নতুন কোচ, পুরোনো ব্যর্থতা - আবার হারল শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই গোল করে ব্রাদার্সের জয়ের নায়ক অগাস্টিন। ছবি: প্রথম আলো
দুই গোল করে ব্রাদার্সের জয়ের নায়ক অগাস্টিন। ছবি: প্রথম আলো

মারুফুল হক কোচ থাকার সময় ভাঙা রেকর্ডারের মতো কথাটা প্রতি ম্যাচের পরই বাজত—‘অনেক সুযোগ পেয়েছে খেলোয়াড়েরা, কাজে লাগাতে পারেননি। গোল না পেলে জিতব কী করে!’
লিগে প্রথম ছয় ম্যাচে দল মাত্র ১ পয়েন্ট পাওয়ায় পদত্যাগ করেছেন মারুফুল, শেখ রাসেলের ডাগআউটে আজ অভিষেক হলো শফিকুল ইসলাম মানিকের। কিন্তু নতুন কোচের মুখেও আজ সম্ভবত একই কথাই শোনা যাবে। পুরোনো ব্যর্থতাতেই যে হেরে গেল শেখ রাসেল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে হারটা ৩-১ গোলে।
জয় পেলেও সুযোগ কাজে লাগাতে না পারার ব্যর্থতা ভাবাবে ব্রাদার্স কোচকেও। শেখ রাসেলের মতো ব্রাদার্সের ডাগআউটেও এই ম্যাচে এসেছেন নতুন কোচ। বালগোপাল মহারাজনের জায়গায় এসেছেন পরিচিত মুখ সৈয়দ নইমুদ্দিন। প্রথম ম্যাচেই লিগে ব্রাদার্সকে প্রথম জয় এনে দিলেন ভারতীয় কোচ। তবে জিতলেও এই উপলব্ধি হওয়ার কথা, শিষ্যদের গোল স্কোরিং নিয়ে অনেক কাজ করতে হবে।

প্রথম ১৩ মিনিটেই তিন গোলে এগিয়ে যেতে পারত শেখ রাসেল। প্রথম পাঁচ মিনিটে দুবার ফরোয়ার্ড পল এমিলি গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ, ১৩ মিনিটে পেনাল্টি পেয়েও সেটি কাজে লাগাতে পারলেন না জাঁ ইকাঙ্গা। এভাবে পায়ে ঠেললে হাতের লক্ষ্মীই বা কতক্ষণ থাকে! ১৭ মিনিটে ব্যর্থতার মূল্য দিল শেখ রাসেল। মিডফিল্ড থেকে লম্বা পাস ধরে দারুণ ফিনিশিংয়ে ব্রাদার্সকে এগিয়ে দেন নাকোচা কিংসলে।
এরপর আবার কিছুক্ষণ চলল দুই দলের ব্যর্থতার গান। পল এমিলি ‘হ্যাটট্রিক’ করলেন গোল মিসের, ব্রাদার্সের গোলদাতা কিংসলেও দুবার গোলকিপারকে একা পেয়ে দেখালেন গোল না করার ‘বিলাসিতা’। অচলায়তন কাটালেন ব্রাদার্সের অগাস্টিন ওয়ালসন, ৩১ মিনিটে। সেটিও কী দুর্দান্তভাবে! শেখ রাসেল বক্সের বাঁ পাশে ফ্রি কিক পেয়েছিলেন, মানব দেয়ালের ওপর দিয়ে এনে সেটি ফেললেন পোস্টের বাঁ পাশের নিচের কোণে।
৫৪ মিনিটে অবশ্য শেখ রাসেলকে আশা দেখান শাখাওয়াত হোসেন রনি। এই কদিন আগেও ভুটান ম্যাচে জাতীয় দলের হয়ে গোল মিসের কারণে সমালোচিত হয়েছিলেন। তবে আজ শেখ রাসেলের জার্সিতে আর ভুল করলেন না। বিরতির সময় বদলি নেমেছিলেন, ৯ মিনিট পরই পেলেন গোল। মোনায়েম রাজুর বুদ্ধিদীপ্ত থ্রু ধরে অবশ্য সেটি একেবারে রাজুর জন্য থালায় সাজিয়ে দিয়েছিলেন ইকাঙ্গা। লিগে ৭ ম্যাচে শেখ রাসেলের এটি মাত্র তৃতীয় গোল!
তবে এই গোলে শেখ রাসেলের জয়ের আশা যদি কিছু থেকেও থাকে, সেটি ভেস্তে গেল ম্যাচের শেষ মিনিটে। প্রতি আক্রমণে বক্সে ঢুকে গোলকিপারের দুই পায়ের ফাঁক গলে বল জালে পাঠিয়ে দিলেন অগাস্টিন, ম্যাচে তাঁর দ্বিতীয় গোল।
এই জয়ে ৭ ম্যাচে ৮ পয়েন্ট ব্রাদার্সের, আর এখনো ১ পয়েন্ট নিয়ে তালিকায় সবার নিচেই রইল শেখ রাসেল।