
শেষ বাঁশি বাজতেই মাঠে কান্নাকাটি শুরু করে দিলেন ময়মনসিংহ দলের মেয়েরা। এক দিকে বসে কাঁদছেন সানজিদা, অন্য দিকে ইয়াসমিন-রোজিনারা। হারের শোক সইতে না পেরে তো অজ্ঞানই হয়ে গেলেন নাজমা! প্রাথমিক চিকিৎসার পরও জ্ঞান না ফেরায় দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হলো তাঁকে। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে জাতীয় মহিলা ফুটবলের ফাইনালে কাল বিজেএমসি ৭-১ গোলে হারিয়েছে ময়মনসিংহের মেয়েদের। শোকবিধ্বস্ত দলটি মাঠে পাথর হয়ে রইল। ৪ গোল করেছেন সাবিনা। হ্যাটট্রিক করেছেন স্বপ্নাও। ময়মনসিংহের একমাত্র গোলটি করেছেন সানজিদা।
ময়মনসিংহের এই দলটি গড়া ধোবাউড়া উপজেলার কলসিন্দুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে। এই খেলোয়াড়দের নিয়েই গতবার চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ। এবারও বেশ দাপটের সঙ্গেই তারা ফাইনালে উঠেছিল। কিন্তু কাল সবাই নিজেদের ছায়া হয়ে রইলেন! প্রথমার্ধে ১-০-তে এগিয়ে থাকা বিজেএমসি দ্বিতীয়ার্ধে দিয়েছে আরও ৬টি গোল।
বিরতির পর হঠাৎই না খেলার জন্য বেঁকে বসে ময়মনসিংহ। ফাইনালের আগ পর্যন্ত বিজেএমসির মৌসুমী দুটি হলুদ কার্ড দেখেছেন, ফাইনালে তাঁকে কেন খেলানো হচ্ছে—এমন আপত্তি তুলে বেঁকে বসে তারা। খেলা বন্ধ থাকে প্রায় ১৫ মিনিট। শেষ পর্যন্ত মৌসুমীকে তুলে নিয়ে মাঠে নামানো হয় অসুস্থ ইশরাত জাহান স্বপ্নাকে। এই স্বপ্নাই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন। তিনটি গোল করেছেন, সাবিনাকে দিয়ে তিনটি গোল করিয়েছেন। ম্যাচ শেষ সাবিনা বলছিলেন, ‘আমরা ওদের চেয়ে অনেক পরিণত দল। আমাদের খেলোয়াড়েরাও পেশাদার। ওদের কাছে গতবার সেমিফাইনালে হারের শোধও তুললাম এবার।’
বিজেএমসিকে উৎসাহ দিতে দুই বাসভর্তি করে মাঠে এসেছিল ডেমরার বাওয়ানী আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সারাক্ষণ ড্রাম, ভুভুজেলা, বাঁশি বাজিয়ে গ্যালারি মাতিয়ে রেখেছিল বিজেএমসির স্কুলের এই ছাত্ররা। শেষ পর্যন্ত খুশিমনেই বাড়ি ফিরেছে তারা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সানজিদা, সর্বোচ্চ গোলদাতা (২২ গোল) সাবিনা। ফেয়ার প্লে ট্রফি জিতেছে রংপুর।