নতুন কিছুর আশায় নতুন যাত্রা

নতুন কোচ, নতুন দল। নতুন কিছুর আশা। আজ বেলা ১১টায় বাংলাদেশ দল কিরগিজস্তান রওনা দেবে নতুন যাত্রার রোমাঞ্চ নিয়েই।
কোচ ফাবিও লোপেজ দলে যে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন, তারই চূড়ান্ত মঞ্চায়ন হবে কিরগিজস্তানে। ২৩ জনের দলটা চূড়ান্ত করেছেন বেশ সহজেই। চোটের মিছিল শেষে ৪১ থেকে ক্যাম্পে খেলোয়াড় নেমে আসে ২৫ জনে। স্ট্রাইকার ওয়াহেদ ও গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে বাদ দিয়ে বাকি ২৩ জনকে নিয়েই যাচ্ছেন কিরগিজস্তান।
দলে নতুন মুখ বিজেএমসির স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন। কোচ তাঁকে দেখে অনুশীলনে ঘনিষ্ঠ একজনকে বলেছিলেন, তরুণ এই স্ট্রাইকারের মধ্যে অনেক সম্ভাবনা আছে। কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনেও বললেন তা-ই, ‘সে পরিশ্রমী ও ভিন্ন ধাঁচের খেলোয়াড়। অনুশীলনে বেশ ভালো করেছে। ওঁকে নিয়েই আমি পরিকল্পনা সাজাব।’ ২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর এই প্রথম স্ট্রাইকার এমিলি নেই, পেটে টিউমার হওয়ায় ক্যাম্প ছেড়েছেন আগেই। একাদশে তাঁর জায়গা নেবেন সম্ভবত জীবন।
চোট ছিটকে দিয়েছে উইঙ্গার জাহিদ, সোহেল রানা, স্টপার ইয়াছিনদের। এনামুল বিবেচনায় আসেননি। সর্বশেষ জর্ডান ম্যাচের স্কোয়াডের ছয়জন নেই এই দলে। ডিফেন্ডার নাসিরউদ্দিন দলের বাইরে অস্ট্রেলিয়া ম্যাচ থেকেই। আরেক ডিফেন্ডার লিংকনও চোটের শিকার। চোটের হানায় বিপর্যস্ত বাংলাদেশ দল। তবে কোচের হাপিত্যেশ নেই, বরং বলছেন, হাতে থাকা ২৩ জনই সেরা।
২০০৮ মারদেকা কাপের পর দলে ফিরে উইঙ্গার ফয়সাল মাহমুদ উচ্ছ্বসিত, ‘একাদশে সুযোগ পেলে কোচের আস্থার প্রতিদান দেব।’ ২০১৩ সাফ স্কোয়াডে থাকা ডিফেন্ডার ওয়ালি ফয়সাল দুই বছর পর জাতীয় দলে এলেন। স্টপার রেজাউল ও স্ট্রাইকার শাখাওয়াত রনিও প্রথম সুযোগ পেলেন বিশ্বকাপ বাছাইপর্বে। চোট নিয়ে জর্ডান ম্যাচে বাইরে থাকা মিডফিল্ডার হেমন্তও ঠাঁই পেলেন লোপেজের দলে। ফিরেছে গোলরক্ষক হিমেলও।
লোডভিক ডি ক্রুইফ আড়াই বছর একভাবে সাজিয়েছেন দলটাকে, তাঁর জুতায় পা গলিয়ে লোপেজ এগোচ্ছেন নিজের মতো করে। ১৩ অক্টোবর কিরগিজদের বিপক্ষে দেবেন প্রথম পরীক্ষা। নতুন কিছু দেখানোর প্রতিশ্রুতিই দিলেন ইতালিয়ান কোচ, ‘উন্নতির ছোঁয়া আছে দলে। আমি নতুন কিছু দেখাতে চাই। নইলে আমি আছি কেন! আমি নিশ্চিত, আপনারা কিছু উন্নতি দেখতে পাবেন।’
