নতুন জাতীয় দলের খোঁজে বাফুফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান জাতীয় দলের কাছে আর আশা নেই। ভুটানের মতো দলের কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবলে ‘সাময়িক নির্বাসনে’ আছে বাংলাদেশ দল। নতুন একটি জাতীয় দল গড়তে না পারলে আর সামনে এগোনো কঠিন। বিলম্বিত এই উপলব্ধি কাজী সালাউদ্দিনের।

বাফুফে সভাপতি কাল প্রথম আলোকে বলেছেনও, ‘আমাদের এখন ঘুরে দাঁড়াতে হবে। এই জাতীয় দল কী করতে পারে সেটা আমরা দেখেছি। এখন চাইব নতুন একটি দল গড়ে আন্তর্জাতিক ফুটবলে আবার মাথা তুলে দাঁড়াতে। কাজেই জাতীয় দলে আমাদের এখন নতুন রক্ত দরকার।’

বাফুফে মনে করছে, তাদের হাতে এখন আসলে কোনো জাতীয় দল নেই। পুরোনো খেলোয়াড়দের ওপর ভরসা কম। কিন্তু নতুন খেলোয়াড় চাইলেই তো পাওয়া যাবে না। পাইপলাইন বন্ধ থাকায় জাতীয় দলে খেলোয়াড়ও তেমন উঠে আসছে না। সাম্প্রতিক বছরগুলোতে নতুন কিছু খেলোয়াড়কে জাতীয় দলে সুযোগ দিলেও তাঁরা ভালো করতে পারেননি।

ঘুরেফিরে তাই ‘নতুন খেলোয়াড় তুলে আনতে হবে’ কথাটাই আসছে। তবে সর্বশেষ জাতীয় দলে খেলা সব ফুটবলারই বাদ পড়বেন এমন নয়। সালাউদ্দিন সেটা পরিষ্কারও করেছেন, ‘বর্তমান জাতীয় দলে যারা ভালো করছে, তারা নিশ্চয়ই সুযোগ পাবে।’ তবে ইঙ্গিত দিয়েছেন শুধু নামের জোরে আর দলে থাকা যাবে না। বর্তমান খেলোয়াড়দের জন্য এটা সতর্কবাণীই হিসেবেই দেখা যেতে পারে।

ডিসেম্বরে বঙ্গবন্ধু কাপ হলে তখন একটি জাতীয় দল গড়তে হবে। প্রশ্ন হচ্ছে, কারা হবেন সেই দলের সদস্য? অনেকে বলছেন, ফিলিস্তিনগামী অনূর্ধ্ব-২৩ দলকেই জাতীয় দলে রূপান্তরিত করা যেতে পারে। তবে এই দলের পাঁচ-ছয়জন ছাড়া অন্যরা জাতীয় দলের জন্য নিজেদের এখনো যোগ্য হিসেবে তুলে ধরতে পেরেছেন বলে মনে করেন না বিশ্লেষকেরা। তবে অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা দেখছেন কোচ অ্যান্ড্রু ওর্ড, ‘ছেলেরা নিজেদের সেরাটা তুলে ধরছে অনুশীলনে। বঙ্গবন্ধু কাপের জাতীয় দলে ঢোকার একটা তাগিদ আমি তাদের মধ্যে দেখছি।’

তবে শক্তিশালী একটি জাতীয় দল গড়তে বয়সভিত্তিক দলগুলোকে নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে। সালাউদ্দিনও সেটি বলছেন। আগামী প্রজন্মকে ঠিকঠাক তুলে আনতে পারলে একটি মেধাবী জাতীয় দল পাওয়া সম্ভব। শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ শফিকুল ইসলাম মানিক যেমন বলছেন, ‘তৃণমূলে প্রশিক্ষণ কর্মসূচি, টুর্নামেন্ট, দেশব্যাপী খেলা থাকলে সাত-আট বছর পর একটি শক্তিশালী জাতীয় দল আমরা পেতে পারি।’

সেই চেষ্টারই অংশ ১৯-২৩ জুলাই ফিলিস্তিনে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের জন্য অনূর্ধ্ব-২৩ দল গড়া। এএফসি অনূর্ধ্ব-১৯ ও ১৬ এবং সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ আছে সামনে। এই সপ্তাহেই অনূর্ধ্ব-১৫ দলের ক্যাম্প শুরু হওয়ার কথা গোপালগঞ্জে। এই বয়সভিত্তিক দলগুলোই এখন বাফুফেকে নতুন দল তৈরির সন্ধান দিচ্ছে।