নতুন অভিযানে কেমন হবে বার্সা?

বার্সেলোনা-ভক্তরা হয়তো খুব করে চাইবেন ২০১৩-১৪ মৌসুমটা ভুলে যেতে! এ মৌসুমটায় বার্সার প্রাপ্তির খাতাটা যে শূন্য আর রিক্ত। মৌসুম ক্যালেন্ডারে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, কোপা ডেল রে—বড় শিরোপার পাশে ‘ক্রস’! ‘টিক’ কেবল কেবল স্প্যানিশ সুপার কাপের পাশে। মৌসুমের পর মৌসুমে সাফল্য পাওয়া একটা ক্লাবের খেরোখাতায় এমন শূন্যতা বড্ড বেমানান। পেছনের ব্যর্থতা ভুলে বার্সা-ভক্তরা বুক বাঁধছেন নতুন আশায়। প্রশ্নটা এখানেই, কাতালান জায়ান্ট কি পারবে নতুন মৌসুমে নিজেদের ফিরে পেতে?
গেল মৌসুমে অনেক সমস্যা অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছিল বার্সাকে। নেইমারের চুক্তিসংক্রান্ত বিতর্ক ও তার জের ধরে তত্কালীন সভাপতি সান্দ্রো রোজেলের পদত্যাগ। মৌসুমের মাঝপথে লিওনেল মেসির চোট। কর-বিতর্কে জেরবার মেসি ও তাঁর বাবা। সঙ্গে যোগ হলো অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় কেনা-বেচার জটিলতায় ফিফার নিষেধাজ্ঞা। সব মিলিয়ে ২০১৩-১৪ মৌসুমে একের পর এক সমস্যার ভারে যেন ন্যুব্জ বিশ্বের অন্যতম সেরা এই ক্লাবটি।
পেছনের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন মৌসুমে নতুন কিছু করার প্রত্যয়ে বার্সা আগামীকাল এলচের বিপক্ষে নামছে মাঠে। নতুন কোচ লুইস এনরিকের তত্ত্বাবধানে এ মৌসুমে বার্সার আক্রমণভাগ আরও ধারালো করতে যোগ দিয়েছেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। সঙ্গে মেসি-নেইমার তো আছেনই। লাতিন আমেরিকার সেরা তিন ফরোয়ার্ড সক্রিয় থাকবেন প্রতিপক্ষের রক্ষণভাগের ঘুম হারাম করতে! অবশ্য নিষেধাজ্ঞার কারণে অক্টোবরের শেষ সপ্তাহের আগে মাঠে নামতে পারবেন না সুয়ারেজ।
মধ্যভাগ শক্ত রাখতে সেভিয়া থেকে এসেছেন ইভান রাকিতিচ। সঙ্গে জাভি-ইনিয়েস্তার মতো অভিজ্ঞ সেনানী তো রয়েছেনই। তবে বার্সার সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে রক্ষণভাগ নিয়ে। কার্লোস পুয়োলের অবসর নিয়েছেন আর গোলরক্ষক ভিক্টর ভালদেস চলে গেছেন। অন্যদিকে জেরার্ড পিকে ও দানি আলভেজের পড়তি ফর্ম। সব মিলিয়ে বার্সার রক্ষণভাগ নিয়ে চিন্তার অবকাশ রয়েছে কোচের। তবে রক্ষণ জমাট করতে ন্যু ক্যাম্পে এসেছেন টমাস ভারম্যালেন ও জেরেমি ম্যাথু আর গোলরক্ষক হিসেবে ক্লদিও ব্রাভো। তাঁরা কতটা আস্থার প্রতিদান দিতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।
তবে অন্যবারের মতো এবারও অবধারিতভাবে দৃষ্টি থাকবে মেসির ওপরই। আর্জেন্টিনা অধিনায়ক জ্বলে ওঠা মানেই বার্সার শিরোপা সম্ভাবনা উজ্জ্বল হওয়া। মেসিই এনরিকের তুরুপের তাস। সুয়ারেজ-নেইমার নিয়ে যত হইচই হোক না কেন, এখনো মেসির পায়ের জাদুর ওপর নির্ভর করে বার্সার সাফল্য। মেসির কাছ থেকে সেরাটা বের করে আনাই হবে এনরিকের অন্যতম চ্যালেঞ্জ। এ-ও ঠিক, মেশিন চালু রাখতে হলে জ্বালানি সরবরাহটাও নিশ্চিতকরণ জরুরি। মেসি নামের গোলমেশিন সচল রাখতে মধ্যমাঠের প্রভাব-প্রতিপত্তি নিশ্চিত করার বিকল্প নেই বার্সার। সব ঠিকঠাক কাজ করলে, বার্সা সমর্থকেরা বিজয়ের আনন্দে ভাসতে পারবেন আবারও।