নতুন বছরে ঘুরে দাঁড়াতে বললেন রোনালদো

একটা বছর গেল বটে!

মহামারি ও মৃত্যুর মিছিলে ছেয়ে যাওয়া শোকের বছর। আজকের সূর্যোদয় দিয়ে সবাই তা পেছনে ফেলেছে। বিপদ এখনো না কাটলেও ২০২০ সাল পেছনে ফেলার স্বস্তি ঝরেছে ক্রীড়াঙ্গনে সাবেক ও বর্তমান তারকাদের মুখে।

ক্রিস্টিয়ানো রোনালদোর টুইট, ‘২০২০ সাল সহজ বছর ছিল না, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কোভিড–১৯ ভাইরাসের ভোগান্তি থেকে কেউ রক্ষা পায়নি। কিন্তু এখন ঘুরে দাঁড়িয়ে দেখিয়ে দেওয়ার সময় আমরা পরিবর্তন আনতে পারি। নতুন বছরের শুভেচ্ছা।’

পাঁচ গ্র্যান্ডস্লামজয়ী সাবেক টেনিস তারকা মার্টিনা হিঙ্গিসের টুইট, ‘নতুন বছরের শুভেচ্ছা! ২০২১ সালে সবার সৌভাগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।’

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম একটি ভিডিও টুইট করেন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে, ‘ শুভ সকাল। আশা করি নতুন এই বছর গত বছরের চেয়ে ভালো হবে। পৃথিবীর আনাচকানাচে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমার পরিবারকেও নতুন বছরের শুভেচ্ছা।’

লিভারপুলের তারকা ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের টুইট, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি ২০২১ সালের নতুন বছরের সবার স্বপ্ন সত্যি হবে। আসুন, সবাই বেশি করে ভালোবাসি ও শান্তি স্থাপন করি পৃথিবীতে। আপনি ঠিক যে আচরণ পেতে চান সবার সঙ্গে সেই আচরণটাই করুন।’

স্পেনের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ইনিয়েস্তা তাঁর পরিবারকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন, ‘নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি।’

ভারতের ওপেনার শিখর ধাওয়ানের টুইট, ‘নিজেদের বিচার করা ও কৃতজ্ঞতা জানাতে শিখিয়েছে ২০২০। পরিবারের সঙ্গে যে সময় কাটাতে পেরেছি এবং ভালোবাসার খেলাটা খেলতে পেরে আমি কৃতজ্ঞ। ২০২১, এখন তোমার দায়িত্ব।’

ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএএস লক্ষ্মণের টুইট, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি নতুন বছর সবার সুস্বাস্থ্য, সৌভাগ্য ও সফলতা নিয়ে আসবে।’ টেনিস তারকা নোভাক জোকোভিচ একটি ভিডিও টুইট করেন।