নতুন আশায় নতুন ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে নেইমার l ছবি: ফেসবুক
অনুশীলনে নেইমার l ছবি: ফেসবুক

জার্মানি ৭: ১ ব্রাজিল!
ব্রাজিলিয়ানদের রক্তাক্ত হৃদয়কে আরেকটু ক্ষতবিক্ষত করতে, মেরুদণ্ডে আরেকটু ভয়ের স্রোত বইয়ে দিতে শুধু এই স্কোরলাইনটাই যথেষ্ট। ধারণা করা হয়, ঘরের মাঠের বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের অবিশ্বাস্য ওই হারের প্রভাব পড়তে পারে ব্রাজিলের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনেও। নির্বাচনে হেরে গিয়েই জাতীয় দলের ব্যর্থতার দায় মেটাতে পারেন প্রেসিডেন্ট দিলমা রুসেফ!
আর ঠিক এই কারণেই আজকের (বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টা) ব্রাজিল-কলম্বিয়া ম্যাচটা শুধুই নিছক একটা প্রীতি ম্যাচে আটকে নেই। মায়ামির ম্যাচটা যে ব্রাজিলের বিশ্বকাপ দুঃখ ভোলার, ব্যর্থতার ইতিহাসকে পেছনে ফেলার প্রথম সুযোগ। সুযোগ আবার সবকিছু নতুন করে শুরু করার।
পরশু ব্রাজিল মিডফিল্ডার অস্কার শোনালেন সেই প্রত্যয়ই, ‘বিশ্বকাপে যা হয়েছে সেটা সহজে ভোলার নয়। তবে কঠিন হলেও ভুলতে আমাদের হবেই। আমাদের কাজ করতে হবে। দেখাতে হবে আমরা ভালো খেলোয়াড়।’
বিশ্বকাপ বিপর্যয় থেকে বেরিয়ে আসার কাজটা শুরুও করে দিয়েছে ব্রাজিল। লুইস ফেলিপে স্কলারির জায়গায় কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী অধিনায়ক কার্লোস দুঙ্গা। ২০১০ বিশ্বকাপে দলকে সেমিফাইনালেও নিতে পারেননি। তবে দুঙ্গা তাঁর দায়িত্বের দ্বিতীয় পালায় আগামী বিশ্বকাপকেই পাখির চোখ করেছেন। কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পরেই বলেছিলেন, ‘আমরা এখন আর সেরা নই, এটা আমাদের সবারই জানা। আমি এখানে স্বপ্ন ফেরি করতে আসিনি, আমাদের অবশ্যই কাজ করতে হবে। আমাদের ফল পেতে হবে ও ২০১৮ বিশ্বকাপের জন্য দল গঠন করতে হবে।’
সেই কাজটাই আজ শুরু হচ্ছে সান লাইফ স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দুই দলের সর্বশেষ লড়াইটা ২-১ গোলে জিতেছিল ব্রাজিল। ম্যাচটা অবশ্য দুই দলের কাছেই তিক্ত এক স্মৃতি। জিতেও সেদিন ব্রাজিল উৎসব করতে পারেনি। দলের প্রাণভোমরা নেইমারের বিশ্বকাপই যে শেষ হয়ে গিয়েছিল হুয়ান কামিলো জুনিগার হাঁটুর এক ঘায়ে। ব্রাজিলের বিপক্ষে শরীরনির্ভর ফুটবল খেলার অভিযোগ তুলে কলম্বিয়াও দাবি করেছিল রেফারির কাছ থেকে সুবিচার পায়নি তারা।
সেই দুই দল আবার মুখোমুখি। মুখোমুখি নেইমার-জুনিগাও।
চোট কাটিয়ে ফেরা নেইমারসহ বিশ্বকাপ দলের মাত্র ১০ জনই আছেন দুঙ্গার দলে। চোটের কারণে নেই নিয়মিত অধিনায়ক থিয়াগো সিলভা। ফিরেছেন বিশ্বকাপে উপেক্ষিত স্ট্রাইকার রবিনহো। দলে ফেরা ডিফেন্ডার ফেলিপে লুইসের কণ্ঠেও ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা, ‘আমি মনে করি আমাদের সব ম্যাচ জেতার চিন্তাই করা উচিত। সেটা করতে পারলেই ব্রাজিল নিজেদের পরিচয় ফিরে পাবে।’
তবে কাজটা মোটেও সহজ হবে না নেইমারদের। বিশ্বকাপে দারুণ খেলে এমনিতেই উজ্জীবিত হয়ে আছে কলম্বিয়া। এর ওপর চোট কাটিয়ে দলে ফিরেছেন মাত্রই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। আছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা বিশ্ব ফুটবলের নতুন তারা হামেস রদ্রিগেজ। এএফপি, রয়টার্স।

বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টায় শুরু ব্রাজিল–কলম্বিয়া ম্যাচ সরাসরি দেখাবে টেন অ্যাকশন