নতুন চূড়ায়
নকআউট পর্বে খেলা বা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া—এসব নিয়ে কোনো দুশ্চিন্তা ছিল না। তবে পরশু নিয়মরক্ষার ম্যাচেই দারুণ একটা কীর্তি গড়েছে রিয়াল মাদ্রিদ। লুদোগোরেৎসকে ৪-০ গোলে হারিয়ে গড়েছে স্প্যানিশ ক্লাব হিসেবে সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৯ ম্যাচ জয়ের নতুন রেকর্ড। কার্লো আনচেলত্তির দলের সর্বশেষ হারটা ছিল গত ১৩ সেপ্টেম্বরে লা লিগায় নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে (২-১)। অসাধারণ এই কীর্তি গড়ে উচ্ছ্বসিত রিয়াল কোচ আনচেলত্তি, ‘আমার খেলোয়াড়েরা অসাধারণ এবং ওদের প্রশংসা করতে গিয়ে আমি কখনোই ক্লান্ত হব না। অ্যাটলেটিকোর কাছে ওই ম্যাচ হারের পর আমিও ভাবিনি যে টানা ১৯ ম্যাচ জিততে পারব।’
এই ১৯ জয়ের ১১টি লা লিগায়, ৬টি চ্যাম্পিয়নস লিগে, দুটি কোপা ডেল রেতে। অবশ্য লিগে টানা জয়ের রেকর্ডটা এখনো রিয়ালের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার দখলে। ২০১০-১১ মৌসুমে লা লিগায় টানা ১৬ ম্যাচ জিতেছিল পেপ গার্দিওলার বার্সেলোনা। ক্লাব ফুটবলে সব ধরনের প্রতিযোগিতায় টানা জয়ের বিশ্ব রেকর্ডটা অবশ্য ব্রাজিলিয়ান ক্লাব কুরিতিবার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত টানা ২৪ ম্যাচ জিতেছিল কুরিতিবা। দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ এখন ওই রেকর্ডকে পাখির চোখ করতেই পারে। রয়টার্স।
রিয়ালের ১৯ জয়
১৬ সেপ্টে. রিয়াল ৫-১ বাসেল*
২০ সেপ্টে. দেপোর্তিভো ২-৮ রিয়াল
২৩ সেপ্টে. রিয়াল মাদ্রিদ ৫-১ এলচে
২৭ সেপ্টে. ভিয়ারিয়াল ০-২ রিয়াল
১ অক্টো. লুদোগোরেৎস ১-২ রিয়াল*
৫ অক্টো. রিয়াল ৫-০ বিলবাও
১৮ অক্টো. লেভান্তে ০-৫ রিয়াল
২২ অক্টো. লিভারপুল ০-৩ রিয়াল*
২৫ অক্টো. রিয়াল ৩-১ বার্সেলোনা
২৯ অক্টো. কর্নেয়া ১-৪ রিয়াল**
১ নভে. গ্রানাডা ০-৪ রিয়াল
৪ নভে. রিয়াল ১-০ লিভারপুল*
৮ নভে. রিয়াল ৫-১ ভায়েকানো
২২ নভে. এইবার ০-৪ রিয়াল
২৬ নভে. বাসেল ০-১ রিয়াল*
২৯ নভে. মালাগা ১-২ রিয়াল
২ ডিসে. রিয়াল ৫-০ কর্নেয়া**
৬ ডিসে. রিয়াল ৩-০ সেল্টা ভিগো
৯ ডিসে. রিয়াল ৪-০ লুদোগোরেৎস*