নতুন আশায় বসতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু গোল্ড কাপ
বঙ্গবন্ধু গোল্ড কাপ

মতিঝিলে বাফুফে ভবনের সামনের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে এমিলি, জাহিদ, হেমন্তরা। হাতে লাগেজ, কানে হেডফোন। বিমানবন্দরে যাওয়ার জন্য টিম বাসের অপেক্ষায় জাতীয় দলের ফুটবলাররা। রাজধানীর ভয়াবহ যানজট ঠেলে বাসটা এসে পৌঁছাতে স্বস্তির নিশ্বাস ফেললেন সবাই। বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য কাল ছিল ফুটবলারদের রিপোর্টিং। সকাল ৯টায় ভবনে রিপোর্টিং শেষে বুয়েট মাঠে কোচ মারুফুল হক এক বেলা অনুশীলন করিয়েছেন ফুটবলারদের। এরপর সন্ধ্যায় ওঠেন যশোরগামী বিমানে।
৮ জানুয়ারি যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে জাতীয় দলের বঙ্গবন্ধু গোল্ড কাপের অভিযান। যশোরে যাওয়ার আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কাল দুপুরে এক ফাঁকে বসেছিলেন ফুটবলারদের নিয়ে। সেখানেই সাফ-ব্যর্থতা ভুলে খেলোয়াড়দের মাঠে নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য অনুপ্রাণিত করেন তিনি। সাফের দুঃস্মৃতি ভোলার একটা বড় সুযোগ হয়ে এসেছে বঙ্গবন্ধু গোল্ড কাপ। এটা সালাউদ্দিন যেমন জানেন, মামুনুলরাও জানেন সমানভাবে।
সালাউদ্দিন খেলোয়াড়দের কাছে কাল একটু অন্য রকম আবেদনই রাখলেন। খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমি সাফের ব্যর্থতার জন্য কদিন আগেই দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছি। জাতির কাছে এভাবে বারবার ক্ষমা চাইতে পারব না। বঙ্গবন্ধু কাপে তোমাদের ভালো কিছু করে দেখাতে হবে। তোমাদের সামনে সুযোগ এসেছে সেটা করে দেখানোর। এই আসরেই তোমরা সব মনোযোগ দাও।’
সালাউদ্দিনের কথারই প্রতিধ্বনি তুললেন কোচ মারুফুল হকও, ‘যদিও আমি ছেলেদের নিয়ে মাত্র এক সেশন অনুশীলন করেছি। তাই এখনই লক্ষ্যটা নিয়ে স্পষ্ট কিছু বলতে পারব না। তবে আমি চাইব ছেলেরা ঘুরে দাঁড়াক। বঙ্গবন্ধু গোল্ড কাপের সাফল্য দিয়ে সাফের ব্যর্থতা কিছুটা হলেও দূর করুক।’
সাফে নিজেকে একদমই চেনাতে পারেননি জাহিদ হোসেন। কাল বিমানবন্দরে যাওয়ার আগে টিম বাসে ওঠার সময় বলছিলেন, ‘অনেক আশা নিয়ে আমি বঙ্গবন্ধু গোল্ড কাপের অপেক্ষায় আছি। ফুটবলের ভাবমূর্তি ফেরাতে এই টুর্নামেন্টে জিততেই হবে আমাদের। সাফে আমরা বাজে খেলেছি। আমি নিজেও ভালো খেলিনি। এই টুর্নামেন্টে নিজের সেরাটা দিতে চাই।’
জাহিদ হাসান এমিলিকে সাফে খেলতে দেয়নি তাঁর হাঁটুর চোট। আবারও দলে ফিরে এই টুর্নামেন্টে ভালো করার জন্য উন্মুখ হয়ে আছেন এই অভিজ্ঞ স্ট্রাইকার, ‘শুধু আমি একা নই, পুরো দলই তাকিয়ে আছে এই টুর্নামেন্টের দিকে। বঙ্গবন্ধু গোল্ড কাপে আমাদের ভালো খেলতে হবে, চ্যাম্পিয়ন হতে হবে। এটা আমাদের জন্য একটা চাপ, কারণ সাফে আমরা ব্যর্থ হয়েছি। সেই ব্যর্থতা ঘোচানোর ভালো সুযোগ আমাদের সামনে।’