকা বলেছেন, তাঁদের দল ইচ্ছাকৃতভাবে হেরে গেছে শেষ মুহূর্তে। চট্টগ্রাম আবাহনী যেন চ্যাম্পিয়ন হতে না পারে, সে জন্যই এমনটা করা হয়েছে বলে অভিযোগ তুলছেন দলটির কর্মকর্তারা।
এ নিয়ে বাফুফে কোনো তদন্তে নামেনি। এ বছর এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ অবশ্য করেনি। তাই এখনো কোনো ম্যাচের ভিডিও পাঠানো হয়নি পাতানো খেলা-সংক্রান্ত কমিটির কাছে। তবে কাল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা নিজস্ব উদ্যোগে ওই ম্যাচের ডিভিও দেখব। যদি মনে হয় এটি নিয়ে সন্দেহ করার কিছু আছে, লিগ কমিটির সভায় তা তোলা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব।’