
দুজন দুই যুগের, দুই সময়ের। কিন্তু লিওনেল মেসি কুঁড়ি থেকে ফুল হয়ে ফুটতে শুরু করার পর থেকেই ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা চলেছে অহর্নিশ। বার্সেলোনার হয়ে মেসি প্রায় সবকিছুই জিতেছেন, অন্তত ক্লাব ফুটবলের কীর্তিতে ম্যারাডোনাকে পেছনে ফেলেছেন অনেক আগেই। তারপরও দুজনের তুলনায় অনেকেই ভুরু কুঁচকে বলতেন, ‘মেসি? আগে ও একটা বিশ্বকাপ, নিদেনপক্ষে একটা কোপা আমেরিকা জিতে দেখাক।’
গত বিশ্বকাপে সেই অতৃপ্তি ঘোচানোর একদম কাছে চলে গিয়েছিলেন। মারাকানার ফাইনালে হারের সেই ক্ষতে কোনো কিছু দিয়েই প্রলেপ দেওয়া যায় না। এই কোপা জিতলে সান্ত্বনা পেতে পারতেন, আকাশি-নীল জার্সি গায়ে একটা বড় শিরোপা তো অন্তত জেতা হলো! সেটিও হলো না। চিলির সঙ্গে ফাইনাল শেষে আর্জেন্টিনার মহাতারকা নিজেকে দেখলেন পরাজিত দলে। শিরোপা জিততে কতটা ব্যাকুল ছিলেন, সেটি টুর্নামেন্ট শুরুর আগেই বলেছেন মেসি, ‘এই প্রজন্ম যেকোনো মূল্যে জাতীয় দলের হয়ে শিরোপা জিততে চায়। দল হিসেবে কিছু একটা জেতা আমাদের প্রাপ্যই। বিশেষ করে বিশ্বকাপের এত কাছ থেকে ফিরে আসার পর এটা আমাদের খুবই দরকার।’
কিন্তু এই জগতে ‘প্রাপ্য’ বলে আসলে কিছু নেই। এখানে সবকিছু অর্জন করে নিতে হয়। বার্সেলোনার হয়ে মেসি এত এত গোল করেছেন, অথচ দুটি মাত্র গোল আর্জেন্টিনার মেসিকে অমরত্বের সুধা পান করতে দিল না। দুটি গোল, স্রেফ দুটি টুর্নামেন্টের ফাইনালের জয়সূচক দুটি গোল!
এখানেই নতুন করে উঠছে পুরোনো প্রশ্নটা—ম্যারাডোনাকে কি ছাড়িয়ে যেতে পেরেছেন মেসি? ব্যক্তিগত পুরস্কার আর পরিসংখ্যানে অবশ্যই ছাড়িয়ে গেছেন পূর্বসূরিকে। ক্লাব ফুটবলে মেসির ৪৮২ ম্যাচে ৪১২ গোলের পাশে ম্যারাডোনার ৫৮৮ ম্যাচে ৩১২ গোলকে একটু বিবর্ণই মনে হবে। জাতীয় দলের হয়েও ১০৩ ম্যাচে মেসির গোল ৪৬, ম্যারাডোনার ৯১ ম্যাচে ৩৪। ক্লাবের হয়ে অর্জনের ক্ষেত্রে মেসিই এগিয়ে। এটাও মনে রাখা দরকার, মেসি এখনো মাত্র ২৮, খেলবেন আরও অনেক দিন।
কিন্তু ইতিহাস এসব মনে রাখবে না। গত বিশ্বকাপে যেমন মেসি গ্রুপ পর্ব থেকে বলতে গেলে একাই আর্জেন্টিনাকে নিয়ে গিয়েছিলেন নকআউটে। আর ১৯৮৬ বিশ্বকাপে যেমন ম্যারাডোনার কীর্তিধন্য হয়েই ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। পরশু যেমন মেসিকে ঘিরে চক্রব্যূহ তৈরি করেছিলেন মেডেলরা, ১৯৮৬ বিশ্বকাপের ফাইনালে ম্যারাডোনাকে বোতলবন্দী করে রাখার কাজটা প্রায় করেই ফেলেছিলেন লোথার ম্যাথাউস। তবে বুরুচাগাকে দিয়ে জয়সূচক গোলটা করিয়ে শেষ হাসিটা হেসেছিলেন ম্যারাডোনাই। পরশু লাভেজ্জি-হিগুয়েইনদের দিয়ে সেটি করাতে পারলেন না মেসি!
ফাইনাল শেষে লাভেজ্জি যতই বলুন, ‘মেসি আর্জেন্টিনার হয়ে কিছু একটা জিতবেই’, মেসি নিজেও কি সে ব্যাপারে নিঃসংশয়?
এই সংশয় যত দিন থাকবে, ম্যারাডোনার সঙ্গে তুলনায় পিছিয়েই থাকবেন মেসি। এএফপি।