নতুন খেলোয়াড় চান সেন্টফিট
ভুটানের সঙ্গে হতাশার গোলশূন্য ড্রয়ের পর টম সেন্টফিট নতুন করে ভাবছেন সবকিছু। তাঁর সেই ভাবনায় আছে আরও নতুন খেলোয়াড়। ১৯ সেপ্টেম্বর ঢাকায় শুরু প্রিমিয়ার লিগের খেলা দেখে কাউকে পছন্দ হলে দলে নেওয়ার ঘোষণা দিয়েছেন।
কাল দুপুরে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সভা করার পর ভুটানের সঙ্গে ফিরতি ম্যাচের পরিকল্পনায় নতুন খেলোয়াড়দের রাখছেন ভালোভাবেই। বিশেষ করে ১০ অক্টোবর ভুটানের সঙ্গে ফিরতি ম্যাচের আগে লিগের তিন রাউন্ডে তাঁর চোখ খুঁজবে স্ট্রাইকার, ‘আমার ভালো স্ট্রাইকার দরকার। এ ছাড়া আর কোনো পথ খোলা নেই। ভুটান ম্যাচে আমাদের গোল করতেই হবে। এ জন্য যোগ্য গোলদাতা সে যে-ই হোন, আমি দলে নেব।’ এরপর তাঁর কথায় হাসির রোল পড়ল, ‘কাজী সালাউদ্দিনও যদি ফিট থাকেন এবং গোল করতে পারেন তাঁকে আমি দলে নেব।’
এটা কথার কথাই। সালাউদ্দিনের তো আর খেলার সুযোগ নেই। কিন্তু সেন্টফিটের এই কথায় তাৎপর্যই অন্য। দেশের ফুটবলে গোলদাতার অভাব এমন বড় জেঁকে বসেছে যে, কোচকে এমন কথাও বলতে হয়। শুধু যোগ্য গোলদাতা নয়, অন্য পজিশনেও কেউ নজর কাড়লে দলে নেওয়ার কথা বলছেন সেন্টফিট। আজই তাঁর বেলজিয়াম যাওয়ার কথা, ফিরবেন ১৯ সেপ্টেম্বর।