নতুন যুগের শুরু দেখছেন এনরিকে

তারিখটা একই। ১৭ মে। বদলায়নি প্রতিপক্ষ দুই দলের নামও। বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। মঞ্চটা বদলেছে যদিও। আর বদলে গেছে নাটকের শেষটাও। গত বছর ওই দিনটায় বার্সেলোনার মাঠে এসে ১-১ ড্র করে লা লিগার শিরোপা জিতে নিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এবার সেই একই দিনে অ্যাটলেটিকোর মাঠে গিয়ে ১-০ গোলের জয়ে সেই শিরোপা পুনরুদ্ধার করল বার্সেলোনা। গত ১১ বছরে বার্সেলোনার এটা সপ্তম লিগ শিরোপা। পরশু রাতের একমাত্র গোলটাও গত এক দশকে বার্সেলোনার সাফল্যের সবচেয়ে বড় নায়ক লিওনেল মেসির।
৬৫ মিনিটে বক্সের ভেতর জটলায় সামান্য জায়গাতেই পেদ্রোর সঙ্গে ওয়ান-টু খেলে দারুণ ফিনিশিং। যে গোল অ্যাটলেটিকোর চেয়ে বেশি কপাল পোড়ায় রিয়াল মাদ্রিদের। প্রায় সাড়ে তিন শ মাইল দূরে কর্নেলা-এল-পার্তে রিয়াল তখন খেলছে এসপানিওলের বিপক্ষে। অ্যাটলেটিকোর কাছে বার্সেলোনার হার কিংবা ড্র-ই পারত রিয়ালের শিরোপার আশা বাঁচিয়ে রাখতে। মেসি সেটা হতে দিলেন না। রোনালদোর হ্যাটট্রিকে এসপানিওলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েও তাই হতাশাই সঙ্গী হলো রিয়ালের। নিশ্চিত হয়ে গেল, কোনো ট্রফি ছাড়াই শেষ হচ্ছে এই মৌসুম। যে যন্ত্রণায় গতবার পুড়েছিল বার্সা।
আগের মৌসুমে শিরোপাহীন সেই বার্সেলোনাকে আবার উৎসবের উপলক্ষ এনে দেওয়া কোচ লুইস এনরিকে কিন্তু ঠিক করে রেখেছেন আরও বড় লক্ষ্য, ‘১০ মাস আগে শিরোপাহীন একটা মৌসুম থেকে যখন শুরু করেছিলাম, আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ ছিল। জানতাম যে, এই মৌসুমটা পালাবদলের সময় হিসাবে যাবে, তবু সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন আমাদের আরও দুটো শিরোপার জন্য লড়তে হবে।’ সেই দুটির একটি ৩০ মে, কোপা ডেল রের ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। ৬ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাস। বার্সার হয়ে প্রথম মৌসুমেই ট্রেবল জিতেছিলেন পেপ গার্দিওলা। এনরিকের সামনে এখন সেই কীর্তির পুনরাবৃত্তির হাতছানি!
অথচ কয়েক মাস আগেও এটা ভাবা কঠিন ছিল। দুর্দান্ত ফর্মে থেকে গত বছরটা শেষ করেছিল রিয়াল মাদ্রিদ। লিগের শীর্ষস্থানও ছিল তাদের দখলে। বার্সেলোনার তো বছরের শুরুটাও হয়েছিল খুব বাজে। বছরের প্রথম ম্যাচেই রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলের হার। মেসি-নেইমারকে ওই ম্যাচে বেঞ্চে বসিয়ে রেখে প্রচণ্ড সমালোচিত হলেন লুইস এনরিকে। সেদিনই বার্সার সাবেক ক্রীড়া পরিচালক আন্দোনি জুবিজারেতা বরখাস্ত হলেন, পদত্যাগ করলেন তাঁর সহকারী কার্লোস পুয়োল। মেসির সঙ্গে কথিত দ্বন্দ্বে জড়িয়ে এনরিকে চাকরিও যায় যায় অবস্থা। সেই বার্সেলোনা বাজে সময়টা পেছনে ফেলে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটি বোঝাতে কেবল একটা পরিসংখ্যানই যথেষ্ট। সোসিয়েদাদের সঙ্গে ওই ম্যাচের পর সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২টি ম্যাচ খেলেছে এনরিকের দল, জিতেছে ২৯টিতে! একটি ড্র, দুটি হার। ওই হারটাই যে বার্সেলোনাকে তাতিয়ে দিয়েছিল, কয়েক দিন আগে সেটিও বলেছেন লিওনেল মেসিও, ‘সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটার পর সবকিছু বদলে গেল। আমাদের শরীরী ভাষা, মাঠের খেলাটাও।’
যথারীতি সেই বদলে যাওয়া বার্সেলোনার সবচেয়ে বড় বিজ্ঞাপনও মেসিই। মৌসুমে ৫৪ গোল, ৩০টি অ্যাসিস্ট। তাঁকে যোগ্য সংগত করেছেন নেইমার। সব ধরনের প্রতিযোগিতায় তাঁর ৩৭ গোল। স্যামুয়েল ইতো, রোনালদিনহো, থিয়েরি অঁরি কিংবা রিভালদোও পারেননি বার্সার হয়ে এক মৌসুমে এত গোল করতে! সঙ্গে সুয়ারেজ যোগ হয়ে প্রতিপক্ষের জন্য আতঙ্কের প্রতিশব্দে পরিণত বার্সার এই ‘ত্রিফলা’। লিগ জয়ে সবচেয়ে বড় ভূমিকাও তাঁদের।
সেই আনন্দে ভাসত ভাসতে কোচ এনরিকের চোখে খেলা করে যাচ্ছে স্বপ্ন, ‘আশা করছি, এটা নতুন যুগের সূচনা হতে পারে।’ এএফপি, রয়টার্স।
গত ১০ বছরের চ্যাম্পিয়নরা
২০১৪-১৫ বার্সেলোনা
২০১৩-১৪ অ্যাটলেটিকো মাদ্রিদ
২০১২-১৩ বার্সেলোনা
২০১১-১২ রিয়াল মাদ্রিদ
২০১০-১১ বার্সেলোনা
২০০৯-১০ বার্সেলোনা
২০০৮-০৯ বার্সেলোনা
২০০৭-০৮ রিয়াল মাদ্রিদ
২০০৬-০৭ রিয়াল মাদ্রিদ
২০০৫-০৬ বার্সেলোনা
লিগ শিরোপা কার কতটি
৩২ রিয়াল মাদ্রিদ
২৩ বার্সেলোনা
১০ অ্যাটলেটিকো মাদ্রিদ
৮ অ্যাথলেটিক বিলবাও
৬ ভ্যালেন্সিয়া
২ রিয়াল সোসিয়েদাদ
১ দেপোর্তিভো, সেভিয়া, বেটিস