নতুন টুর্নামেন্ট চ্যাম্পিয়নস কাপ
কোটি টাকার সুপারকাপ হারিয়ে গেছে বাফুফের বর্ষপঞ্জি থেকে। গত চার মৌসুম প্রিমিয়ার লিগের দলগুলোকে নিয়ে জমজমাট এই টুর্নামেন্ট আয়োজন করে না ফেডারেশন। তবে এবার আরেকটি নতুন টুর্নামেন্টের ঘোষণা দিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। চ্যাম্পিয়নশিপ লিগের ১০টি দল নিয়ে এই মৌসুম থেকে শুরু হবে চ্যাম্পিয়নস কাপ।
৬ আগস্ট কমলাপুর স্টেডিয়ামে শুরু পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। প্রথম লেগ শেষ হওয়ার পরপরই আয়োজন করা হবে চ্যাম্পিয়নস কাপ। এবারের চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নিচ্ছে প্রিমিয়ার থেকে অবনমিত হওয়া ফেনী সকার, উত্তর বারিধারা, ফকিরেরপুল ইয়ংমেন্স, পুলিশ ফুটবল ক্লাব, মতিঝিল টিঅ্যান্ডটি ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, কারওয়ান বাজার প্রগতি সংঘ, অগ্রণী ব্যাংক স্পোর্টস ক্লাব, নবাগত বসুন্ধরা কিংস ও নোফেল স্পোর্টিং ক্লাব। পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে উঠে যাবে। একটি দল অবনমিত হবে।
কমলাপুর স্টেডিয়াম ছাড়াও রংপুর ও ফেনীতে ভেন্যু করার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। এই দুটি ভেন্যু পরিদর্শনের পর আগামী সপ্তাহে বাফুফেকে প্রতিবেদন দেবেন কর্মকর্তারা। এরপরই রংপুর ও ফেনীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিটি দলকে অংশগ্রহণ ফি দেওয়া হবে পাঁচ লাখ টাকা করে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পাবে যথাক্রমে পাঁচ লাখ ও তিন লাখ টাকা। ম্যাচ পাতানো রোধে এবার কার্যকর প্রতিশ্রুতি দিলেন কর্মকর্তারা। এ জন্য প্রতিটি ম্যাচের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হবে। এবারের চ্যাম্পিয়নশিপ লিগের প্রধান পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের ব্র্যান্ড মার্সেল। কাল বাফুফে ভবনে দুই পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। উন্মোচন করা হয়েছে চ্যাম্পিয়নশিপ লিগের লোগো। সমঝোতা চুক্তিতে বাফুফের পক্ষে আবদুস সালাম মুর্শেদী এবং ওয়ালটনের কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার সই করেন।