সেই ‘নতুন কিছু’র সন্ধানে দলে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে প্লেমেকার মামুনুল ইসলামকে মাঝমাঠের ডান দিকে এনেছেন। লোপেজ কাল সংবাদ সম্মেলনে এ নিয়ে কিছু বলতে চাননি। শুধু বললেন, ‘খেলোয়াড়দের তো আমি বিভিন্ন পজিশনে দেখবই। আমার কাছে একক কোনো খেলোয়াড় নয়, দল হিসেবে খেলাই আসল।’
স্ট্রাইকার রনিকে মাঝমাঠে ‘দেখার’ ব্যাখাটা অবশ্য দিলেন, ‘রনি মাঝমাঠে ৬০ মিনিটে ৬ কিলোমিটার দৌড়েছে বিকেএসপিতে সোমবারের অনুশীলন ম্যাচে, পরে তা আরও বেড়েছে। ওর রানিং ক্ষমতা সিরি ‘আ’র খেলোয়াড়দের মতো। তাই ওঁকে মাঝমাঠে চাই।’ প্রশংসা করলেন কোমল ও জীবনেরও, ‘ওরাও ৬০ মিনিটে ৬ কিলো দৌড়েছে ওই ম্যাচে।’ মামুনুল ৭০ মিনিটে দৌড়েছেন ৬ কিলো। কোচের কথা, ‘পরিশ্রম করতে হবে।’ পরিশ্রমী খেলোয়াড় নিয়েই গড়তে চান একাদশ। তাই ডি ক্রুইফের সময় অনেকটা উপেক্ষিত কোমল এখন লোপেজের বিবেচনায় আছেন ভালোভাবে।
এসব পরীক্ষা-নিরীক্ষা নিয়ে মামুনুল বলছিলেন, ‘কোচ চান আমাদের ডিফেন্স লাইনটা যেন ঠিক থাকে। এ নিয়েই বেশি কাজ করেছেন। তা ছাড়া পজিশন বদল নিয়ে আমাকে অনেক বুঝিয়েছেন। আমার কাজটা নাকি ৩০-৪০ ভাগ হালকা করতে চান, আমাকে মাঝমাঠের নিচে নামতে নিষেধ করা হয়েছে। কারণ আমার পাহারায় ওদের এক-দুজন খেলোয়াড় থাকবে, তাতে আমাদের রক্ষণে চাপ কম পড়বে। তাই আমাকে ওপরে থেকে গোলের সুযোগ নিতে বলেছেন কোচ।’
কিরগিজস্তানের কাছে ঢাকায় ৩-১ হার। ফিরতি ম্যাচে প্রতি–আক্রমণে খেলে মামুনুল ‘পয়েন্ট’ আশা করছেন। লোপেজ একটু এগিয়ে বলছেন, ‘জিততে চাই।’ সংবাদ সম্মেলনে জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ ‘ভালো কিছু’র আশা রাখলেন। আর সবকিছু ‘দেখার’ জন্য অনেক দিন পর দলের সঙ্গে একজন পর্যবেক্ষক পাঠাচ্ছে বাফুফে। সেই একজন খুলনার সংগঠক বাফুফে সদস্য আজমল আহমেদ তপন, যাঁর কাজ হবে বাফুফেকে একটা প্রতিবেদন দেওয়া।
২৩ সদস্যের বাংলাদেশ দল
শহিদুল আলম সোহেল, রাসেল মাহমুদ লিটন, মাজহারুল ইসলাম হিমেল, ইয়ামিন মুন্না, রায়হান হাসান, তপু বর্মণ, নাসিরুল ইসলাম, আতিকুর রহমান মিশু, ওয়ালি ফয়সাল, রেজাউল করিম, হেমন্ত ভিনসেন্ট, জামাল ভূঁইয়া, মোনায়েম রাজু, ইমন মাহমুদ, মামুনুল ইসলাম (অধিনায়ক), আবদুল বাতেন কোমল, শাহেদুল আলম (জুনিয়র), শাখাওয়াত রনি, তকলিচ আহমেদ, জুয়েল রানা, আমিনুর রহমান সজীব, ফয়সাল মাহমুদ, নাবিব নেওয়াজ জীবন।