নতুন টুর্নামেন্ট শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলে নতুন একটা টুর্নামেন্ট আজ থেকে শুরু করছে বাফুফে। এটি পেশাদার লিগের দশ দলের অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট। গত বছর প্রথমবার হয়েছিল ক্লাবগুলোর বয়সভিত্তিক দল নিয়ে এমন আয়োজন (অনূর্ধ্ব-১৬)। এবার বয়সের সীমা বাড়ল দুই বছর।
প্রশংসনীয় এই উদ্যোগের সঙ্গে নেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তারা প্রথমবার খেলেনি, খেলছে না এবারও। অথচ পেশাদার লিগের বাইলজে আছে, এই টুর্নামেন্টে খেলা বাধ্যতামূলক। কিন্তু সেটা কাগজেই রয়ে গেছে। তাই প্রশ্ন উঠেছে, এমন নখদন্তহীন বাইলজের কী প্রয়োজন?
এমন প্রশ্ন সামনে রেখেই আজ বিকেল চারটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনী। এরপর সন্ধ্যা ছয়টায় গত বছরের অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টর রানার্সআপ মুক্তিযোদ্ধার মুখোমুখি হবে বিজেএমসি।
ভবিষ্যতের খেলোয়াড় তৈরিতে বড় ভূমিকা রাখবে বয়সভিত্তিক এই আয়োজন, এটা নতুন করে বলার নেই। সব জেনে-বুঝেও বাংলাদেশের শীর্ষ ক্লাবগুলো এমন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হতে এত দিন কিনা গড়িমসি করে এসেছে। হাজারো অজুহাত দাঁড় করিয়ে দলই গঠন করেনি।
তবে এমন আয়োজনে একটা আনন্দও আছে। সেই আনন্দ খুব ভালোই অনুভব করছেন মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক। কাল তিনি বলছিলেন, ‘অনূর্ধ্ব-১৮ দল গড়তে আমরা ট্রায়ালের জন্য কোনো প্রচারণা চালাইনি। তবু শুনে শুনে সারা দেশ থেকে কয়েক শ ছেলে এসে হাজির। আমরা অবাক হয়েছি ছেলেদের আগ্রহ দেখে। অনেক সম্ভাবনাময় খেলোয়াড় পেয়েছি, যাদের আমরা মূল দলেই হয়তো একসময় নিতে পারব।’
সব দলই ভালো দল গড়ার চেষ্টা করেছে। মোহামেডান গত অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল, এবারও তারা চ্যাম্পিয়ন হতে চায়। সবাই যখন ঘুমিয়ে, মোহামেডান তখন বয়সিভিত্তিক ক্যাম্পও করেছে। অনুশীলন ম্যাচ খেলে তৈরি করে নিয়েছে নিজেদের। আবাহনী গত আসরে ফাইনালে উঠতে পারেনি। এবার সেরা হওয়ার লক্ষ্যে দল গড়েছে তারাও।