নতুন কান্ডারি ইনফান্তিনো

মূল প্রতিদ্বন্দ্বিতা যে তাঁদের মধ্যেই হবে, সেটি বোঝা যাচ্ছিল। কিন্তু জিয়ান্নি ইনফান্তিনো, না শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা ফিফার নতুন কান্ডারি হচ্ছেন, সেটি বলা যাচ্ছিল না আগেভাগে। আভাস মিলছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতার। শেষ পর্যন্ত ফিফার ইতিহাসের সবচেয়ে আলোচিত নির্বাচনে শেখ সালমানকে হারিয়ে সভাপতি নির্বাচিত হলেন জিয়ান্নি ইনফান্তিনো।
প্রার্থী ছিলেন পাঁচজন। জুরিখে কাল ফিফার বিশেষ কংগ্রেসে ভোট শুরু হওয়ার আগেই দক্ষিণ আফ্রিকার প্রার্থী টোকিও সেক্সওয়েল সরে দাঁড়ালে সংখ্যাটা দাঁড়ায় চারে। প্রথম দফায় ভোটে কেউই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাননি। জিয়ান্নি ইনফান্তিনো পান ৮৮ ভোট, শেখ সালমান ৮৫। বাকি দুই প্রার্থী জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসেইন পান ২৭ ভোট, আর ফিফার সাবেক উপমহাসচিব জেরোম শ্যাম্পেন মাত্র ৭ ভোট।
নিয়মানুযায়ী দ্বিতীয় দফায় যায় ভোট। তাতে ২০৭টি সদস্যের ভোটের অর্ধেকের বেশি পেলেই হতো, ইনফান্তিনো পান ১১৫ ভোট! শেখ সালমানের চেয়ে ২৭টি ভোট বেশি পেয়ে সুইজারল্যান্ডের এই আইনজীবীই হলেন সেপ ব্ল্যাটারের উত্তরসূরি। ৪৫ বছর বয়সী এই ফুটবল সংগঠক এত দিন ছিলেন উয়েফার মহাসচিব। ২০০০ সালে উয়েফায় যোগ দেন। ধীরে ধীরে পদোন্নতি পেয়ে উঠে আসেন ওপরে। কাল তো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পদেই বসলেন, ১৮ বছর পর নতুন সভাপতি পেল ফিফা।
নির্বাচিত হওয়ার পর ইনফান্তিনো সবাইকে ধন্যবাদ জানিয়ে বললেন, ‘দুর্দান্ত একটা সফর ছিল এটি। অনেক অসাধারণ মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, যাঁরা ফুটবল ভালোবাসেন, যাঁদের নিশ্বাসেও মিশে থাকে ফুটবল।’ প্রতিশ্রুতি দিলেন, ‘আমি আপনাদের সবার, ২০৯টি দেশেরই সভাপতি হতে চাই। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই এবং একটা নতুন যুগের সূচনা করতে চাই, যার কেন্দ্রে থাকবে শুধুই ফুটবল।’ বিবিসি, ইএসপিএন।