নতুন উচ্চতায় রোনালদো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো
রোনালদো

শেষ ভালো যার, সব ভালো তার। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য সব দিক দিয়েই এখন কথাটা সত্যি প্রমাণ করার সুযোগ। একটুর জন্য লা লিগা ফসকে গেছে, পিচিচি ট্রফিটাও পাওয়া হয়নি। তবে তিন দিন পর চ্যাম্পিয়নস লিগ ফাইনাল রোনালদোর জন্য মঞ্চটা সাজিয়েই রেখেছে। অ্যাটলেটিকোর সঙ্গে গোল করে রিয়াল মাদ্রিদকে জেতাতে পারলে যে রেকর্ড বুকে অনেক কিছুই নতুন করে লিখবেন রোনালদো!
এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের এই আসরে রোনালদো গোল করেছেন ১৬টি। আর একটি করলেই ছুঁয়ে ফেলবেন দুই মৌসুম আগের রেকর্ড। ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে রোনালদোর গোল ছিল ১৭টি, এক মৌসুমে সেটিই সবচেয়ে বেশি গোলের রেকর্ড।
এই মৌসুমে রোনালদোর গোলই এখন পর্যন্ত সবচেয়ে বেশি। এর আগে আরও চারবার চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করেছিলেন। ২০০৭-০৮ সালে করেছিলেন ৮ গোল, ২০১২-১৩ সালে করেছিলেন ১২ গোল। ২০১৩-১৪ সালে করেছিলেন ১৭টি। আর পরের মৌসুমে ১০ গোল করে নেইমার ও মেসির সঙ্গে ছিলেন সর্বোচ্চ গোলদাতা। এক মৌসুমে সবচেয়ে বেশিবার সর্বোচ্চ গোল করার রেকর্ড এত দিন ছিল লিওনেল মেসির (৫ বার)। এই মৌসুমে রোনালদোর আশপাশেও কেউ নেই, মেসির রেকর্ডটা ছুঁয়েই ফেলেছেন। এখন শুধু আনুষ্ঠানিকভাবে মৌসুম শেষের অপেক্ষা।
আর ফাইনালে গোল করলে আরও একটা কীর্তি হয়ে যাবে। এর আগে ২০০৮ ও ২০১৪ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল পেয়েছিলেন রোনালদো। এবার গোল করলে এই সংস্করণের প্রথম খেলোয়াড় হিসেবে তিন ফাইনালে গোলের রেকর্ড হয়ে যাবে। এই সংস্করণে দুটি ফাইনালে গোল করেছেন স্যামুয়েল ইতো, রাউল গঞ্জালেজ ও লিওনেল মেসি। তবে ইউরোপিয়ান কাপে সবচেয়ে বেশি ফাইনালে গোলের রেকর্ডটা বোধ হয় অমর হয়ে থাকবে। ১৯৫৬ থেকে ১৯৬০ সালের মধ্যে টানা পাঁচ ফাইনালে গোল করেছিলেন রিয়াল কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো।
রোনালদোর আরও কিছু রেকর্ড আগেই হয়ে গেছে। গ্রুপ পর্বেই ১১ গোল করেছিলেন, এর আগে কেউ গ্রুপ পর্বে গোলের দুই অঙ্ক ছুঁতে পারেননি। আর চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি (৯৩) গোলের রেকর্ড তো অনেক আগেই নিজের করে নিয়েছেন। এএস, গোল ডটকম।
চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশিবার সর্বোচ্চ গোলদাতা
৫ লিওনেল মেসি (২০০৮-০৯, ২০০৯-১০, ২০১০-১১,
২০১১-১২, ২০১৪-১৫)
৪ জার্ড মুলার (১৯৭২-৭৩, ১৯৭৩-৭৪, ১৯৭৪-৭৫,
১৯৭৬-৭৭)
ক্রিস্টিয়ানো রোনালদো (২০০৭-০৮, ২০১২-১৩, ২০১৩-১৪,
২০১৪-১৫)
৩ ইউসেবিও (১৯৬৪-৬৫, ১৯৬৫-৬৬, ১৯৬৭-৬৮)
জাঁ পিয়েরে পাইন (১৯৮৯-৯০, ১৯৯০-৯১, ১৯৯১-৯২)
রুদ ফন নিস্টলরয় (২০০১-০২, ২০০২-০৩, ২০০৪-০৫)