নতুন প্রেমে ম্যারাডোনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আগের প্রেমিকা রোসিওর সঙ্গে সম্পর্কটা হয়তো শেষই হয়ে গেছে। দুবাই পুলিশের কাছে ডিয়েগো ম্যারাডোনা অভিযোগ করেছিলেন, রোসিও নাকি তাঁর বাড়ি থেকে কিছু মূল্যবান জিনিস চুরি করে পালিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে পরে পুলিশ আটকও করেছিল তাঁর বান্ধবীকে। এরপর সম্পর্ক টিকে থাকার কথা না। ম্যারাডোনার হৃদয়ও তাই আপাতত খালি।

কিন্তু তিনি যে ম্যারাডোনা! প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ঢুকে যাওয়াটা তাঁর জন্য যতটা সহজ ছিল ততটাই সহজ যেন নারী-হৃদয় জয় করাটাও। পুরোনো প্রেমের রেশটা শেষ হয়ে যাওয়ার আগেই তাই আবারও নতুন করে প্রেমে মজেছেন ছিয়াশি বিশ্বকাপের নায়ক। এবারের প্রেমিকা ইভা আমোদেও। বাতাসে জোর গুঞ্জন, সাংবাদিকতার ছাত্রী ২৫ বছর বয়সী এ তরুণীর সঙ্গে নাকি হৃদয় লেনাদেনা চলছে ম্যারাডোনার! আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর, সম্প্রতি বুয়েনস এইরেসের একটি নৈশক্লাবে নাকি ম্যারাডোনা-ইভাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। পরে ইভা আমোদেও তাঁর ইনস্টাগ্রামে দুজনের ছবিও দিয়েছেন। প্রেমের গুঞ্জনটা অবশ্য উড়িয়ে দিয়েছেন ইভা। বলেছেন, ম্যারাডোনা শুধুই তাঁর ভালো বন্ধু! ডেইলি মেইল।