নতুন জার্সিতে সেই পুরোনো ডি মারিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন দলের জার্সিতে সেই পুরোনো ডি মারিয়া। ছবি: এএফপি
নতুন দলের জার্সিতে সেই পুরোনো ডি মারিয়া। ছবি: এএফপি

ম্যানচেস্টার ইউনাইটেডে ভুলে যাওয়ার মতোই একটি মৌসুম কাটিয়েছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। তাই ৬৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে মারিয়াকে প্যারিস সেন্ট জার্মেইন কিনতে দেখে ভ্রু কুঁচকেছিলেন অনেকেই। কিন্তু কাল মোনাকোর বিপক্ষে খেলতে নেমেই নিজের দামের ‘মূল্য’ বুঝিয়ে দিয়েছেন এই আর্জেন্টাইন। পিএসজির হয়ে প্রথম ম্যাচে খেলতে নেমে আরেক আর্জেন্টাইন এজেকুয়েল লাভেজ্জিকে দিয়ে গোল করিয়েছেন।
রিয়াল মাদ্রিদকে ‘লা ডেসিমা’ জিতিয়েছিলেন গত বছর। ব্রিটিশ রেকর্ড গড়ে লুইস ফন গাল তাই ডি মারিয়াকে নিয়ে গিয়েছিলেন ইউনাইটেডে। কিন্তু পুরো মৌসুমে কেবল চারটি গোল করতে পেরেছিলেন। তার চেয়েও বড় ব্যাপার, ডিফেন্স চেরা সেই সব পাস কেমন করে যেন হারিয়ে গেল। নিজেকেও কেবল হারিয়ে খুঁজছিলেন। ফলাফল, এক মৌসুম খেলেই প্রিমিয়ার লিগকে বিদায়, পাড়ি প্যারিসে।
নতুন দলের হয়ে অবশ্য এর আগে মাঠে নামতে পারেননি। তিন ম্যাচ বসে থাকার পর গতকালই প্রথম পিএসজির হয়ে মাঠে নামলেন। তাও দ্বিতীয়ার্ধে। ৬৬ মিনিটের মাথায় লুকাসের বদলি হিসেবে যখন মাঠে নামলেন, তখনই দল এগিয়ে ছিল এডিনসন কাভানির গোলে। কিছুক্ষণের মাঝেই কাভানির দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয়ে যায় পিএসজির। কিন্তু ডি মারিয়া ম্যাজিক তখনো দেখতে পায়নি সবাই।
খেলা শেষ হওয়ার ৭ মিনিট আগে নিজেদের অর্ধ থেকে প্রায় ৪০ গজ দীর্ঘ এক পাস দিয়েছিলেন জাতীয় দলের সতীর্থকে। এত চমৎকার সুযোগ পেয়ে হাতছাড়া করেননি লাভেজ্জি। শেষ পর্যন্ত ৩-০ গোলে মোনাকোকে হারিয়ে মাঠ ছাড়ে ডি মারিয়ার দল। খেলতে পেরেছেন মাত্র ২৪ মিনিট। কোনো গোল পাননি, অ্যাসিস্টও মাত্র একটি। কিন্তু ডি মারিয়াকে শুধু গোল বা অ্যাসিস্ট দিয়ে কখনোই বুঝা সম্ভব নয়। কালকের খেলায় নিজের গতি, মুভমেন্ট সবকিছু দিয়েই ডি মারিয়া নিজের উপস্থিতি জানান দিয়েছেন। তাঁকে বিশ্বের ভয়ংকরতম ফরোয়ার্ডদের ছোট তালিকায় রাখা হয় কেন, তারই আভাস দিয়ে দিলেন কাল। সূত্র: এএফপি।