নতুন এক রাতে লেস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল সংবাদ সম্মেলনে সেভিয়া কোচ সামপাওলি l এএফপি
কাল সংবাদ সম্মেলনে সেভিয়া কোচ সামপাওলি l এএফপি

‘ম্যাচগুলো যদি সহজই হতো, তাহলে এটা আর চ্যাম্পিয়নস লিগ হতো না।’
চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে আজ পোর্তোর মাঠে খেলবে জুভেন্টাস, ম্যাচটি নিয়েই কথাটা বলেছেন জুভেন্টাস ডিফেন্ডার মেধি বেনাতিয়া। তবে তাঁর কথাটা তো চ্যাম্পিয়নস লিগের সব ম্যাচের জন্যই সত্যি। অন্তত নকআউট পর্বে তো বটেই।
লেস্টার সিটির খেলোয়াড়দেরও জিজ্ঞেস করুন, উত্তর এমনই আসার কথা। আজ তারাও মাঠে নামবে, নিজেদের ইতিহাসে প্রথমবার বড়দিনের পর ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার স্বাদ পাবে ইংলিশ চ্যাম্পিয়নরা। কিন্তু স্বাদটা তেতো হওয়ার শঙ্কাও মাথায় আছে তাঁদের। ম্যাচটা যে সেভিয়ার বিপক্ষে, সেভিয়ারই মাঠে।
ক্লাবের ওয়েবসাইটে লেস্টার গোলকিপার রন রবার্ট জিলারও তেমনই বললেন, ‘অনেক বড় ম্যাচ এটি। গ্রুপ পর্বে আমরা ভালোই করেছি। ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে যে ১৬টি দল বাকি আছে, তাদের একটি আমরা। সেভিয়াও গত কয়েক বছরে ইউরোপে দুর্দান্ত করছে। ম্যাচটা কঠিনই হবে।’
কঠিন হওয়ারই কথা। টানা তিনবার ইউরোপা লিগ জেতার পর এই মৌসুমে এসে ‘রণে ভঙ্গ’ দিয়েছে সেভিয়া। লক্ষ্যটা এবার আরও বড়—চ্যাম্পিয়নস লিগ! যদিও তাতে ইতিহাস তাদের পক্ষে বলে না। ১৯৫৭/৫৮ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে (ইউরোপিয়ান কাপ) প্রথমবার অংশ নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল সেভিয়া, সেটিই শেষবারও! ৫৯ বছরের ফাঁড়া কাটাতে পারবে হোর্হে সামপাওলির দল?
তাঁদের আশা দেখাবে লেস্টারের ফর্ম। গতবার ইংল্যান্ডে রূপকথা লেখা দলটি এবার হতাশার মৌসুম কাটাচ্ছে বললেও কম বলা হয়। এই মুহূর্তে অবনমন অঞ্চল থেকে এক ধাপ ওপরে আছে ক্লদিও রানিয়েরির দল। চ্যাম্পিয়নস লিগে অবশ্য গ্রুপে সেরা হয়েছিলেন মাহরেজ-ভার্ডিরা। গ্রুপের প্রথম পাঁচ ম্যাচে গোল খেয়েছিলেনও মাত্র একটি! আজও লেস্টার গোল না খাওয়ার মতো করেই খেলবে, অন্তত জিলারের কথায় আভাস তেমনই, ‘এভাবে বলি, (প্রথম লেগে) হারা যাবে না। ড্র করলে দ্বিতীয় লেগের জন্য ভালো, জিতলে তো কথাই নেই।’
প্রথম লেগটা ‘মহাগুরুত্বপূর্ণ’ জুভেন্টাসের জন্যও। ঘরের মাঠে পোর্তোর ফর্মই ভয়টা দেখায়, গত ৩০ এপ্রিলের পর থেকে ঘরের মাঠে অপরাজিত নুনো এসপিরিতো সান্তোর দল। তবে চ্যাম্পিয়নস লিগে দুটি রেকর্ড পোর্তোকে আজ ম্যাচের আগে মিশ্র অনুভূতিই দেবে। এক, জুভেন্টাসের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে তিন সাক্ষাতে একবারও জেতেনি পোর্তো। দুই, ইতালিয়ান যেকোনো প্রতিপক্ষের সঙ্গে আবার ঘরের মাঠে সর্বশেষ ছয় ম্যাচে হারেনি ‘ড্রাগন’রা।
অবশ্য রেফারির বাঁশির পর এসব রেকর্ড-টেকর্ড পাল্টে যেতে পারে মুহূর্তেই। কেন? ওই যে, বেনাতিয়ার কথাটা! উয়েফাডটকম।
আজ মুখোমুখি
পোর্তো–জুভেন্টাস
সেভিয়া–লেস্টার
* স্বাগতিক দল প্রথমে