নতুন টট্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়েত্রো তমাসেলি
পিয়েত্রো তমাসেলি

বিশ্ব ফুটবল বিস্ময়বালক কম দেখেনি। তবে বড় হয়ে এদের কতজন নিজের প্রতিভার সুবিচার করেছে সেই সংখ্যাটাও কম বিস্ময়ের নয়। বেশির ভাগই তো হারিয়ে গেছেন, মেসি-ম্যারাডোনা হতে পেরেছেন হাতে গোনা কয়েকজনই। তবে এই দলে পিয়েত্রো তমাসেলির নামটাও যোগ হলে অবাক হবেন না। নয় বছর বয়সী এই খুদে ফুটবলারের কারিকুরিতে মুগ্ধ হয়ে গত সেপ্টেম্বরে ইতালিয়ান ক্লাব এএস রোমা তাকে দলে টেনেছে। বেলজিয়ান ক্লাব আন্ডারলেখট থেকে রোমে আসার পর গত দুই মাসে ফুটবল-জাদু দেখিয়েই নতুন টট্টি উপাধিও জুটিয়ে নিয়েছে পিয়েত্রো।
খুদে এই প্লে-মেকার সিরি ‘আ’ ক্লাবটির অনুশীলনে এমন সব কারিকুরি দেখিয়েছে যেগুলোর বেশির ভাগ দেখেই বিস্ময়ে ‘হাঁ’ হয়ে যেতে হয়। প্রতিপক্ষকে বোকা বানিয়ে এগিয়ে যাওয়া, দুই পায়ের ফাঁক গলিয়ে বল নিয়ে সামনে যাওয়া—এগুলো তো আছেই, নিজের দ্বিগুণ আকৃতির গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠাতেও ওস্তাদ এই ছেলে। এ ছাড়া আছে পায়ের পেছনের অংশ ব্যবহার করে গোল করাও, যেটিকে ডাবল ব্যাকহিল বলা ছাড়া আর কোনো উপায় নেই।
খুদে এই বেলজিয়ানের ইউটিউবে ভিডিও দেখে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাবও আগ্রহী ছিল দলে নেওয়ার। কিন্তু পিয়েত্রোর বাবা-মা নিজেদের ইতালিয়ান উত্তরাধিকারের কথা ভেবে ছেলেকে রোমেই পাঠিয়েছেন। রোমও এতটা দরাজভাবে অভ্যর্থনা জানিয়েছে পিয়েত্রোকে যে বাবা পিনো বিস্মিত না হয়ে পারেননি, ‘ক্লাবের প্রেসিডেন্ট ও সিনিয়র খেলোয়াড়েরাসহ সবাই চেনে তাকে। তাঁরা মনে করেন সে ডিয়েগো ম্যারাডোনার চেয়েও ভালো।’ ইএসপিএন, মেইল অনলাইন।