সেই চেনাজানা দলটিতে নেই মামুনুল ইসলামসহ গতবারের বেশ কয়েকজন খেলোয়াড়, বদলে গেছেন কোচও। নতুন চেহারার এক দল নিয়েই আজ সিঙ্গাপুর যাচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গত দুবারের লিগ চ্যাম্পিয়নরা ২৩ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের টেমপাইনস রোভার্সের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু করবে এএফসি কাপের চূড়ান্ত পর্ব। গত বছর কিরগিজস্তানে বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মিলেছে এই পর্বের টিকিট।
নতুন দল গঠন নিয়ে নানা নাটকের পর অবশেষ এই সফরের জন্য ১৮ জন খেলোয়াড়কে নিল শেখ জামাল। তারা ধারে নিয়ে যাচ্ছে চট্টগ্রাম আবাহনীতে নাম লেখাতে যাওয়া ইয়ামিন মুন্না ও সোহেল রানাকে, শেখ রাসেল থেকে নিচ্ছে জামাল ভূঁইয়াকে। এ ছাড়া হিমেল, মোস্তাক, কেষ্ট, লিংকন, সোহেল, ইয়াছিন, তপু বর্মণদের সঙ্গী হচ্ছেন দলে নতুন আসা এনামুল, জাহেদ পারভেজ ও গতবার বিজেএমসিতে খেলা ডিফেন্ডার রাকিন।
পুরোনো তিন বিদেশি খেলোয়াড় ওয়েডসন, এমেকা ও ল্যান্ডিং তো আছেনই। এশিয়ান কোটায় নেওয়া হচ্ছে ভিয়েতনামের পাসপোর্টধারী আফ্রিকান নাগেন বেনকে। পছন্দ হওয়ায় সুইডেনপ্রবাসী মিডফিল্ডার যোসেফ নূরও জায়গা পেয়েছেন দলে। ফিরে গেছেন রিয়াসাত ইসলামসহ অন্য প্রবাসীরা।
গতকালই প্রথম ১৮ জন খেলোয়াড়কে একসঙ্গে পেয়েছেন শফিকুল ইসলাম মানিক। নিজের পরিকল্পনা অনুযায়ী দলটাকে তৈরি করতে না পেরে খুব জোর দিয়ে জয়ের কথা বলতে পারছেন না নতুন কোচ, ‘আমরা অবশ্যই শেখ জামালের মর্যাদা সমুন্নত রেখেই খেলতে চাই। ভালো একটা ফলই নিয়ে ফিরে আসব আশা করি।’
সিঙ্গাপুরে দলটি স্থানীয় এস-লিগে গতবারের রানার্সআপ। তিনবার সিঙ্গাপুর সুপার কাপ ও সাতবার সিঙ্গাপুরের জাতীয় লিগে চ্যাম্পিয়ন টেমপাইনস সে দেশের সবচেয়ে ধনী ক্লাবও। কানাডা, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় আছে দলটিতে। এই দলের বিপক্ষে শেখ জামালের বাড়তি প্রেরণা হতে পারে নেপালে সাফাল পোখরা গোল্ড কাপ ও ভুটানের কিংস কাপ জয়, কিংবা কলকাতার আইএফএ শিল্ডে দারুণ খেলে রানার্সআপ হওয়ার স্মৃতিটাও।