নতুন উচ্চতায় মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অপেক্ষার প্রহর যে কত দীর্ঘ হতে পারে, লিওনেল মেসি সেটি যেন বুঝলেন গত কিছুদিনে।
১৮ অক্টোবর, ২০১৪। লা লিগায় এইবারের বিপক্ষে তাঁর গোল। লিগে ২৫০তম গোলের মাইলফলক ছুঁলেন। আর ১ গোল করলেই লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তেলমো জারাকে ছুঁয়ে ফেলবেন। একটাই তো গোল। মেসির জন্য এ আর এমন কী! ধরে নেওয়া হলো, পরের ম্যাচ, মানে এল ক্লাসিকোতেই সেটা হয়ে যাবে। এমন একটা রেকর্ড ভাঙার মঞ্চটাও তো বড় হতে হবে। হলো না। এল ক্লাসিকোতে তো নয়ই, তারপর সেল্টা ভিগোর ম্যাচেও নয়। পারলেন না আলমেরিয়ার বিপক্ষেও।
এদিকে গোলের জন্য এমন অপেক্ষা, ওদিকে আর্জেন্টাইন এক পত্রিকায় ইঙ্গিত দিলেন বার্সেলোনা ছাড়তেও পারেন। কাতালানদের সুখের সংসারে হঠাৎই যেন ঝড়ের আভাস। এরই মধ্যে ন্যু ক্যাম্পে সেভিয়ার সঙ্গে ম্যাচ। ২১ মিনিটে ফ্রি-কিক পেল বার্সেলোনা। ডি-বক্সের কিছুটা বাইরে থেকে তাঁর বাঁ পায়ের ট্রেডমার্ক শট। গোল! অবশেষে অপেক্ষা ফুরাল, তেলমো জারার পাশে বসলেন মেসি। কিছুটা স্বস্তিও যেন পেলেন।

লা লিগায় গোলের নতুন রেকর্ড গড়ে নতুন উচ্চতায় লিওনেল মেসি। সতীর্থরাও তাই তাঁকে তুলে ধরলেন উঁচুতে l এএফপি
লা লিগায় গোলের নতুন রেকর্ড গড়ে নতুন উচ্চতায় লিওনেল মেসি। সতীর্থরাও তাই তাঁকে তুলে ধরলেন উঁচুতে l এএফপি

২৫০-এর মাইলফলক থেকে জারাকে স্পর্শ করতে সময় লেগেছিল মাস খানেকের বেশি। কিন্তু তাঁকে ছোঁয়ার পর পেরিয়ে যেতে মেসি সময় নিলেন ঘণ্টা খানেকেরও কম। ৭২ মিনিটে নেইমারের সঙ্গে দুর্দান্ত ওয়ান-টু খেলে শেষ মুহূর্তে সেভিয়ার গোলপোস্টের সামনে স্লাইড করে ডান পা ছোঁয়ালেন বলে। রেকর্ড বইয়ে জারা চলে গেলেন পেছনে, মাঠে তাঁকে কাঁধে তুলে নিলেন সতীর্থরা। সবাই মিলে আকাশে ছুড়ে দিলেন, লুফলেন। সেই উদ্যাপন আরও রঙিন হলো যখন মিনিট ছয়েক পরে নিজের তৃতীয় গোলটাও পেলেন মেসি।
পরশু বার্সেলোনা ম্যাচটা জিতেছে ৫-১ গোলে। কিন্তু ফলটা তখন আর মুখ্য নয়। ন্যু ক্যাম্প গর্জন করছে মেসির নামে। বড় পর্দায় দেখানো হচ্ছে ১ মে ২০০৫ সালে বার্সেলোনার হয়ে তাঁর প্রথম গোল থেকে শুরু করে এ পর্যন্ত স্মরণীয় সব গোল। দীর্ঘদিনের সতীর্থরা একে একে বলে যাচ্ছেন মেসির সঙ্গে খেলার অনুভূতি। সব শেষে মাঠ ছেড়ে যাওয়ার সময়ও সতীর্থদের কাছ থেকে পেলেন ‘গার্ড অব অনার’। তাঁকে ঘিরে কাতালান সংসার যেন আবার আলোয় ঝলমল।
প্রথম প্রতিক্রিয়াটা এসেছে তাঁর ফেসবুক পেজে। ওই সতীর্থদেরই সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি, ‘আমার এ অর্জনের পেছনে আছে অনেকের সমর্থন। আমি তাদের সবাইকে এটা উৎসর্গ করছি। সব সময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। যারা এখন আমাদের সঙ্গে নেই তাদেরও ধন্যবাদ জানাতে চাই। আমি কখনো আপনাদের ভুলব না।’ হয়তো এই না-থাকাদের মধ্যে আছেন বার্সেলোনা ছেড়ে যাওয়া কোচ পেপ গার্দিওলা, প্রয়াত কোচ টিটো ভিলানোভাও।
আর লুইস এনরিকে? একসময় প্রতিপক্ষ কোচ হিসেবে দেখেছেন মেসিকে। এখন দেখেছেন নিজের খেলোয়াড় হিসেবে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের এত বড় অর্জনটাও এল তাঁর সময়ে। বার্সেলোনা কোচ মেসির প্রশংসা করতে গিয়ে ভাষা খুঁজে পাচ্ছেন না, ‘আমি ভাগ্যবান যে প্রতিদিন তাকে অনুশীলন করাতে পারছি। আমি জানি না তাকে আর কোনো খেলোয়াড়ের সঙ্গে তুলনা করা যায় কি না, কারণ সে অদ্বিতীয়। ওর মতো আর কেউ আসবে না। আমরা ভাগ্যবান যে তার খেলা উপভোগ করতে পারছি।’

.
.

বিস্ময়কর ব্যাপার হচ্ছে, যাঁকে নিয়ে এনরিকের এই সীমাহীন উচ্ছ্বাস, লা লিগায় সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়া সেই মেসির বয়স মাত্র ২৭! ১৯৫৫ সালে জারা যখন আগের রেকর্ডটা গড়েছিলেন, অ্যাথলেটিক বিলবাও স্ট্রাইকারের বয়স ছিল ৩৪। মেসি যদি ওই বয়স পর্যন্ত লা লিগায় খেলে যান, এ রেকর্ড কি কারও ধরাছোঁয়ার মধ্যে থাকবে? এএফপি, রয়টার্স।