নতুন মৌসুম, পুরোনো রোনালদো

কে বলবে, সর্বশেষ চারটি ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো মাঠেই নামেননি! দেখে বোঝার উপায় আছে?
স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে রেফারিকে ধাক্কা দিয়ে দেখেছেন লাল কার্ড, নিষিদ্ধ হয়েছেন পাঁচ ম্যাচ। স্প্যানিশ টুর্নামেন্টগুলোয় কার্যকর সেই নিষেধাজ্ঞার এখনো এক ম্যাচ বাকি। কিন্তু চ্যাম্পিয়নস লিগে তো আর নিষেধাজ্ঞাটা খাটে না। রোনালদো তাই পরশু ফিরলেন রিয়ালের একাদশে। এবং ফিরলেন জোড়া গোল করে। নিজেদের মাঠে আপোয়েল নিকোশিয়াকে ৩-০ গোলে হারিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু হলো চ্যাম্পিয়ন রিয়ালের।
‘তেরোর পথে যাত্রা’—ম্যাচের আগে গ্যালারিতে রিয়ালের একনিষ্ঠ সমর্থকগোষ্ঠী ‘আলট্রাসে’র অংশে ব্যানারের ভাষা ছিল সেটি। টানা দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়ালের এবার স্বপ্ন হ্যাটট্রিক শিরোপা, যেটি হবে ক্লাব ইতিহাসের ১৩তম। সে স্বপ্নের পথে পরশু আলো ছড়ালেন রিয়ালের স্বপ্নসারথি রোনালদোই!
চার ম্যাচ মাঠের বাইরে ছিলেন, গোলের জন্য নিশ্চয়ই হাত (পড়ুন পা) নিশপিশ করছিল তাঁর। গোল পেয়ে গেলেন ১২ মিনিটেই। প্রথম ১০ মিনিটে আপোয়েল দুটি দারুণ আক্রমণ করেছিল, কিন্তু সাইপ্রাসের দলটির সব উত্তেজনায় জল ঢেলে দিলেন রোনালদো। বাঁ দিক থেকে গ্যারেথ বেলের নিচু ক্রস জড়িয়ে দিলেন জালে। অবশ্য গোল যে রোনালদো পাবেন, তা নিয়ে অনিশ্চয়তাও কি খুব বেশি ছিল? এর আগের পাঁচ মৌসুমেই চ্যাম্পিয়নস লিগে রিয়ালের প্রথম ম্যাচে গোল পেয়েছিলেন। প্রথম ম্যাচে কী, আগের পাঁচ মৌসুমে রিয়ালের প্রথম গোলই এসেছিল তাঁর পায়ে। পরশুও ব্যতিক্রম হলো না।
আগের দিন বার্সেলোনার হয়ে জুভেন্টাসের বিপক্ষে লিওনেল মেসি জোড়া গোল করেছেন, রোনালদো তাঁকে টক্কর দিলেন। ৫১ মিনিটে পেনাল্টি থেকে করলেন দ্বিতীয় গোল। যেটি চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার টুর্নামেন্টে ১০৭তম গোল। তার ১০ মিনিট পর বাইসাইকেল কিকে রিয়ালের শেষ গোলটি করেছেন অধিনায়ক সার্জিও রামোস।
তবে প্রিয় শিষ্যের এই দুর্দান্ত রাতেও রিয়াল কোচ জিনেদিন জিদানের একটু আফসোস থেকে গেছে। রোনালদোর যে আরও অন্তত দুটি গোল পাওয়ার ছিল! একবার তাঁর শট বারে লেগে মাটিতে পড়লেও গোললাইন পেরোয়নি, একটা পেনাল্টির আবেদন নাকচ করে দিয়েছেন রেফারি। জিদান তাই ম্যাচ শেষে বলেছেন, ‘ভাগ্য আরেকটু সঙ্গ দিলে ও আজ চারটি গোল করতে পারত। ও বিশ্বের সেরা। আমরা জানতাম ও গোল করবে।’ রামোসও সুর মিলিয়েছেন কোচের সঙ্গে, ‘ক্রিস্টিয়ানোর পায়ে অনেক গোল আছে। এটা আমরা টের পাই। আশা করি, ও ফর্মে থাকবে। ও প্রতিবছর যে মানে নিজেকে নিয়ে যায়, সেটি নিয়ে তো আর সংশয় নেই!’
এই ৩২ বছর বয়সেও যেভাবে তারুণ্যের উদ্যমে গোল করে যাচ্ছেন, তাতে সংশয়ের কোনো জায়গা রেখেছেন রোনালদো! এএফপি।
রোনালদো-নামা
চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে সর্বোচ্চ ৩০ বার ম্যাচে জোড়া গোল
ম্যাচে দুই বা তার বেশি গোল
৩০ ক্রিস্টিয়ানো রোনালদো
২৭ লিওনেল মেসি
১৪ রাউল
১২ ফিলিপো ইনজাগি
রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়নস লিগে ৮৯ ম্যাচে ৯২ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩১টি।
চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে সবচেয়ে বেশি গোল (৫৫টি)। এখানেও ছাড়িয়ে গেছেন মেসিকে (৫৪)।