নতুন ঠিকানায় শেষ প্রহরীরা

গিলের্মো ওচোয়াকে এখনই নিশ্চয়ই ভুলে যাননি? ঝাঁকড়া চুলের মেক্সিকোর গোলরক্ষক বিশ্বকাপে যা করেছিলেন, তাতে তিনি অনেকের মনেই দাগ কেটেছেন। ব্রাজিলের সঙ্গে ম্যাচে একাই অতিমানব হয়ে দাঁড়িয়েছিলেন, অন্তত চারটি নিশ্চিত গোল ঠেকিয়ে দিয়েছিলেন। ওই ম্যাচের পর তাঁর নামই হয়ে যায় ‘মেক্সিকান যিশু’। খানিকটা অবিশ্বাস্য শোনাতে পারে, বিশ্বকাপের সময় ওচোয়ার কিন্তু কোনো ক্লাব ছিল না। বিশ্বকাপে যে পারফরম্যান্স তাতে ওচোয়াকে পেতে অনেক ক্লাবই আগ্রহী ছিল। মেক্সিকান গোলরক্ষক পেয়েও গেছেন নতুন ক্লাব। পরশু স্প্যানিশ ক্লাব মালাগা জানিয়েছে, তারা ২৯ বছর বয়সী গোলরক্ষকের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে।
শুধু ওচোয়া কেন, বিশ্বকাপ কপাল খুলে দিয়েছে আরও অনেক গোলরক্ষকের। ব্রাজিল বিশ্বকাপ গোলপ্রসবা হলেও গোলরক্ষকেরা ঠিকই আলো ছড়িয়ে গেছেন। ম্যানুয়েল নয়্যার, সার্জিও রোমেরো, টিম হাওয়ার্ডদের না হয় অনেকেই আগে থেকে চিনতেন, কিন্তু ওচোয়া, রাইস এমবোলহিসহ আরও অনেকে বিশ্বকাপের মঞ্চেই চিনিয়েছেন নিজেদের। নতুন মৌসুমে তাঁদের পেতে যে অনেক ক্লাব ওত পেতে থাকবে, তাতে বিস্ময়ের কিছু নেই।
কেইলর নাভাসের ভাগ্যটাই সবচেয়ে সুপ্রসন্ন বলে মনে হচ্ছে। কোস্টারিকার এই গোলরক্ষক স্প্যানিশ ফুটবলে আগে থেকেই ছিলেন পরিচিত নাম। লেভান্তের হয়ে গত মৌসুমে ছিলেন দুর্দান্ত, থিবো কোর্তোয়ার পর সবচেয়ে বেশি ম্যাচে গোলপোস্ট অক্ষত রেখেছিলেন। বিশ্বকাপে কোস্টারিকার কোয়ার্টার ফাইনাল অভিযানের অন্যতম সারথি ছিলেন, পুরো টুর্নামেন্টে গোল খেয়েছেন মাত্র দুটি। বিশ্বকাপের পরেই শোনা যাচ্ছিল, নাম লেখাতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদে। এখনো বিষয়টা আনুষ্ঠানিক হয়নি বটে, তবে ‘কোস্টারিকান বাজপাখি’র মাদ্রিদে আসাটা মনে হচ্ছে সময়ের ব্যাপার।
থিবো কোর্তোয়া অবশ্য ক্লাব ফুটবলে যেমন খেলেছেন, বিশ্বকাপে সেই সামর্থ্যের পুরোটা দেখাতে পারেননি। তবে বেলজিয়াম গোলরক্ষক যে এই সময়ের অন্যতম সেরা, সেটা নিয়ে সন্দেহ সামান্যই। গত তিন মৌসুম ধারে খেলেছেন অ্যাটলেটিকো মাদ্রিদে। হোসে মরিনহো জানিয়ে দিয়েছেন, চেলসি এবার ফিরিয়ে আনছে ২২ বছর বয়সী এই গোলরক্ষককে।
বিশ্বকাপ ভাগ্য খুলে দিয়েছে ডেভিড অসপিনারও।কলম্বিয়ার গোলরক্ষক গত ছয় বছর খেলেছেন ফ্রেঞ্চ ক্লাব নিসে। কলম্বিয়ার কোয়ার্টার ফাইনাল অভিযানের অন্যতম সারথিও ছিলেন।এবার ঠিকানা বদলে চলে এসেছেন ইংল্যান্ডে, আর্সেনাল চার বছরের চুক্তি করছে তাঁর সঙ্গে।
সেমিফাইনালে জার্মানির কাছে ৭ গোল খাওয়ার লজ্জার পর হুলিও সিজার বিশ্বকাপটা ভুলেই যেতে চাইবেন। তবে এর আগ পর্যন্ত ব্রাজিলিয়ান গোলরক্ষক ভালোই করছিলেন।গত মৌসুমে ধারে খেলেছেন মেজর সকার লিগের (এমএলএস) ক্লাব টরন্টো এফসিতে, বিশ্বকাপের পর আবার তাঁকে ফিরিয়ে এনেছে ইংলিশ ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্স।
আলজেরিয়ার এমবোলহির নামটা হয়তো একটু আড়ালে চলে গেছে। জার্মানির সঙ্গে আলজেরিয়ার দ্বিতীয় রাউন্ডের ম্যাচটা কারও মনে থাকলে এমবোলহি নামটা অনেক ঔজ্জ্বল্য নিয়েই ফিরে আসবে আপনার স্মৃতিতে। দল হেরে গেলেও সেই ম্যাচে অসাধারণ কিছু সেভ করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন এমবোলহি। ক্যারিয়ারটা বলতে গেলে যাযাবরের মতোই কেটেছে, পেশাদার ক্যারিয়ারে ক্লাব বদল করেছেন নয়বার! সিএসকেএ সোফিয়া থেকে এবার তাঁকে দলে এনেছে এমএলএসের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়ন। চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভোর কথাটাও বলতে হবে।আট বছর রিয়াল সোসিয়েদাদে খেলার পর ব্রাভো এবারই যোগ দিয়েছেন বার্সেলোনায়।
সবচেয়ে বড় কথা, দলবদলের সময় আরও বাকি। কে জানে, এর মধ্যে আরও কত চমক দেখা যাবে!
গিলের্মো ওচোয়া
অ্যাজাক্সিও থেকে
মালাগা
ডেভিড অসপিনা
নিস থেকে
আর্সেনাল
কেইলর নাভাস
লেভান্তে থেকে
রিয়াল মাদ্রিদ?
ক্লদিও ব্রাভো
সোসিয়েদাদ থেকে
বার্সেলোনা
রাইস এমবোলহি
সিএসকেএ সোফিয়া থেকে
ফিলাডেলফিয়া